Advertisement

Mushfiqur Rahim Retirement: টেস্ট ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন মুশফিকুর, ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবেন শেষ ম্যাচ

চলতি মাসেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিকুর। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এই নজির গড়েন তিনি।

mushfiqur rahimmushfiqur rahim
  • দিল্লি,
  • 29 Nov 2026,
  • अपडेटेड 12:15 PM IST
  • ২০০৫ সালের মে মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকুর রহিমের
  • দীর্ঘ ২২ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার হয়ে উঠেছেন তিনি।

টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। ২০২৭ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে মিরপুরে প্রথম টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। ২৮ নভেম্বর সাংবাদিক বৈঠকে এই খবর জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।

তামিম জানিয়েছেন, কয়েক দিন আগেই ফোন করে নিজের সিদ্ধান্তের কথা তাঁকে জানিয়েছিলেন মুশফিকুর। বোর্ড সভাপতি চেয়েছিলেন, মুশফিকুর নিজেই সাংবাদিক বৈঠক করে অবসরের কথা ঘোষণা করুন। কিন্তু ক্রিকেটারের অনুরোধে তিনিই এই খবর প্রকাশ করেন।

তামিম বলেন, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের পর অবসর নেবেন মুশফিকুর। মীরপুরের ম্যাচটিই হবে তাঁর শেষ টেস্ট। বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় তিনি। বহু তরুণ ক্রিকেটারের কাছে অনুপ্রেরণা মুশফিকুর।

টেস্টে একাধিক নজির মুশফিকুরের

২০০৫ সালের মে মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকুর রহিমের। দীর্ঘ ২২ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার হয়ে উঠেছেন তিনি।

চলতি মাসেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিকুর। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এই নজির গড়েন তিনি। শুধু তাই নয়, বাংলাদেশের হয়ে ১০০টির বেশি টেস্ট খেলা একমাত্র ক্রিকেটারও তিনি।

টেস্ট ক্রিকেটে তাঁর ঝুলিতে রয়েছে তিনটি দ্বিশতরান। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে অপরাজিত ২০০ রান করেছিলেন তিনি। টেস্টে দ্বিশতরান করা প্রথম বাংলাদেশি ব্যাটার হন মুশফিকুর।

এরপর ২০১৮ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে অপরাজিত ২১৯ রানের ইনিংস খেলেন তিনি। এখনও পর্যন্ত টেস্টে কোনও বাংলাদেশি ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত রান এটিই। ২০২০ সালে মীরপুরে জিম্বাবোয়ের বিরুদ্ধেই তৃতীয় দ্বিশতরানটি করেন মুশফিকুর।

আগেই বিদায় জানিয়েছেন টি-টোয়েন্টি ও একদিনের ক্রিকেটকে

টেস্টের আগেই আন্তর্জাতিক ক্রিকেটের সীমিত ওভারের দুই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন মুশফিকুর। ২০২২ সালে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি।

এরপর ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অভিযান শেষ হওয়ার পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকেও অবসর নেন। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে মীরপুর টেস্টের পর শেষ হবে তাঁর দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ার। বাংলাদেশের ক্রিকেটে একটি অধ্যায়ের অবসান ঘটতে চলেছে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement