
বুধবার নতুন মরসুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য অনুশীলন শুরু করল তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। তবে প্রথম দিনের অনুশীলনে বিদেশি হিসেবে উপস্থিত ছিলেন একমাত্র ব্রেসিং মুজারাবানি। অধিকাংশ বিদেশি যেমন টিম সেইফার্ট, ফিন অ্যালেন, রচিন রবীন্দ্র, ক্যামেরুন গ্রীন প্রথম দিনের অনুশীলনে অনুপস্থিত। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে এখনও আসতে পারেননি সুনীল নারিন।
কেকেআর ম্যানেজমেন্টের তরফ থেকে জানানো হয়েছে, তিন নিউজিল্যান্ড ক্রিকেটার বৃহস্পতিবার দলের অনুশীলনে যোগ দেবেন। তবে গ্রীন সম্ভবত যোগ দিচ্ছেন ২৮ মার্চ। অর্থাৎ কেকেআরের প্রথম ম্যাচের মাত্র একদিন আগে দলে যোগ দেবেন তিনি। তবে কেকেআর থিঙ্ক ট্যাঙ্ক এবারে কিউই ব্রিগেডের উপরে অনেকটাই ভরসা করছে। তার প্রধান কারণ সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে অনবদ্য ফর্মে ছিলেন সেইফার্ট, অ্যালেনরা।
তবে কেকেআর ম্যানেজমেন্টের অন্য একটি বড় মাথা ব্যাথার কারণ রয়েছে। বিসিসিআইয়ের নির্দেশে আগেই মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কেকেআর। এদিকে চোটের জন্য সম্ভবত গোটা আইপিএল থেকেই ছিটকে গিয়েছেন হর্ষিত রানা। এরই মাঝে জানা যাচ্ছে অন্তত মরশুমের শুরুতে আরও বেশ কয়েকজন তারকা ক্রিকেটার অনুপস্থিত থাকতে পারেন। তাঁরা হলেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন, রভম্যান পাওয়েল। এছাড়াও এবারে নাইটদের পাওয়ার কোচ হিসেবে আন্দ্রে রাসেলের থাকার কথা। তবে ইরান-আমেরিকা যুদ্ধের কারণে এরা কবে কেকেআরের যোগ দেবেন সেই ব্যাপারে কোন নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। প্রসঙ্গত এই যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে ঠিকঠাক বিমান পরিষেবা পাওয়া যাচ্ছে না। ফলে ওয়েস্ট ইন্ডিজ থেকে ভারতে আসার বিমান অপ্রতুল। ফলে বারবার বিমানের টিকিট কাটলেও তা বাতিল হয়ে যাচ্ছে।
শুধু তাই নয় এর আগে ওয়েস্ট ইন্ডিজ থেকে ভারতে এসে তৎক্ষণাৎ ভিসা পাওয়া যেত। যদিও যুদ্ধের কারণে আগাম ভিসা প্রয়োজন হচ্ছে। যা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের কাছে আপাতত নেই। তবে কেকেআর ম্যানেজমেন্ট এখনও আশাবাদী সময় মতোই ম্যাচের আগেই নারিন, পাওয়েলরা দলে যোগ দেবেন।