
ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থতা। মাত্র ২০৯ রানেই শেষ হয়ে গিয়েছিল ভারতের ইনিংস। কিন্তু সেই রান নিয়েই নিউজিল্যান্ডের বিরুদ্ধে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। ভারতীয় বোলারদের দাপটে ১৮৭ রানেই শেষ হয়ে গেল কিউয়িদের ইনিংস। ২২ রানে পঞ্চম তথা শেষ ওয়ানডে জিতে পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে নিজেদের পকেটে পুরল ভারত। মাউন্ট মাউনগানুইয়ের বে ওভালে এই জয়ের পিছনে বড় অবদান অর্শদীপ সিং, মহম্মদ সিরাজদের। ব্যাট হাতে অক্ষর প্যাটেল ও ঈশান কিষাণের ৪৬ রানের ইনিংসও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ইন্ডিয়ার এই জয়ে।
রবিবার টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। শুরু থেকেই ভারতীয় ব্যাটিংয়ে ধস নামে। রোহিত শর্মা মাত্র ৭ রান করে ম্যাথিউ ফিশারের বলে আউট হন। একই বোলারের শিকার হন বিরাট কোহলিও। তাঁর সংগ্রহ মাত্র ৫ রান। অন্যদিকে জ্যাকব ডাফির বলে ১৮ রান করে ফেরেন ঋতুরাজ গায়কোয়াড়। মাত্র ৩৪ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।
এরপর শ্রেয়স আইয়ার ২২ রান করে কিছুটা লড়াই করার চেষ্টা করেন। কিন্তু ব্লেয়ার টিকনারের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। অক্ষর প্যাটেল ও ঈশান কিষাণ দলের হাল ধরার চেষ্টা করেন। দু'জনেই ৪৬ রান করে আউট হন। অক্ষর ৫৫ বলে পাঁচটি চার ও একটি ছয় মেরে সেই রান তোলেন। অন্যদিকে ঈশান ৫৮ বলে তিনটি চার ও দুটি ছক্কা মারেন। তাঁদের পর নামান ধীর করেন ২২ রান। তবে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ভারত।
শেষ দিকে মহম্মদ সিরাজ ১৪ রানে অপরাজিত থাকেন। অর্শদীপ সিংও ৪ বলে ১৪ রান করেন। তাঁর ইনিংসে ছিল দুটি ছক্কা। তাতেই ৪২.১ ওভারে ২০৯ রানে শেষ হয় ভারতের ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে মিচেল স্যান্টনার ও জ্যাকব ডাফি তিনটি করে উইকেট নেন। ম্যাথিউ ফিশার পান দুটি উইকেট।
২০৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে উইল ইয়ং ও টিম সাইফার্ট কিছুটা সাবধানে খেলেন। তবে ১৪ রান করে সিরাজের বলে আউট হন সাইফার্ট। এরপর অর্শদীপের বলে ২২ রান করে ফেরেন উইল ইয়ং। নিক কেলি ২৪ রান করেন। তাঁকেও ফেরান অর্শদীপ। অন্যদিকে ফিন অ্যালেনকে ১ রানে বোল্ড করে নিউজিল্যান্ডের উপর চাপ বাড়ান সিরাজ।
এরপর ডিন ফক্সক্রফট ও মাইকেল ব্রেসওয়েল কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। ফক্সক্রফট ৪২ বলে ৩১ রান করেন। ব্রেসওয়েল করেন ৩৩ বলে ১৯ রান। তাঁদের ফেরান যথাক্রমে যশ ঠাকুর ও অকিব নবি। অভিষেক ম্যাচে উইকেট নিয়ে নজর কাড়েন যশ ঠাকুর। অধিনায়ক মিচেল স্যান্টনার ৩১ বলে ২৪ রান করলেও তাঁকে ফেরান নামান ধীর। এরপর অর্শদীপের বলে আউট হন ক্রিস্টিয়ান ক্লার্ক।
শেষ দিকে নিউজিল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ৪৮.১ ওভারে ১৮৭ রানে। ভারতের হয়ে অর্শদীপ সিং ১০ ওভারে ৩০ রান দিয়ে তিনটি উইকেট নেন। মহম্মদ সিরাজ নেন দুটি উইকেট। অক্ষপ প্যাটেলের ঝুলিতেও আসে ২ শিকার। অকিব নবি, যশ ঠাকুর ও নামান ধীর একটি করে উইকেট পান। ফলে মাত্র ২০৯ রান করেও ২২ রানে ম্যাচ জিতে নেয় ভারত।
এই জয়ের সঙ্গে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিল ভারত। সিরিজের প্রথম দুটি ম্যাচে জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। তৃতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। চতুর্থ ম্যাচে ২৪৪ রানের বড় ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড। শেষ ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে সিরিজ নিজেদের করে নিলেন শ্রেয়স আইয়াররা।