
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও IPL খেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ফ্যান ফলোয়ারদের আগ্রহে কমতি নেই। চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অধিনায়ক কেন ফোন সেভাবে ব্যবহার করেন না, তিনি আদৌ ধারাভাষ্যকারের কাজ করবেন কি না সেই বিষয়ে অনেকে জানতে চান। সেই সব প্রশ্নের উত্তর দিলেন মহেন্দ্র সিং ধোনি।
সম্প্রতি ক্রিকেট বিশেষজ্ঞ যতীন সাপ্রুকে একটি ইন্টারভিউ দেন ধোনি। তিনি বলেন, 'আমি মনে করি ধারাভাষ্য দেওয়া খুব কঠিন কাজ। খেলা দেখা, সেই সম্পর্কে বলা এবং খেলোয়াড়দের ভালো-দিক বলা আদৌ সহজ কাজ নয়। একটা সূক্ষ্ম রেখা থাকে। আমার মনে হয়, সীমারেখাটা মেনে চলা কঠিন। আপনি যা বলছেন, সেটা অন্য দিকের মানুষটার পছন্দ নাও হতে পারে। ভেবেচিন্তে কিছু একটা যদি বলে দেন, তাহলে তার পরিণাম ভালো নাও হতে পারে।'
ধোনির মতে, ধারাভাষ্য দেওয়া আসলে একটা শিল্প। সেখানে কাউকে লক্ষ্যবস্তু করা ঠিক নয়। তাই কীভাবে ব্যালেন্স করে বলা যায়, সেটা জানা দরকার। যদি কোনও দল হারে তার যেমন নিরপেক্ষ বিশ্লেষণ প্রয়োজন তেমনই কেউ জিতল কেন তারও বস্তুনিষ্ট বিশ্লেষণ থাকা প্রয়োজন।
তিনি কেন ধারাভাষ্য দেবেন না সেই প্রসঙ্গে ধোনির সংযোজন, 'আমি পরিসংখ্যানে একদম ভালো নই। অনেকে দক্ষ। এমন অনেকেই আছেন, যাঁরা কেবল ভারতীয় ক্রিকেটই নয়, গোটা বিশ্বের ক্রিকেট নিয়ে পরিসংখ্যান তুলে ধরতে পারেন। বলতে পারেন।'
ফোন কেন খুব কম ব্যবহার করেন?
মহেন্দ্র সিং ধোনি ফোন বেশি ব্যবহার করেন না। এমনকী ফোন করলে তাঁকে পাওয়া যায় না। এমন অভিজ্ঞতা অনেক ক্রিকেটার আগে শেয়ার করেছেন। সেই প্রসঙ্গে ক্যাপ্টেন কুলের দাবি, তিনি বক্তার থেকে বেশি ভালো শ্রোতা। সেজন্য ফোন কম ব্যবহার করেন। বলেন, 'আমি কোনও বিষয়ে না জানলে তা নিয়ে খুব বেশি কথা বলি না। বরং আমি শুনতে বেশি ভালোবাসি। আমি যেটা নিয়ে জানি না, তা নিয়ে নিজের মতামত রাখার পক্ষে নই। সেজন্য পরামর্শ কমই দিতে পারি। যাদের সঙ্গে স্বচ্ছন্দ্য বোধ করি, তাদের সঙ্গে কথা বলি। আমার মনে হয়, যেটা নিজের জন্য ভালো সেটা খুঁজে বের করা দরকার। সেটাই বুদ্ধিমত্তার মতো কাজ হবে।'
তিনি যে ফোনে কথা বলতে ভালোবাসেন না সেটাও স্বীকার করে নেন। বলেন, 'আমি ফোনে একদম ভালো নই। মানুষের পাশে বসে কথা বলতে ভালোবাসি। ফোনে কথা বললে আমি মুখ দেখতে পাই না। সেটা কথা বলার ক্ষেত্রে খুব অস্বস্তিকর। আমি এই দক্ষতা অর্জন করতে চাই। কিন্তু আমি খুশি যে এই বিষয়ে উন্নতি করতে পারিনি।'