Advertisement

Virat Kohli: ২০১৬-এর প্রাইম কোহলির থেকেও ভয়ঙ্কর এই বিরাট? মুখ খুললেন ডিভিলিয়ার্স

ডিভিলিয়ার্স বলেন, 'হ্যাঁ, এটা ভাল প্রশ্ন। বলা কঠিন। তবে আমার মনে হয়, এটা আরও ভাল একটা ভার্সন। কারণ ওকে এখন খুব শান্ত দেখাচ্ছে। মাঠে ওকে দেখে মনে হয়, ও সম্পূর্ণ স্বাধীনভাবে খেলছে।'

বিরাট কোহলি (ছবি: এএফপি)বিরাট কোহলি (ছবি: এএফপি)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Oct 2026,
  • अपडेटेड 1:28 PM IST
  • ডিভিলিয়ার্স বলেন, হ্যাঁ, এটা ভাল প্রশ্ন
  • এটা আরও ভাল একটা ভার্সন
  • ওকে এখন খুব শান্ত দেখাচ্ছে

ওয়েস্ট ইন্ডিজ সফরে সেরার সেরা ফর্মে ছিলেন বিরাট কোহলি। বলা চলে এই সিরিজে তাঁকে একবারে নতুন আবতারে দেখা যায়। তিরুবনন্তপুরমে ওয়ানডে ম্যাচের পর বিরাট কোহলি জানিয়েছিলেন, কেরিয়ারের এই পর্যায়ে তিনি নিজেকে নতুন চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়েছেন। এখনও নিজের খেলাকে আরও গিয়ার আপ করার প্রয়োজন রয়েছে।

ওই ম্যাচে মাত্র ৮৮ বলে ১৩৯ রান করেন তিনি। ইনিংসে ছিল ১০টি চার ও ৯টি ছক্কা। কোহলির ব্যাটিংয়ে এই পরিবর্তন বিশেষভাবে নজরে পড়েছে। গত বছর টেস্ট থেকে অবসর নেওয়ার পরও অবশ্য এমন আগ্রাসী কোহলিকে দেখা যায়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু'টি ম্যাচে শূন্য রানে আউট হন। এরপর একটি অর্ধশতরান করে সিরিজে নিজেকে কিছুটা সামলেছিলেন তিনি।

কিন্তু দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই যেন সবকিছু বদলে যায়। কোহলি ১২টি ওয়ানডে ইনিংসে ৮৫৪ রান করেছেন। স্ট্রাইক রেট ছিল ১১৭.৬৩। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিরুবনন্তপুরমে প্রথম ওয়ানডেতে অপরাজিত ১৩৯ রান ছিল সেই দুর্দান্ত ফর্মের সর্বশেষ পারফর্ম্যান্স।

শুধু তাই নয়, শেষ ১০টি ওয়ানডে ইনিংসে কোহলি করেছেন ৮২৫ রান। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ১০ ইনিংসের এমন দুর্দান্ত রান সংগ্রহের তালিকায় এটি অন্যতম সেরা। 

তাহলে কি কোহলির বর্তমান সংস্করণ তাঁর কেরিয়ারের সেরা সময়ের থেকেও ভাল? দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স কিন্তু সেটাই মনে করছেন।

'শান্ত, সম্পূর্ণ স্বাধীন'
Sports Today-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ডিভিলিয়ার্স বলেন, বর্তমান কোহলি আরও ভাল খেলছেন। কারণ, তাঁকে এখন অনেক বেশি শান্ত ও সম্পূর্ণ স্বাধীন মনে হচ্ছে।

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা জানান, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেই তিনি কোহলির এই নতুন রূপের কিছু ঝলক দেখেছিলেন। তবে এরপর কোহলি কিছুটা পুরনো অভ্যাসে ফিরে গিয়েছিলেন বলে মনে করেন তিনি।

ডিভিলিয়ার্স বলেন, 'হ্যাঁ, এটা ভাল প্রশ্ন। বলা কঠিন। তবে আমার মনে হয়, এটা আরও ভাল একটা ভার্সন। কারণ ওকে এখন খুব শান্ত দেখাচ্ছে। মাঠে ওকে দেখে মনে হয়, ও সম্পূর্ণ স্বাধীনভাবে খেলছে।'

Advertisement

তিনি আরও বলেন, 'UAE-তে শেষ ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতেই এর কিছুটা আভাস পাওয়া গিয়েছিল। তখন ওকে অন্যরকম একটা ভূমিকায় খেলতে দেখেছিলাম। এরপর আবার কিছুটা আটকে গিয়েছিল এবং পুরনো অভ্যাসে ফিরে গিয়েছিল। আবার পুরোপুরি নিজেকে ছেড়ে দিয়েছে।'

কোহলির সেরাটা এখনও বাকি?

কোহলির কেরিয়ারে ২০১৬ থেকে ২০১৮ সময়টাকে  সেরা সময় হিসেবে ধরা হয়। সেই সময়ে ৬৬টি ম্যাচে মোট ৩৪০১ রান করেছিলেন তিনি। সেই সময় তাঁর স্ট্রাইক রেট ছিল প্রায় ১০০। সেই সময় মোট ৪৩টি ছক্কা মেরেছিলেন কোহলি।

বর্তমান বছরের পরিসংখ্যানের সঙ্গে তুলনা করলে ছবিটা আরও স্পষ্ট হবে। এই বছর তাঁর স্ট্রাইক রেট ১১৭.৯৪, যা এখনও পর্যন্ত তাঁর কেরিয়ারের সর্বোচ্চ। ইতিমধ্যেই ১৭টি ছক্কা মেরে ফেলেছেন তিনি।

তবে ডিভিলিয়ার্সের মতে, কোহলির ভয়ঙ্কর ব্যাটিংয়ের যে রূপ এখন দেখা যাচ্ছে, সেটাই শেষ নয়। বরং তাঁর আরও অনেক কিছু দেওয়ার রয়েছে।

ডিভিলিয়ার্স বলেন, 'এটাই সেই বিরাট, যাকে আমি দেখতে ভালোবাসি। আমি সবসময় বলেছি, ওর এমন একটা দিক রয়েছে, যেটা মানুষ জানে না। এখন আমরা সেই দিকটাই আগের চেয়ে বেশি দেখতে পাচ্ছি। ও প্রায় সম্পূর্ণভাবে অন্যদের কথা ভাবছে।'

তাঁর কথায়,'ওর এই দিকটা দেখতে আমার দারুণ লাগে। এখনকার তরুণদের সঙ্গে একই ড্রেসিংরুম ভাগ করে নেওয়া ওদের জন্য অবিশ্বাস্য অভিজ্ঞতা হতে পারে।'

নিজের instinct-এ খেলছেন বিরাট
ডিভিলিয়ার্স মনে করেন, কোহলি এখন আর মাঠে অতিরিক্ত চিন্তা করছেন না। বরং নিজের স্বাভাবিক প্রবৃত্তি বা instinct-এর উপর বেশি ভরসা করছেন। আর সেটাই তাঁকে আরও ভয়ঙ্কর করে তুলেছে।

তিনি বলেন, 'ও যেহেতু এতটাই স্বাধীনভাবে খেলছে, তাই মাঠে আরও ভাল সিদ্ধান্ত নিচ্ছে। ও আর এতটা তীব্র নয়, খেলাটা নিয়ে অতিরিক্ত ভাবছেও না। মনে হচ্ছে, নিজের instinct-এর উপর অনেক বেশি ভরসা করছে। আর সাধারণত ওর instinct ঠিকই হয়।'

'আপনার instinct যখন কাজ করে, তখন আপনি এই খেলাটাই নিজের মতো করে খেলেন। আর বিরাট যখন নিজের instinct অনুযায়ী খেলে, তখন ওকে থামানো প্রায় অসম্ভব।'

ডিভিলিয়ার্স আরও বলেন, 'তাই এটা ভাবতেই বেশ ভয়ঙ্কর লাগে যে এখান থেকে ও কোথায় যাবে এবং ২০২৭ বিশ্বকাপে ভারতীয় দলের জন্য কতটা বড় প্রভাব ফেলতে পারে।'
 

 

Read more!
Advertisement
Advertisement