
নিলামে কলকাতা নাইট রাইডার্স ক্যামেরন গ্রিনকে ২৫ কোটি টাকা দিয়ে কিনেছিল। গ্রিন সাধারণভাবে একজন অলরাউন্ডার। ফলে তাঁর কাছ থেকে যে কোনও দলই ব্যাটিং-এর পাশাপাশি বোলিং-ও প্রত্যাশা করে। আর সে কারণেই তাঁর দাম এতটা বেশি উঠেছিল। তবে রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে তাঁকে বল করতে দেখা যায়নি। ম্যাচের পর ক্যাপ্টেন রাহানে এ নিয়ে মুখ খুলেছিলেন। এবার ব্যাখ্যা দিল অস্ট্রেলিয়া বোর্ড।
ম্যাচ শেষ হওয়ার পর, সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন রাহানে। প্রশ্নের উত্তর দিতে গিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কোর্টেই বল ঠেলে দেন নাইট ক্যাপ্টেন। অজি বোর্ড জানিয়ে দিল, আসলে গ্রিনের কোমরে চোট রয়েছে। সে কারণেই তাঁকে বল করতে বারন করা হয়েছে। তা হলে প্রশ্ন আসে, কেন নিষেধাজ্ঞার কথা জেনেও তাঁকে রবিবারের ম্যাচে দলে নেওয়া হল? ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছে, আগে থেকেই এ ব্যাপারে জানানো হয়েছিল।
বল করতে কতদিন সময় লাগতে পারে গ্রিনের
গ্রিন ১০-১২ দিন পরে ম্যাচে বল করতে নামতে পারেন বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আইপিএলের অন্তত প্রথম চারটি ম্যাচে গ্রিনের বোলিং করার সম্ভাবনা কম। আপাতত, নির্বাচিত হলে গ্রিন প্রায় ৯ই এপ্রিল পর্যন্ত সানরাইজার্স হায়দ্রাবাদ, পঞ্জাব কিংস এবং লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে শুধুমাত্র একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই খেলবেন।
সাংবাদিক সম্মেলনে এসে রাহানে বলেন, 'এই প্রশ্নটা ক্রিকেট অস্ট্রেলিয়াকে গিয়ে জিজ্ঞাসা করুন। আমি বলতে পারব না। তবে দলের ব্যাটারদের নিয়ে আমি খুশি। কার্তিক (ত্যাগী) ভাল বল করেছে। অনেক দিন পর খেলতে নেমেছিল। ভালই খেলেছে। অনেক কিছু শিখলাম ম্যাচটা থেকে।'
ভারসাম্য রাখার চেষ্টা করছি
তবে রাহানে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও, কেন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ২৫ কোটি টাকা দিয়ে গ্রিনকে কেনা হল সেই প্রশ্ন উড়েই এল তাঁর দিকে। কেকেআর ক্যাপ্টেন বলেন, 'আশা করি দ্রুত গ্রিন বল করা শুরু করবে। তখন প্রথম একাদশ অন্য রকম হবে। এই মুহূর্তে আমরা দলে ভারসাম্য রাখার চেষ্টা করছি। যারা ভাল বল করতে পারে তাদেরই দলে নেওয়া হয়েছে।' অ্যাসেজ বা সদ্য সমাপ্ত টি২০ বিশ্বকাপেও সেভাবে বল হাতে দেখা যায়নি গ্রিনকে। তবে যেন এমন নিষেধাজ্ঞা? প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। ডিপ মিড উইকেটে ফিল্ডিং করার সময়ও তাঁকে বেশ রফিট লেগেছে। বাঁচিয়েছেন প্রায় অবধারিত একটা চার। কোথাও জড়তা বা অস্বস্তির চিহ্ন ছিল না। তবে ঠিক কী ঘটল?
বোলিং নিয়ে বিরাট সমস্যায় কেকেআর
বোলিং নিয়ে সমস্যা শুরু থেকেই ছিল কেকেআর-এর। মুস্তাফিজুর রহমানের বাদ পড়ার পর দলের অন্যতম ভরসা হর্ষিত রানা, মাথিশা পাথিরানা আর সবশেষে আকাশ দীপ। চোট পাওয়া বোলারদের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। বোলিং-এ ধার কমেছে। অনভিজ্ঞ বোলারদের দিয়ে আইপিএল-এ নামা বেশ শক্ত। আর সেটাই আরও একবার টের পেলেন রাহানেরা। হারতে হল মুম্বইয়ের বিরুদ্ধে।