Advertisement

IPL : আইপিএল নিলামে বেন স্টোকস, ওয়ার্নার; নিলামে উঠবেন বীরেন্দ্র শেহওয়াগ-পুত্র আর্যবীরও

আইপিএল ২০২৭-এর প্রাথমিক নথিভুক্তির তালিকায় বাংলাদেশের ১১ জন ক্রিকেটারের নাম রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদি হাসান, শামিম হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তৌহিদ হৃদয় ও মহম্মদ রুবেল।

স্টোকস, আর্যবীর ও ওয়ার্নার স্টোকস, আর্যবীর ও ওয়ার্নার
Aajtak Bangla
  • দিল্লি,
  • 25 Nov 2026,
  • अपडेटेड 2:36 PM IST
  • নিলামে সর্বোচ্চ ২ কোটি টাকা বেস প্রাইস রেখেছেন বেন স্টোকস ও ডেভিড ওয়ার্নার
  • আন্তর্জাতিক ক্রিকেট থেকে চলতি বছরই অবসর নিয়েছেন ৩৫ বছরের বেন স্টোকস

আইপিএল ২০২৭-এর মিনি নিলামে বড় চমক। ইংল্যান্ডের বেন স্টোকস, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, ড্যারিল মিচেল, ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রের মতো তারকা ক্রিকেটাররা নিলামের জন্য নাম নথিভুক্ত করেছেন। রয়েছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো, টম কারান, অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার-ম্যাকগার্ক, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারঙ্গা ও মাথিশা পাথিরানার মতো পরিচিত মুখও। ভারতীয়দের মধ্যে রয়েছেন আবেশ খান ও দীপক চাহার। পাশাপাশি  এবারের নিলামের অন্যতম চমক হতে চলেছেন  প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেহওয়াগের ছেলে আর্যবীর শেহওয়াগ। সব মিলিয়ে প্রাথমিক তালিকায় নাম রয়েছে ১,২২০ জন ক্রিকেটারের। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় বসবে আইপিএল ২০২৭-এর মিনি নিলামের আসর।

প্রাথমিক নথিভুক্তির তালিকায় রয়েছেন ৯৩৯ জন ভারতীয় এবং ২৮১ জন বিদেশি ক্রিকেটার। তাঁদের মধ্যে ১৭০ জন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত এবং ৪২ জন অ্যাসোসিয়েট দেশের ক্রিকেটার। বাকিদের মধ্যে রয়েছেন বিভিন্ন দেশের আনক্যাপড ক্রিকেটাররাও। নিয়ম অনুযায়ী ফ্র্যাঞ্চাইজিগুলি সর্বোচ্চ ৬৬টি জায়গা পূরণ করতে পারবে। তার মধ্যে বিদেশি ক্রিকেটারদের জন্য বরাদ্দ রয়েছে সর্বোচ্চ ২৫টি জায়গা।

সর্বোচ্চ বেস প্রাইসে স্টোকস-ওয়ার্নার

নিলামে সর্বোচ্চ ২ কোটি টাকা বেস প্রাইস রেখেছেন বেন স্টোকস ও ডেভিড ওয়ার্নার। এই বিভাগে রয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, ট্রেন্ট বোল্ট অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার-ম্যাকগার্ক, স্পেন্সার জনসন ও ঝাই রিচার্ডসন। অন্যদিকে ইংল্যান্ডের জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস ও টম কারানের নামও রয়েছে তালিকায়। 

আরও বিদেশিদের মধ্যে রয়েছেন আফগানিস্তানের ফজলহক ফারুকি, মুজিব উর রহমান ও রহমানউল্লাহ গুরবাজ। দক্ষিণ আফ্রিকার অ্যানরিখ নরকিয়া ও জেরাল্ড কোয়েটজি, শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা ও ওয়ানিন্দু হাসারঙ্গা এবং ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ ও শিমরন হেটমায়ারও ২ কোটি টাকার বেস প্রাইস রেখেছেন। ভারতীয়দের মধ্যে আবেশ খান ও দীপক চাহার এই বিভাগে রয়েছেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে চলতি বছরই অবসর নিয়েছেন ৩৫ বছরের বেন স্টোকস। আইপিএলে শেষবার তাঁকে দেখা গিয়েছিল ২০২৩ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে। এর আগে রাইজিং পুনে সুপারজায়ান্ট ও রাজস্থান রয়্যালসের হয়েও খেলেছেন। আইপিএলে ৪৫টি ম্যাচে তাঁর সংগ্রহ ৯৩৫ রান। বল হাতে নিয়েছেন ২৮টি উইকেট। সুতরাং তাঁর দিকে নজর থাকবে ফ্রাঞ্চাইজিগুলোর। 

