
Jasprit Bumrah Injury Update: সামনেই শ্রীলঙ্কা সফর। তার আগেই বড় ধাক্কা ভারতীয় ক্রিকেট টিমে(Team India News)। চোটের কারণে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। বেঙ্গালুরুর বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্স (CoE) এ তাঁর ফিটনেস টেস্ট হয়। তার রিপোর্ট ভাল নয়। এখনও ফিট নন। সে কারণেই চিকিৎসকরা ঝুঁকি নিতে চাননি। TOI এর প্রতিবেদন অনুযায়ী, বুমরাহর বাঁ হাঁটুতে বেশ অস্বস্তি, ব্যথা রয়েছে। সেটা যতদিন না পুরোপুরি সারছে, কোনও ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে বুমরাহকে ছাড়াই মাঠে নামতে হবে শুভমন গিলদের। মেডিক্যাল টিমের মতে, বুমরাহর সম্পূর্ণ সুস্থ হওয়ার অপেক্ষা করা ছাড়া উপায় নেই। তাড়াহুড়ো করে তাঁকে মাঠে নামালে উল্টে আরও চোট বাড়তে পারে। সে কারণেই শ্রীলঙ্কা সফরে তাঁকে রেস্টে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু বুমরাহর বদলে কে প্রক্সি দেবেন?
পুরনো চোটই চিন্তায় ফেলছে
সূত্রের খবর, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর শেষ পর্বে আবারও বাঁ হাঁটুর সমস্যায় ভুগতে শুরু করেন বুমরাহ। এরপর বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের পরামর্শে তিনি বিশেষ ধরনের ইনজেকশনও নেন। তখন সবাই ভেবেছিল, দ্রুত সুস্থ হয়ে দ্বিতীয় টেস্টের আগে দলে ফিরতে পারবেন। কিন্তু প্রত্যাশামতো রিকভারি হয়নি। তাই সেই প্ল্যান বাতিল করা হয়েছে।বোর্ডের এক সূত্রের দাবি, অতীতে একাধিক ক্রিকেটারকে পুরোপুরি সুস্থ হওয়ার আগেই খেলানো হয়েছিল। পরে তাঁদের চোট আরও বেড়ে যায়। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই বুমরাহর ক্ষেত্রে কোনও রকম ঝুঁকি নিতে রাজি নয় বোর্ড।
বুমরাহর বদলে কে নামতে পারেন?
টিম সিলেক্টররা আলোচনা করছেন। খুব শীঘ্রই বুমরাহর অল্টারনেট কোনও নতুন পেসারের নাম ঘোষণা করতে পারেন।
সেই দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন আকিব নবি(Aaqib Nabi)। ২৯ বছর বয়স। সম্প্রতি ইন্ডিয়া A টিমের হয়ে শ্রীলঙ্কা সফরে নজর কেড়েছেন। দু'টি ম্যাচে মোট ৬টি উইকেট নিয়েছেন। ফলে সিলেক্টরদের নজরে আছেন।
শুধু তাই নয়, আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টের আগে ভারতীয় দলের প্রস্তুতি শিবিরেও ছিলেন আকিব। ফলে শ্রীলঙ্কা সফরে তাঁর সুযোগ পাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে।
সামনে বড় বড় সিরিজ, সতর্ক বিসিসিআই
বিসিসিআই সূত্রের দাবি, সামনেই একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিরিজ আছে। এশিয়ান গেমস, নিউজিল্যান্ড সফর এবং আগামী বছরের বর্ডার গাভাস্কার ট্রফি। বড় সিরিজে বুমরাহকে টিমের লাগবেই। তাই এই শ্রীলঙ্কার জন্য তাঁর ফিটনেস নিয়ে রিস্ক নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট।
বুমরাহ না থাকায় ভারতের পেস লাইনআপের দায়িত্ব মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং গুরনূর বরারের উপরেই পড়বে।
ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ কবে শুরু?
ভারত ও শ্রীলঙ্কার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ ১৫ থেকে ১৯ অগাস্ট। গল ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট ২৩ থেকে ২৭ অগাস্ট। কলম্বোর এসএসসি স্টেডিয়ামে। এই সিরিজ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫ ২৭ এর অন্তর্গত। ফলে প্রতিটি ম্যাচই দুই দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বুমরাহর অনুপস্থিতিতে ভারতের বোলিং আক্রমণ কতটা এফেক্টিভ হয়, এখন সেদিকেই নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।
শ্রীলঙ্কা সফরে ভারতের টেস্ট টিম
শুভমন গিল (অধিনায়ক), কে এল রাহুল (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, দেবদত্ত পাডিক্কল, সাই সুদর্শন (ফিটনেস সাপেক্ষে), ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মানব সুথার, প্রসিদ্ধ কৃষ্ণ, সারাংশ জৈন এবং গুরনূর বরার।