
পরবর্তী IPL হতে পারে অস্ট্রেলিয়ায়। সেই পথ খোলা রাখল ক্রিকেট অস্ট্রেলিয়া। সবকিছু ঠিক থাকলে মেলবোর্ন, সিডনিতে খেলতে দেখা যেতে পারে অভিষেক শর্মা, বিরাট কোহলি বা বৈভব সূর্যবংশীদের। ক্রিকেট অস্ট্রেলিয়ার শীর্ষ কর্তারা জানিয়েছেন, ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেট সম্পর্ক আরও গভীর করতে এমন সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে। তবে এখনই এ বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
২০২৬-২৭ বিগ ব্যাশ লিগ (BBL)-এর উদ্বোধনী ম্যাচ হবে ভারতের চেন্নাইয়ে। এটিই হবে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগের ইতিহাসে প্রথম ম্যাচ, যা অস্ট্রেলিয়ার বাইরে আয়োজিত হতে চলেছে। ঠিক এমন সময় আইপিএলও সেই দেশে হতে পারে বলে মনে করা হচ্ছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার শীর্ষকর্তা টড গ্রিনবার্গ বলেন, ভারত বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট বাজার। তাই দুই দেশের ক্রিকেট বোর্ড ভবিষ্যতে আরও নতুন উদ্যোগ নিয়ে আলোচনা করতে পারে। সেই প্রসঙ্গেই বলেন, 'IPL-এর কিছু ম্যাচ অস্ট্রেলিয়ায় বা ভারত-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সিরিজ অন্য দেশে আয়োজনের সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া হচ্ছে না।'
তবে তিনি স্পষ্ট করে দেন, ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজের ১৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ টেস্ট ম্যাচ ভারতে আয়োজনের কোনও পরিকল্পনা তাঁদের নেই। বিশেষজ্ঞদের মতে, চেন্নাইয়ে BBL ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক ক্রিকেট সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। একইসঙ্গে ভবিষ্যতে IPL-এর আন্তর্জাতিক বিস্তারের সম্ভাবনাও আরও জোরালো হয়ে উঠতে পারে।
ভারতে অ্যাশেজ আয়োজনের বিরোধিতায় মাইকেল আথারটন
ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল আথারটন এর আগেই ভারতে অ্যাশেজ টেস্ট আয়োজনের প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছিলেন। তাঁর মতে, বাণিজ্যিক স্বার্থের জন্য ক্রিকেটের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বিতা অ্যাশেজের মর্যাদা নষ্ট করা উচিত নয়।
আথারটন বলেন, 'অ্যাশেজ শুধুমাত্র ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত। ভারতের মাটিতে একটি বিশেষ টেস্ট আয়োজন করলে এই ঐতিহাসিক সিরিজের ঐতিহ্য ক্ষুণ্ন হবে। তিনি ক্রিকেট প্রশাসকদের এই ধরনের পরিকল্পনার বদলে খেলাটির সামনে থাকা আরও গুরুত্বপূর্ণ সমস্যাগুলির দিকে নজর দেওয়ার আহ্বান জানান।'