Advertisement

অন্যদিকে, ২০২৬ সালের নিলামে অবিক্রিত ছিলেন ডেভিড ওয়ার্নার। ফলে এবার নতুন করে আইপিএলে ফেরার সুযোগ খুঁজছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার। আইপিএলে দল না পেয়ে পাকিস্তান সুপার লিগে খেলেছিলেন তিনি। করাচি কিংস তাঁকে ৭.৯ কোটি পাকিস্তানি রুপিতে দলে নিয়েছিল।

নিলামের তালিকায় শেহওয়াগ-পুত্র আর্যবীর

আইপিএলের প্রাথমিক নথিভুক্তির তালিকায় নজর কেড়েছে কয়েক জন তরুণ ভারতীয় ক্রিকেটারের নামও। তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেহওয়াগের ছেলে আর্যবীর শেহওয়াগ। ওমানে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের এশিয়া কাপ জয়ের অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। প্রতিযোগিতায় সেরা ক্রিকেটারের পুরস্কারও পেয়েছেন আর্যবীর।

এ ছাড়াও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপজয়ী দলের সদস্য মোহিত উলভা ও কব্যন প্যাটেল নিলামের জন্য নাম নথিভুক্ত করেছেন। তিন তরুণ ক্রিকেটারেরই বেস প্রাইসই ৩০ লক্ষ টাকা। 

তালিকায় ১১ বাংলাদেশি ক্রিকেটার, নেই মুস্তাফিজুর-নাহিদ

আইপিএল ২০২৭-এর প্রাথমিক নথিভুক্তির তালিকায় বাংলাদেশের ১১ জন ক্রিকেটারের নাম রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদি হাসান, শামিম হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তৌহিদ হৃদয় ও মহম্মদ রুবেল।

তবে বাংলাদেশের কয়েক জন পরিচিত ক্রিকেটারের নাম এই প্রাথমিক তালিকায় নেই। তাঁদের মধ্যে রয়েছেন মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও শাকিব আল হাসান। উল্লেখ্য, ২০২৬ সালের আইপিএলের আগে কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল বিসিসিআই।

বেস প্রাইস অনুযায়ী উল্লেখযোগ্য ক্রিকেটার

২ কোটি টাকা: বেন স্টোকস, ডেভিড ওয়ার্নার, ট্রেন্ট বোল্ট, ড্যারিল মিচেল, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, জনি বেয়ারস্টো, টম কারান, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, ওয়ানিন্দু হাসারঙ্গা, মাথিশা পাথিরানা, অ্যানরিখ নরকিয়া, জেরাল্ড কোয়েটজি, আবেশ খান ও দীপক চাহার।

১.৫০ কোটি টাকা: আল্লাহ মহম্মদ গজনফর, ড্যানিয়েল স্যামস, রাইলি মেরেডিথ, ডেভিড উইজ, রাসি ভ্যান ডার ডুসেন, জেডেন সিলস ও কিমো পল।

১.২৫ কোটি টাকা: অ্যাশটন অ্যাগার, বিলি স্ট্যানলেক, কাইল মেয়ার্স ও ম্যাথু ফোর্ড।

১ কোটি টাকা: গুলবাদিন নাইব, ইব্রাহিম জাদরান, মহম্মদ নবি, ক্রিস লিন, স্কট বোল্যান্ড, রিশাদ হোসেন, আকাশ দীপ, জয়দেব উনাদকাট, উমেশ যাদব, তুষার দেশপান্ডে, ডুশমন্ত চামিরা, কুশল মেন্ডিস ও মাহিশ থিকশান-সহ একাধিক ক্রিকেটার।

উল্লেখ্য, এই তালিকা এখনও চূড়ান্ত নয়। ফ্র্যাঞ্চাইজিগুলি নিজেদের পছন্দের ক্রিকেটারদের নাম জমা দেওয়ার পর চূড়ান্ত নিলাম তালিকা তৈরি করা হবে। ফলে শেষ পর্যন্ত নিলামের মঞ্চে কোন কোন ক্রিকেটার থাকবেন, তা জানতে অপেক্ষা করতে হবে।  

Read more!
Advertisement
Advertisement