
আজ ICC T20 World Cup-এর মেগা সেমিফাইনাল। একে অপরের বিরুদ্ধে নামছে ভারত এবং ইংল্যান্ড। আর এই ম্যাচে ভারতীয় দল কেমন হবে, তাতে কোনও পরিবর্তন হবে কি না, এই নিয়ে চর্চা রয়েছে তুঙ্গে।
মাথায় রাখতে হবে, ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সেরার সেরা একটা ইনিংস খেলেছেন সঞ্জু স্যামসন। তাঁর ৯৭ রানের ইনিংসের উপর ভর করেই সেমিফাইনালের মুখ দেখেছে ভারত। যদিও সেই ম্যাচে আবার ব্যর্থ হন অভিষেক শর্মা। তিনি ১১ বলে ১০ রান করেন। এরপর নামেন ফর্মে থাকা ঈশান কিষান। তিনিও মাত্র ১০ রান করে আউট হয়ে যান। আর স্কোর বোর্ডে তখন মাত্র ৪২। কিন্তু তারপরও নিজের খেলা চালিয়ে যান সঞ্জু। তাতেই জয় পায় ভারত।
মাথায় রাখতে হবে যে সঞ্জু স্যামসন এই টুর্নামেন্টে প্রথম থেকে খেলছিলেন না। তিনি অভিষেক না খেলার জন্য নামিবিয়া ম্যাচে জায়গা পেয়েছিলেন। তারপর তিনি আবার সুপার ৮-এ দলে জায়গা করে নেন। আর দলে সঞ্জুর এন্ট্রির পরই ঈশানকে ৩ নামান হয়। সঞ্জু এবং অভিষেক ওপেন করতে থাকেন।
যদিও অভিষেকের ফর্ম এখন খুব একটা ভাল নেই। এই টুর্নামেন্টে তিনি জিম্বাবোয়ের বিরুদ্ধেই একটু ভাল খেলেছেন। সেই ম্যাচে করেছেন ৫৫ রান। তবে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আবার ছন্দপতন।
আর এমন পরিস্থিতিতেই প্রশ্ন উঠছে যে ভারতীয় দলে কি আজ কোনও পরিবর্তন হতে চলেছে? আর দলের প্রসঙ্গে মুখ খুলেছেন ভারতের প্রাক্তন কোচ এবং বিশিষ্ট ক্রিকেটার রবি শাস্ত্রী। তিনি মনে করেন, আজ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে বর্তমান ফর্মের কথা মাথায় রেখেই দলে বদল করা উচিত।
তিনি মনে করেন, যদি টিম ম্যানেজমেন্টের মনে হয় যে অভিষেক শর্মা মানসিকভাবে প্রস্তুত নয়, পরপর কম স্কোর তাঁর আত্মবিশ্বাসে আঘাত এনেছে, তাহলে একটা জরুরি সিদ্ধান্ত নিয়ে নিতেই হবে।
এমন পরিস্থিতিতে তাঁর ব্যাটিং, বডি ল্যাঙ্গুয়েজ এবং নেটে তাঁর সঙ্গে কথাবার্তা বলেই সিদ্ধান্ত নিতে হবে। মাথায় রাখতে হবে যে এই টুর্নামেন্টে ৬ ইনিংসে মাত্র ৮০ রান করেছেন অভিষেক। তাঁর এভারেজ ১৩.১৩। আর স্ট্রাইক রেট ১৩১.১৫। তাই অভিষেকের ফর্ম নিয়ে অবশ্যই প্রশ্ন উঠবে।
ফিনিশ করবে রিঙ্কু?
শাস্ত্রী মনে করেন, ঈশানের উচিত ইনিংস শুরু করা। সঞ্জুর সঙ্গে ঈশানের ওপেন করা উচিত। রিঙ্কুকে আবার খেলান উচিত টিমে।
বড় সিদ্ধান্ত কি নেওয়া হবে?
বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতিতে টিম ম্যানেজমেন্টকে বড় কোনও সিদ্ধান্ত নিতে হবে। তাদের দেখতে হবে বর্তমান ফর্ম নাকি পুরনো রেকর্ড, কার উপর নির্ভর করে টিমে দেওয়া হবে জায়গা।
ভারতের সম্ভাব্য একাদশ
ঈশান কিষান, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডেয়া, রিঙ্কু সিং বা অভিষেক শর্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং।