
ধারে-ভারে অ্য়াডভান্টেজ নিয়েই কিউয়িদের বিরুদ্ধে আজ মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচের প্রথম দুটিতেই যেভাবে শ্রেয়সরা জয় পেয়েছিল, তাতে আজকের ম্যাচে অত্যাশ্চর্য কিছু না হলে নিউজিল্যান্ডের পক্ষে জেতা ছিল দুঃসাধ্য। এক উপায় ছিল ভারতীয় ব্যাটিং লাইনআপে ধস, অথবা নিউজিল্য়ান্ডের তরফে বড় রানের টার্গেট ছুঁড়ে দেওয়া। কিন্তু কার্যক্ষেত্রে কিছুই করতে পারল না কিউইরা। ফলে ওয়েলিংটনে হাসতে হাসতে ম্যাচ জিতে নিয়ে T20 সিরিজ পকেটে পুরলেন শ্রেয়স।
খেলার বিবরণ
এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। এই তরুণ তুর্কি মেন ইন ব্লুকে টার্গেট দিতে হলে যেখানে ২৫০-ও কম পড়ে, সেখানে স্কোরবোর্ডে ১৯৮ রান তোলে কিউয়িরা। ৫২ বলে ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলেন ড্যারেল মিচেল। ফিন অ্যালন করেন ৪০ ও বেভন জ্যাকবস করেন ৩৯।
অন্যদিকে, এদিন চার চার ওভার বোলিং করেও কোনও উইকেট পাননি ভুবনেশ্বর কুমার ও প্রিন্স যাদব। ১টি করে উইকেট নেন অর্শদীপ সিং, অক্ষর প্যাটেল এবং নীতিশ কুমার রেড্ডি।
সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নেমেই যেন ব্যাট হাতে ঘূর্ণিঝড় তোলেন বৈভব ও অভিষেক। ১৯ বলে ৪৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন বৈভব। অন্যদিকে, ৩৮ বলে ১১৩ রান হাঁকেন অভিষেক শর্মা। তাঁর ইনিংস সাজানো ৯টি চার ও ১১টি ছক্কায়। স্ট্রাইক রেট ২৯৭.৩৭!
ওপেনারদের দাপটেই ম্যাচ প্রায় জিতে গিয়েছিল টিম ইন্ডিয়া। তবে শেষের দিকে পরপর ২টি উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৩.২ ওভারেই জেতার জন্য ১৯৯ রান তুলে নেয় মেন ইন ব্লু। ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া।
স্বাভাবিক ভাবেই প্লেয়ার অফ দ্য ম্যাচ হন অভিষেক শর্মা। ম্যাচ সেরার পুরষ্কার জিতে অভিষেক বলেন, "আমার মনে হয় আসল বিষয়টা খুব সহজ। আমি আর বৈভব ম্যাচ চলাকালীন শুধু খেলা উপভোগ করতে চেয়েছি। পরিকল্পনা ছিল শুরুতেই টিমকে এগিয়ে দেওয়া। আমি বলব, এর পেছনে রয়েছে অনেক প্রস্তুতি। গতকাল আমাদের অনুশীলন দুর্দান্ত ভাবে হয়েছে। আমি সেটা এই ম্যাচে কাজে লাগাতে চেয়েছিলাম।"