
অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে মহম্মদ শামি। তবে এখনও তিনি দেশের জার্সিতে ফিরতে চান। সেই মতো খেটে চলেছেন। সদ্য ইস্ট জোনকে দলীপ ট্রফি জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন এই অভিজ্ঞ পেসার। তারপর জানিয়েছেন, নিজের আরও উন্নতি চাইছেন তিনি। সেই মতো পরিশ্রম করছে।
আসলে ২০২৫ সালের মার্চে ভারতের হয়ে শেষবার মাঠে নামেন শামি। তারপর থেকে ভারতীয় দলে জায়গা হয়নি তাঁর। যদিও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন ৩৬ বছরের শামি। সম্প্রতি চেন্নাইয়ে অনুষ্ঠিত দলীপ ট্রফির ফাইনালে ইস্ট জোনের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন। তারপরই সাংবাদিকদের সামনে মুখ খোলেন শামি।
ভারতীয় দলের এই অভিজ্ঞ পেসার বলেন, 'অনুপ্রাণিত থাকার জন্য অনেক কারণ রয়েছে। শুধু সেগুলি খুঁজে নিতে হবে। আপনি এই মাঠ থেকেও পজিটিভ শক্তি পেতে পারেন। আবার যে কোনও মাঠে নামলেও তা পাওয়া সম্ভব। এই পর্যায়ে এসে যদি নিজেকে নিজে অনুপ্রাণিত করতে না পারেন, তাহলে আপনার পদ্ধতিটাই ভুল।'
এছাড়া শামি জানিয়েছেন, কোনও ম্যাচের উপর নির্ভর করে তাঁর মানসিকতা বদলায় না। তিনি একইভাবে পরিশ্রম করেন।
শামি বলেন, 'আপনার প্রথম ম্যাচ হোক বা ১০০তম, তাতে কিছু যায় আসে না—পরিশ্রম এবং মানসিকতা ঠিক একই থাকে।'
বিশেষজ্ঞদের মতে, দলীপ ট্রফির এই জয় শামির কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, এটি ছিল তাঁর ফার্স্ট ক্লাস ক্রিকেটের ১০০ তম ম্যাচ। আর সেখানেই জয়ের স্বাদ পেয়েছেন শামি। ইস্ট জোন ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দলীপ ট্রফি জিতেছে।
বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শামি। সাউথ জোনের ইনিংস ৩৩৬ রানে শেষ হওয়ার পথে রবিচন্দ্রন স্মরণ এবং শেখ রশিদের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি।
শামি কি ভারতীয় দলে ফিরতে পারবেন?
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আর দলে ফিরতে পারবেন না শামি। নিউজিল্যান্ড সফরে তাঁকে ভারতের দলে দেখা যেতে পারে। ৪ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত পাঁচটি ওয়ানডে খেলবে ভারত। এরপর রয়েছে দুটি টেস্ট। সেই সময় তিনি দলে সুযোগ পেতে পারেন।
ওদিকে ২০২৭ সালে রয়েছে বিশ্বকাপ। সেখানে দল তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে নিউজিল্যান্ডে শামি যদি নিজের ফিটনেস এবং এফেক্টিভনেস প্রমাণ করতে পারেন, তাহলে তাঁর অভিজ্ঞতা দলের কাজে আসতে পারে।
থামেনি শামির লড়াই
ভারতীয় দল থেকে বাদ পড়ার পর ১৮ মাস ধরে বিভিন্ন ফরম্যাটে নিয়মিত ক্রিকেট খেলছেন বাংলার এই পেসার। দলীপ ট্রফির আগে ২০২৫-২৬ মরসুমে রঞ্জি ট্রফিতে ৩৬টি, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ১৬টি এবং বিজয় হাজারে ট্রফিতে ১৫টি উইকেট নিয়েছেন তিনি। দলীপ ট্রফিতেও ৬২ ওভার বল করেছেন শামি। এখন দেখার তিনি ভারতীয় দলে চান্স পান কি না।