
India U19 Asia Cup: শেষ মুহূর্ত পর্যন্ত টানটান লড়াই। কিন্তু কখনও হার না মানার নামই ভারত। ওমানের আল-আমিরাতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে তারই প্রমাণ দিলেন ভারতের তরুণ ক্রিকেটাররা। পাকিস্তানের ৩৩৮ রানের টার্গেট চেজ করতে নেমে এক সময়ে কার্যত হার প্রায় নিশ্চিতই হয়ে গিয়েছিল ভারতের। কিন্তু শেষ পর্যন্ত অবিশ্বাস্য প্রত্যাবর্তন। শেষ বলে চার মেরে এক উইকেটে টিমকে জেতালেন মোহিত উলভার। পাকিস্তানের বিরুদ্ধে এই জয়ের ফলে এই নিয়ে নবমবার এশিয়া কাপ ঘরে তুলল ভারত।
ম্যাচের শুরু থেকে অবশ্য পুরো বিষয়টা এত সহজ ছিল না। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। উসমান খানের শতরান এবং আবদুল কাদিরের ৮০ রান। ৯ উইকেট হারিয়ে ৩৩৭ রান করে পাকিস্তান। অধিনায়ক ফারহান ইউসুফও ৬৩ রান করেন। ভারতের হয়ে কাব্য পটেল চারটি এবং চিগুরুপতি বেঙ্কট তিনটি উইকেট নেন।
ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছিল ভারত। আর্যবীরের ৫৮ এবং লক্ষ্য রায়চন্দানির ৮০ রানের ইনিংসে জয়ের স্বপ্ন দেখছিল দল। কিন্তু লক্ষ্য ফেরার পর ছবিটা দ্রুত বদলে যায়। একের পর এক উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে যায় ভারত। ২৫২ রানে আট নম্বর উইকেট পড়তেই জয়ের আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন সমর্থকরা। তখনও ৮৬ রান দরকার।
সেখান থেকেই শুরু হয় আসল নাটক। মানাল চৌহান এবং মোহিত উলভার পাকিস্তানের বোলারদের উপর পাল্টা আক্রমণ শুরু করেন। মাত্র ৩২ বলে ৪৭ রান করেন মানাল। তিনটি চার ও তিনটি ছয়। তবে তাঁর বিদায়ের পরেও বিপদ কাটেনি। তখনও ভারতের জিততে ৩০ রান প্রয়োজন।
শেষ মুহূর্তে ভরসা হয়ে দাঁড়ান মোহিত এবং বেঙ্কট। ২৬ বলে ৪৯ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন মোহিত। অন্য দিকে ১১ রান তোলেন বেঙ্কট। শেষ বলে চার আসতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে ভারতীয় শিবির।
উল্লেখ্য, গ্রুপ পর্বে এই পাকিস্তানের কাছেই হারতে হয়েছিল ভারতকে। ফাইনালের মঞ্চে সেই হারেরই জবাব দিলেন তরুণরা।