Advertisement

Vaibhav Sooryavanshi : ৫২ বলে ২০০! বিস্ময়ের আরেক নাম বৈভব, আবার বিশ্বরেকর্ড

কিন্তু সেঞ্চুরিতেই থেমে থাকেননি বৈভব। মাত্র ৪০ বলেই ১৫০ রানের গণ্ডি পেরিয়ে যান। এরপর ৫২ বলেই পূর্ণ করেন দ্বিশতরান। ৫০ ওভারের লিস্ট এ ক্রিকেটে এর আগে এত কম বলে ডাবল সেঞ্চুরি হয়নি।

বৈভব সূর্যবংশী বৈভব সূর্যবংশী
Aajtak Bangla
  • দিল্লি,
  • 24 Nov 2026,
  • अपडेटेड 5:32 PM IST
  • শুধু ব্যক্তিগত রেকর্ড নয়, দল হিসেবেও ইতিহাস গড়ে ভারত এ
  • মাত্র ৫ ওভারেই ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় তারা

সংযুক্ত আরব আমিরশাহির (UAE) বিরুদ্ধে এসিসি মেনস এশিয়া কাপ রাইজিং স্টার্স ২০২৬-এর ম্যাচে কার্যত একা হাতে রান তাড়া করলেন বৈভব সূর্যবংশী। মাত্র ২৮ বলে সেঞ্চুরি, ৪০ বলে দেড়শো এবং ৫২ বলেই  ডাবল সেঞ্চুরি। শেষ পর্যন্ত ২০৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন বৈভব। লিস্ট এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি ও দ্বিশতরানের নজির গড়ার পাশাপাশি ছক্কা মারার ক্ষেত্রেও নতুন রেকর্ড তৈরি করলেন তিনি।

মঙ্গলবার দোহায় গ্রুপ বি-র ম্যাচে প্রথমে ব্যাট করে ২৪৯/৮ রান তুলেছিল সংযুক্ত আরব আমিরশাহি। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন বৈভব। ওপেনিংয়ে তাঁর সঙ্গী ছিলেন অভিষেক শর্মা। ইনিংসের প্রথম ওভারেই জাহিদ আলির বলে পরপর তিনটি ছক্কা হাঁকিয়ে নিজের অভিপ্রায় স্পষ্ট করে দেন বাঁহাতি ব্যাটার।

ভারতের রান তখন কার্যত ঝড়ের গতিতে এগোতে থাকে। মাত্র ৩.৩ ওভারে ৬৮ রান তুলে ফেলে ভারত এ। অভিষেক শর্মা ৫ বলে ১২ রান করে ফিরে গেলেও বৈভবের আগ্রাসনে কোনও প্রভাব পড়েনি। মাত্র ১৬ বলেই নিজের অর্ধশতরান পূর্ণ করেন তিনি। এরপর আরও বিধ্বংসী হয়ে ওঠে তাঁর ব্যাট। মাত্র ২৮ বলে শতরান করে লিস্ট এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন তরুণ ওপেনার। এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার-ম্যাকগার্কের দখলে। ২০২৩ সালে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে তাসমানিয়ার বিরুদ্ধে ২৯ বলে শতরান করেছিলেন তিনি।

কিন্তু সেঞ্চুরিতেই থেমে থাকেননি বৈভব। মাত্র ৪০ বলেই ১৫০ রানের গণ্ডি পেরিয়ে যান। এরপর ৫২ বলেই পূর্ণ করেন দ্বিশতরান। ৫০ ওভারের লিস্ট এ ক্রিকেটে এর আগে এত কম বলে ডাবল সেঞ্চুরি হয়নি। এর আগে দ্রুততম দ্বিশতরানের রেকর্ড ছিল নিউজিল্যান্ডের চ্যাড বোয়েসের। ২০২৪ সালের অক্টোবরে ক্যান্টারবেরির হয়ে ওটাগোর বিরুদ্ধে ১০৩ বলে ২০০ রান করেছিলেন তিনি। সেই রেকর্ডকে কার্যত অর্ধেক সময়ে ভেঙে দিলেন বৈভব।

এই ইনিংসে ছক্কা মারার ক্ষেত্রেও নজির গড়েছেন ভারতের তরুণ ব্যাটার। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রকাশিত আপডেট অনুযায়ী, তাঁর ব্যাট থেকে এসেছে ২৭টি ছক্কা। লিস্ট এ ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক ছক্কার আগের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার ডি'আর্সি শর্টের। ২০১৮ সালে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে কুইন্সল্যান্ডের বিরুদ্ধে ২৩টি ছক্কা মেরেছিলেন তিনি। বৈভব সেই নজিরও ছাপিয়ে যান।

Advertisement

এ দিনের ইনিংসটি অবশ্য বৈভবের কাছে একেবারে নতুন কোনও কীর্তি নয়। এর আগেও লিস্ট এ ক্রিকেটে দেড়শো রানের গণ্ডি পেরিয়েছেন তিনি। ২০২৫-২৬ মরশুমের বিজয় হাজারে ট্রফিতে বিহারের হয়ে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে মাত্র ৮৪ বলে ১৯০ রান করেছিলেন এই কিশোর। সেই ইনিংসে ৩৬ বলে শতরান করেছিলেন তিনি। এবার আরও এক ধাপ এগিয়ে ৫২ বলেই দ্বিশতরান করে দেখালেন নিজের ক্ষমতা।

আইপিএলেও এর আগে নজর কেড়েছেন বৈভব। রাজস্থান রয়্যালসের হয়ে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে শতরান করেছিলেন তিনি। আইপিএলের ইতিহাসে কোনও ভারতীয় ব্যাটারের দ্রুততম শতরানের নজির গড়েছিলেন সেই ইনিংসে। পাশাপাশি আইপিএলে শতরান করা সর্বকনিষ্ঠ ক্রিকেটারও হয়েছিলেন বৈভব।

এ দিনের ইনিংসের আগে পাকিস্তান শাহিনসের বিরুদ্ধে ম্যাচে বড় রান পাননি তিনি। কিন্তু সেই হতাশা যে দ্রুত কাটিয়ে উঠেছেন, তা বুঝিয়ে দিলেন দোহায়। প্রথম বল থেকেই বোলারদের আক্রমণ করে একের পর এক রেকর্ড নিজের নামে লিখিয়ে নিলেন ভারতের এই বিস্ময় প্রতিভা।

Read more!
Advertisement
Advertisement