
চার বছরের অপেক্ষার পর অবশেষে জাতীয় দলে কামব্যাক হয়েছে পেসার ভুবনেশ্বর কুমারের। তবে শুধু একটি নয়, ভুবির ফ্যানেদের জন্য জোড়া সুখবর রয়েছে। নিউজিল্যান্ড সফরের টিমে জায়গা পাওয়ার পাশাপাশি, হংকং সিক্সেসে পাঠানো ভারতীয় স্কোয়াডেও নাম রয়েছে ভুবনেশ্বর কুমারের। শুধু তাই নয়, হংকং সিক্সেসে ভারতীয় দলের অধিনায়ক হলেন ভুবনেশ্বর কুমারই। ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত টিন কোয়াং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে এই খেলা হবে।
এবছর হংকং সিক্সেসে খেলতে যাচ্ছে মোট ১২টি টিম। এরমধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, আফগানিস্তানের মতো টিমও। গ্রুপ স্টেজে C গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। এই একই গ্রুপে রয়েছে UAE-ও।
ভারতীয় টিমের ব্যাটন এই সফরে থাকবে ভুবনেশ্বর কুমারের কাঁধেই। তবে ক্যাপ্টেন্সি সামলানো ভুবির জন্য মোটেই নতুন কিছু নয়। এর আগে ঘরোয়া ক্রিকেটে উত্তরপ্রদেশ ও IPL-এ সানরাইজার্স হায়দরাবাদের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে এই ফার্স্ট বোলারের।
এছাড়াও, এই ভারতীয় স্কোয়াডে রয়েছে ক্রুণাল পান্ডিয়ার মতো তারকা থেকে শুরু করে নীতিশ রানা, শশাঙ্ক সিং, টি নটরাজন, রাহুল ত্রিপাঠী ও রাহুল তেওয়াটিয়ার মতো IPL স্টারেরা।
বিশেষ বিষয় হল, এই বছর হংকং সিক্সেসে ভারতীয় টিমে থাকা ৭ জনই অ্যাক্টিভ প্লেয়ার। এমনকি এরা কেউই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি। ২০২৬ IPL-এও এরা সাতজনই খেলেছেন, আবার ৩ জন ফাইনালেও খেলেছেন। ফলে হংকং সিক্সেসে ভারতীয় টিম যে প্রতিপক্ষের বুকে কাঁপুনি ধরাবে তা বলাই বাহুল্য।