Advertisement

Pragyan Ojha Chief Selector : আগরকরের জায়গায় ভারতীয় দলের প্রধান নির্বাচক প্রজ্ঞান ওঝা, নির্বাচক কমিটিতে রমেশ পাওয়ারও

টেস্ট ক্রিকেটে খেলার অভিজ্ঞতা এবং ম্যাচের সংখ্যার নিরিখে সিনিয়রিটির ভিত্তিতে নির্বাচক কমিটির চেয়ারম্যান হয়েছেন প্রজ্ঞান ওঝা। পাঁচ সদস্যের এই কমিটিতে রয়েছেন শিবসুন্দর দাস, আরপি সিং, অজয় রাত্রা এবং রমেশ পাওয়ার।

ওঝা ও পাওয়ার ওঝা ও পাওয়ার
Aajtak Bangla
  • মুম্বই ,
  • 19 Oct 2026,
  • अपडेटेड 5:04 PM IST
  • প্রাক্তন বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝা ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন
  • এবার জাতীয় দলের নির্বাচক কমিটির নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেলেন তিনি

ভারতীয় ক্রিকেটে বড় রদবদল। পুরুষ ক্রিকেট দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান হলেন প্রাক্তন ভারতীয় স্পিনার প্রজ্ঞান ওঝা। অজিত আগরকরের জায়গায় এই দায়িত্ব পেলেন তিনি। পাশাপাশি নির্বাচক কমিটির নতুন সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন প্রাক্তন ক্রিকেটার রমেশ পাওয়ার।

সোমবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) সরকারি বিবৃতি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এর ফলে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নির্বাচক কমিটির পুনর্গঠন সম্পূর্ণ হল।

বিসিসিআই জানিয়েছে, ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি (CAC) রমেশ পাওয়ারকে নির্বাচক কমিটির সদস্য হিসেবে নিয়োগের সুপারিশ করেছে। এই কমিটিতে রয়েছেন অশোক মালহোত্রা এবং যতীন পরাঞ্জপে। বিসিসিআইয়ের সদর দফতরে আবেদনকারীদের যাচাই এবং সাক্ষাৎকার নেওয়ার পর সর্বসম্মতিক্রমে পাওয়ারের নাম সুপারিশ করা হয়।

কেন প্রধান নির্বাচক হলেন প্রজ্ঞান ওঝা?

টেস্ট ক্রিকেটে খেলার অভিজ্ঞতা এবং ম্যাচের সংখ্যার নিরিখে সিনিয়রিটির ভিত্তিতে নির্বাচক কমিটির চেয়ারম্যান হয়েছেন প্রজ্ঞান ওঝা। পাঁচ সদস্যের এই কমিটিতে রয়েছেন শিবসুন্দর দাস, আরপি সিং, অজয় রাত্রা এবং রমেশ পাওয়ার। ভারতীয় দলের ক্রিকেটার নির্বাচনের ক্ষেত্রে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রাক্তন বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝা ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন। এবার জাতীয় দলের নির্বাচক কমিটির নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেলেন তিনি। অজিত আগরকরের বিদায়ের পর তাঁর কাঁধে বড় দায়িত্ব বর্তাল।

নতুন সদস্য রমেশ পাওয়ার কে?

ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দুটি টেস্ট এবং ৩১টি একদিনের ম্যাচ খেলেছেন রমেশ পাওয়ার। ক্রিকেটার হিসেবে কেরিয়ার শেষ করার পর কোচিংয়ের জগতেও নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি।

ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন পাওয়ার। এ ছাড়াও মুম্বই এবং গুজরাতের ক্রিকেট দলকে কোচিং করিয়েছেন তিনি। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন।

ভারতীয় মহিলা দলের কোচ থাকাকালীন তাঁর অধীনে এশিয়া কাপ জিতেছিল ভারত। পাশাপাশি কমনওয়েলথ গেমসে রুপোর পদকও পেয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। এবার পুরুষ দলের নির্বাচক কমিটিতে নতুন দায়িত্ব সামলাবেন পাওয়ার।

Advertisement

অজিত আগরকরের আমলে তিনটি আইসিসি ট্রফি

এদিকে, বিদায়ী প্রধান নির্বাচক অজিত আগরকরের অবদানের প্রশংসা করেছে বিসিসিআই। ২০২৩ সালের জুলাই মাসে নির্বাচক কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন আগরকর। তাঁর কার্যকালে ভারতীয় দল তিনটি আইসিসি ট্রফি জিতেছে। এ ছাড়াও দু'বার এশিয়া কাপের খেতাব জিতেছে। এশিয়ান গেমসে পরপর দু'বার সোনার পদকও এসেছে ভারতীয় ক্রিকেট দলের ঝুলিতে।

বিসিসিআইয়ের বিবৃতিতে আগরকরের কার্যকালের সাফল্যের কথা উল্লেখ করা হয়েছে। তাঁর বিদায়ের পর এবার নির্বাচক কমিটির নেতৃত্বে নতুন অধ্যায় শুরু হতে চলেছে।

প্রজ্ঞান ওঝাকে চেয়ারম্যান এবং রমেশ পাওয়ারকে সদস্য হিসেবে নিয়োগের মাধ্যমে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নির্বাচক কমিটির নতুন কাঠামো চূড়ান্ত করল বিসিসিআই। আগামী দিনে জাতীয় দলের ক্রিকেটার বাছাই এবং দল গঠনের ক্ষেত্রে এই কমিটির সিদ্ধান্তের দিকে নজর থাকবে ক্রিকেটমহলের।

Read more!
Advertisement
Advertisement