
একেবারেই সময় ভাল যাচ্ছে না কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders)। একের পর এক তারকার চোট সমস্যা অনেকটা বাড়িয়ে দিয়েছে। ফলে নিলামে যে পরিকল্পনা নিয়ে নেমেছিল কেকেআর, তার কিছুই বাস্তবায়িত করা যাচ্ছে না। এর মধ্যেই হর্ষিত রানা (Harshit Rana) আইপিএল থেকে ছিটকে যাওয়ায় সমস্যা বেড়েছে। এই অবস্থায় প্রশ্ন, হর্ষিত না থাকলে কাকে দলে নেবে কেকেআর?
শোনা যাচ্ছে তিন নাম, যাদের উপর ভরসা করতে পারে কেকেআর। তবে এই তিন ক্রিকেটারকে নামের দিক থেকে কখনই হর্ষিতের বিকল্প হিসেবে ধরা যায় না। তবে মাথায় রাখতে হবে, আইপিএল-ই নায়ক তৈরি করে। সে দিক থেকে এই তিন জনের মধ্যে কেউ সেরকম নায়ক হয়ে উঠতে পারেন কিনা সেটাই দেখার। মনে রাখতে হবে, হর্ষিত কিন্তু টি২০ বিশ্বকাপ দলের সদস্য ছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচে চোট পাওয়ায় তাঁকে ছিটকে যেতে হয়। এরপর তার জায়গায় ভারতীয় দলে জায়গা হয় মহম্মদ সিরাজের।
মানি গ্রেওয়াল
২৫ বছর বয়সী দিল্লির খেলোয়াড় মানি গ্রেওয়াল কেকেআর-এ হর্ষিত রানার জায়গায় আসতে পারেন। ২০২৫ সালের ডিপিএলে (দিল্লি প্রিমিয়ার লিগ) মানি দুর্দান্ত বোলিং করেছিলেন। এমনকি ইস্ট দিল্লি রাইডার্সের বিপক্ষে হ্যাটট্রিকও করেছিলেন। ডিপিএলের গত মরসুমে ২০ উইকেট নিয়ে তিনি যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। গ্রেওয়াল কেকেআর-এর জন্য ভালো কিছু করতে পারেন বলে আশা সমর্থকদের।
আকাশ মাধওয়াল
কলকাতা নাইট রাইডার্সের জন্য ফাস্ট বোলার আকাশ মাধওয়ালও একজন হর্ষিত রানার জায়গায় আসতে পারেন। মাধওয়াল ২০২৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলে আইপিএলে অভিষেক করেন। সেই মরসুমে তিনি ৮ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন। তবে, এরপর তিনি খুব বেশি সুযোগ পাননি। এমআইয়ের পর, আকাশ রাজস্থান রয়্যালসে চলে যান। এবার তিনি কলকাতায় যোগ দিতে পারেন বলে খবর।
সিমারজিৎ সিং
কলকাতা নাইট রাইডার্সের জন্য ফাস্ট বোলার সিমারজিৎ সিংও কেকেআর দলে আসতে পারেন। সিমারজিৎ-এর আইপিএল অভিজ্ঞতাও রয়েছে। তিনি ১৪টি আইপিএল ম্যাচে ১১টি উইকেট নিয়েছেন। তিনি চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন। সিমারজিৎ সিং ২০২৫ সালে দিল্লি প্রিমিয়ার লিগে ২০টি উইকেট নিয়েছিলেন। গত ডিপিএল মরসুমে সিমারজিৎ সিং এবং মানি গ্রেওয়াল যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন।