
মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন বৈভব সূর্যবংশী। ফলে তাঁর উপর বাড়তি চাপ থাকে। বিশেষ করে বাইরের দুনিয়ার। এমনটা জানালেন দলের আর এক খেলোয়াড় ঈশান কিষান। তিনি দাবি করেন, দলের সবাই বৈভবকে আগলে রাখেন। যাতে বেবি বসের মনোযোগ বাইরের দুনিয়ায় বা সোশ্যাল মিডিয়ায় না যায়।
জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচের পর সাংবাদিক বৈঠকে ঈশান বৈভবকে নিয়ে খোলাখুলি কথা বলেন। তিনি জানান, দু'জনেই বিহারের হওয়ায় তাঁদের মধ্যে আলাদা এক সম্পর্ক তৈরি হয়েছে। তিনি বৈভবকে নিজের ছোট ভাইয়ের মতো দেখেন এবং চান, কেরিয়ারের শুরুতেই যেন সে সেই ভুলগুলি না করে। যেগুলি অনেক তরুণ ক্রিকেটার করে বসে।
ঈশান প্রথমেই বৈভবের পরিণত মানসিকতার প্রশংসা করেন। তাঁর মতে, বৈভব জানে মাঠে কীভাবে ব্যাট করতে হয়, কীভাবে আচরণ করতে হয় এবং মাঠের বাইরেও কীভাবে নিজেকে সামলাতে হয়। তবে এত কম বয়সে হঠাৎ জনপ্রিয়তা অনেক সময় মনোযোগ নষ্ট করে দিতে পারে।
তাঁর কথায়, 'বৈভব খুবই বুদ্ধিমান। ও জানে কীভাবে ব্যাট করতে হয়, মাঠে কীভাবে আচরণ করতে হয় এবং মাঠের বাইরে নিজেকে কীভাবে সামলাতে হয়। কিন্তু যে পরিবেশ থেকে ও এসেছে, সেখানে নানা ধরনের বিভ্রান্তি থাকতে পারে। বন্ধু, সোশ্যাল মিডিয়া এবং হঠাৎ পাওয়া জনপ্রিয়তা একজন ক্রিকেটারের মনোযোগ সরিয়ে দিতে পারে। আমিও একই পটভূমি থেকে এসেছি। তাই জানি, ভারতের হয়ে খেলতে গেলে কোন বিষয়গুলোর উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয়।'
'বৈভবকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে হবে'
ঈশান জানান, শুধু তিনি নন, অভিষেক শর্মা, অক্ষর পটেল-সহ দলের অন্যান্য সিনিয়র ক্রিকেটারও নিয়মিত বৈভবের সঙ্গে কথা বলেন। তাঁদের লক্ষ্য, সোশ্যাল মিডিয়ায় প্রশংসা বা সমালোচনা যেন বৈভবের খেলায় কোনও প্রভাব না ফেলে। ঈশান বলেন, 'আমরা সবাই চাই, এই সময় ওর পুরো মনোযোগ শুধু ক্রিকেটেই থাকুক। সোশ্যাল মিডিয়ায় কী হচ্ছে, কে কী বলছে, কিংবা কোনও ম্যাচে রান না করলে সেসব যেন ওর বডি ল্যাঙ্গুয়েজে প্রভাব না ফেলে। আমরা চাই, ওর ফোকাস শুধু নিজের খেলায় থাকুক।'
ঈশান বৈভবের ব্যাটিংয়েরও ভূয়সী প্রশংসা করেন। তাঁর মতে, বৈভব যদি কিছুক্ষণ ক্রিজে টিকে যায়, তাহলে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।
তিনি বলেন, টআমরা জানি, বৈভবের মতো ব্যাটার ক্রিজে সেট হয়ে গেলে প্রথম ছয় ওভারেই ৮০-৯০ রান উঠে যেতে পারে। প্রথম বল থেকেই প্রতিপক্ষ বোলারদের উপর চাপ তৈরি করার ক্ষমতা ওর রয়েছে। তাই আমরা চাই না, অপ্রয়োজনীয় কোনও বিষয় ওর মনোযোগ নষ্ট করুক।'
আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ভারতীয় দলে সুযোগ পাওয়া বৈভব সূর্যবংশী প্রথম কয়েকটি ম্যাচে বড় ইনিংস খেলতে পারেননি। তবে জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে মাত্র ১৮ বলে অর্ধশতরান করে নিজের অসাধারণ প্রতিভার প্রমাণ দিয়েছেন। এই ইনিংস শুধু তাঁর আত্মবিশ্বাসই বাড়ায়নি, বড় মঞ্চেও যে তিনি নির্ভয়ে খেলতে পারেন, সেটাও স্পষ্ট করে দিয়েছেন।