Advertisement

Lalit Modi : ব্রিটিশ নাগরিক হলেন ললিত মোদী, বললেন, 'ব্রিটেনই এখন আমার বাড়ি'

এই বিশেষ মুহূর্তে পরিবার, বন্ধু এবং অক্সফোর্ড ইউনিয়নকেও ধন্যবাদ জানিয়েছেন ললিত মোদী। তাঁর বক্তব্য, নিজের জীবনের এমন একটি গুরুত্বপূর্ণ খবর জানানোর সুযোগ করে দেওয়ায় তিনি কৃতজ্ঞ।

ললিত মোদী ললিত মোদী
Aajtak Bangla
  • দিল্লি,
  • 15 Nov 2026,
  • अपडेटेड 10:33 AM IST
  • সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি পোস্ট করে নাগরিকত্ব পাওয়ার কথা জানান ললিত মোদী
  • তিনি লেখেন, গত ১৫ সেপ্টেম্বর একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেছেন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL)-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ নাগরিকত্ব পেলেন। গত ১৫ সেপ্টেম্বর ব্রিটেনের নাগরিক হিসেবে স্বীকৃতি পান তিনি। তবে এতদিন এই খবর প্রকাশ্যে আনেননি। শনিবার অক্সফোর্ড ইউনিয়নে বক্তব্য রাখতে গিয়ে তা জানান। তাঁর কথায়, 'এটি আমার জীবনের অত্যন্ত গর্বের এবং ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত।' 

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি পোস্ট করে নাগরিকত্ব পাওয়ার কথা জানান ললিত মোদী। তিনি লেখেন, গত ১৫ সেপ্টেম্বর একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেছেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা। দীর্ঘদিন ধরেই ব্রিটেন তাঁর বাসস্থান। সে দেশের মানুষ, প্রতিষ্ঠান, ঐতিহ্য এবং মূল্যবোধের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ও ভালোবাসা তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।

ললিতের কথায়, 'ব্রিটিশ নাগরিক হওয়া আমার কাছে একটি বিশেষ অধিকার এবং দায়িত্ব। গর্ব, কৃতজ্ঞতা ও প্রকৃত আত্মীয়তার অনুভূতি নিয়েই এই দায়িত্ব গ্রহণ করছি।' জীবনের বিভিন্ন পর্যায়ে একাধিক সংস্কৃতি ও অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি। যে দেশকে এখন নিজের বাড়ি বলে মনে করেন, সেই দেশের জন্য ইতিবাচক অবদান রাখার ইচ্ছাও প্রকাশ করেছেন IPL-এর প্রাক্তন চেয়ারম্যান।

এই বিশেষ মুহূর্তে পরিবার, বন্ধু এবং অক্সফোর্ড ইউনিয়নকেও ধন্যবাদ জানিয়েছেন ললিত মোদী। তাঁর বক্তব্য, নিজের জীবনের এমন একটি গুরুত্বপূর্ণ খবর জানানোর সুযোগ করে দেওয়ায় তিনি কৃতজ্ঞ। উল্লেখযোগ্যভাবে, ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের জন্মদিনের সঙ্গেও এই ঘোষণার যোগ রয়েছে বলে জানিয়েছেন তিনি। পোস্টের শেষে লেখেন, 'গড সেভ দ্য কিং!'

২০১০ সাল থেকে ব্রিটেনে বসবাস

ললিত মোদীর ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার খবর সামনে আসতেই নতুন করে আলোচনায় তাঁর ভারত ছাড়ার প্রসঙ্গ। ২০০৮ সালে IPL শুরু হওয়ার নেপথ্যে অন্যতম প্রধান ভূমিকা ছিল তাঁর। প্রতিযোগিতাটির প্রথম চেয়ারম্যান ও কমিশনার হিসেবেও দায়িত্ব সামলেছেন তিনি। তবে ২০১০ সালে IPL-কে ঘিরে আর্থিক অনিয়মের অভিযোগে তদন্ত শুরু হওয়ার পর ভারত ছাড়েন ললিত। সেই সময় থেকেই ব্রিটেনে বসবাস করছেন। 

Advertisement

ভারতে তাঁর বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়ম সংক্রান্ত অভিযোগ ও তদন্তের বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। এবার ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার কথা নিজেই প্রকাশ্যে আনলেন IPL-এর এই প্রতিষ্ঠাতা। যদিও নাগরিকত্ব পাওয়ার বিষয়টি তাঁর ব্যক্তিগত জীবনের একটি বড় পদক্ষেপ, তবুও ভারতের ক্রিকেট প্রশাসন ও IPL-কে ঘিরে তাঁর অতীত ভূমিকার কারণে এই ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 

Read more!
Advertisement
Advertisement