
India vs Zimbabwe T20 squad 2026: আসন্ন জিম্বাবোয়ে সফরের জন্য ১৫ সদস্যের ভারতীয় টি২০ দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। চলতি জুলাই মাসেই জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে নামবে মেন ইন ব্লু। এই সিরিজে ভারতীয় দলের নেতৃত্বের ব্যাটন থাকছে শ্রেয়স আয়ারের হাতেই। অন্যদিকে, দলের সহ-অধিনায়কের দায়িত্ব সামলাবেন তরুণ বাঁ-হাতি ব্যাটার তিলক বর্মা।
এবারের স্কোয়াডের সবচেয়ে বড় চমক হল বেশ কিছু তরুণ ঘরোয়া ক্রিকেটারের জাতীয় দলে সুযোগ। আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করার পুরস্কার পেলেন প্রভসিমরন সিং, অশোক শর্মা এবং যশ ঠাকুর। এই তিন ক্রিকেটার প্রথমবারের মতো জাতীয় দলের নীল জার্সি গায়ে চাপানোর সুযোগ পেলেন। পাশাপাশি অলরাউন্ডার হর্ষ দুবেও ডাক পেয়েছেন টি২০ স্কোয়াডে, যিনি এর আগে ভারতের হয়ে ওয়ানডে খেললেও T20 ফরম্যাটে এই প্রথম সুযোগ পেলেন।
রিঙ্কুর প্রত্যাবর্তন, বাদ পড়লেন স্যামসন
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফর থেকে বাদ পড়ার পর, জিম্বাবোয়ে সফরে ফের জাতীয় দলে প্রত্যাবর্তন হল রিঙ্কু সিংয়ের। টি২০ বিশ্বকাপে শেষবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটের ম্যাচে দেখা গিয়েছিল তাঁকে। তবে এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। জিম্বাবোয়ে সফরে উইকেটকিপিংয়ের মূল দায়িত্বে থাকবেন ইশান কিশান এবং নতুন মুখ প্রভসিমরন সিং। গতিশীল বোলার মায়ঙ্ক যাদবও চোট সারিয়ে দীর্ঘদিন পর ফিরেছেন পেস অ্যাটাককে শক্তিশালী করতে।
এক নজরে ভারতের ১৫ সদস্যের স্কোয়াড:
শ্রেয়স আয়ার (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, তিলক বর্মা (সহ-অধিনায়ক), ইশান কিশান (উইকেটকিপার), শিবম দুবে, সূর্যংশ শেডগে, রিঙ্কু সিং, হর্ষ দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব, যশ ঠাকুর, অশোক শর্মা, ময়ঙ্ক যাদব এবং প্রভসিমরন সিং (উইকেটকিপার)।
জিম্বাবোয়ে সফরের শিডিউল
ভারতের এই জিম্বাবোয়ে সফরের তিনটি ম্যাচই খেলা হবে হারারে স্পোর্টস ক্লাবের মাঠে। সূচি অনুযায়ী, প্রথম টি২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ জুলাই। এর পর ২৫ এবং ২৬ জুলাই যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় টি২০ ম্যাচ খেলা হবে। ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ম্যাচগুলি শুরু হওয়ার কথা রয়েছে।
অন্য দিকে, জিম্বাবোয়ে সফরের দল ঘোষণার পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী ১৪ জুলাই থেকে শুরু হতে চলা ওয়ানডে সিরিজের দলেও একটি বড় পরিবর্তন করা হয়েছে। চোটের কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। তাঁর পরিবর্ত হিসেবে ওয়ানডে স্কোয়াডে ডেকে নেওয়া হয়েছে হার্ড-হিটার শিবম দুবেকে।