
রবিবার IPL-এর ফাইনালের পিচ কেমন হতে চলেছে তা নিয়ে কৌতুহল গোটা ভারতের ক্রিকেটপ্রেমীদের। গুজরাতের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) প্রচুর পিচ রয়েছে। তবে এর মধ্যে কোনটিকে ফাইনালের জন্য বেছে নেওয়া হবে সেটাই জানতে চান সকলে। যা জানা যাচ্ছে তাতে ফাস্ট বোলারদের সাহায্য হবে পিচ থেকে। ফলে আরসিবি ও গুজরাতের (RCB vs GT) এই লড়াইয়ে নজর থাকবে জস হ্যাজেলউড, মহম্মদ সিরাজ, কাগিসো রাবাডা ও ভুবনেশ্বর কুমারের দিকে।
পিচ কেমন হবে?
স্টেডিয়াম কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পিচে কালো মাটির চেয়ে লাল মাটির অনুপাত বেশি। লাল মাটি মানে শক্ত, কমপ্যাক্ট সারফেস – বল ব্যাটে আসে দ্রুত, বাউন্স থাকে সত্যিকারের এবং ‘ট্রু’। ফলে স্ট্রোক-প্লে হয় মুক্ত, এবং বড় শট খেলতে ব্যাটারদের অতিরিক্ত ঝুঁকি নিতে হয় না। লাল মাটি ব্যাটার-বান্ধব হলেও পেসাররা এখানে রাজত্ব করেছে। এই মরসুমে আহমেদাবাদে সর্বোচ্চ উইকেট শিকারি কাগিসো রাবাডা (২০), তার পরেই মহম্মদ সিরাজ (১১)। স্পিনারদের মধ্যে একমাত্র রশিদ খান ৫-এর বেশি উইকেট পেয়েছেন। সন্ধ্যার শিশির কম থাকায় দ্বিতীয় ইনিংসে বল গ্রিপ হারায় না, কিন্তু নতুন বলে সুইং প্রথম ৩-৪ ওভার কাজে লাগাতে পারেন ভুবনেশ্বর কুমার বা জশ হ্যাজলউড।
বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দিনের তাপমাত্রা ৪১°C ছুঁতে পারে, সন্ধ্যায়ও ৩০°C-এর উপরে থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। গরমে পিচ আরও শুকিয়ে যাবে, ফলে দ্বিতীয় ইনিংসে বল একটু নিচু হতে পারে। ফলে টস জিতলে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিতে পারেন দুই দলের ক্যাপ্টেন।
বদলার লড়াই
দুই দল এর আগে কোয়ালিফায়ার ১-এ মুখোমুখি হয়েছিল। সেখানে আরসিবি (RCB) বড় ব্যবধানে হারিয়ে দেয় গুজরাতকে। ফলে ফাইনালে ফের মুখোমুখি হয়ে সেই ম্যাচের বদলা নিতে চাইবে শুভমন গিলরা। ঘরের মাঠে সেই বদলা নিতে পারলে আইপিএল-এর ট্রফি জয়ের আনন্দ আরও মধুর হবে বলে মনে করেন ক্রিকেটপ্রেমীরা।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য একাদশ: ভেঙ্কটেশ আইয়ার, বিরাট কোহলি, দেবদত্ত পাড়িক্কল, রজত পাতিদার (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জ্যাকব ডাফি, জশ হ্যাজেলউড, রসিখ সালাম দার। ইমপ্যাক্ট প্লেয়ার: রোমারিও শেফার্ড / ফিল সল্ট।
গুজরাত টাইটান্সে সম্ভাব্য একাদশ: সাঁই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), নিশান্ত সিন্ধু, ওয়াশিংটন সুন্দর, জেসন হোল্ডার, রাশিদ খান, আর সাঁই কিশোর, কাগিসো রাবাদা, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ। ইমপ্যাক্ট প্লেয়ার: রাহুল তেওয়াটিয়া।