
রবিবার ইংল্যান্ডের কোচের দায়িত্ব থেকে অবসর নিয়েছেন ব্রেডন ম্যাককুলাম। তাঁর জায়গায় ইংল্যান্ডের কোচের দায়িত্ব পেতে পারেন রাহুল দ্রাবিড়। এমনটাই শোনা যাচ্ছে। এই খবর সত্যি হলে ইতিহাস গড়বেন 'দ্য ওয়াল'। কারণ এর আগে কোনও ভারতীয় ইংল্যান্ড দলের কোচ হননি।
ডেইলি টেলিগ্রাফের একটি প্রতিবেদন অনুসারে, প্রার্থীদের শর্টলিস্ট করার পর তালিকায় দ্রাবিড়ও রয়েছেন, পাশাপাশি সেই তালিকায় আছেন ইংল্যান্ডের প্রাক্তন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার এবং প্রাক্তন স্পিনার রিচার্ড ডসন। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে ২-১ ব্যবধানে সিরিজ হারের পর ইংল্যান্ডের টেস্ট কোচ হিসেবে ম্যাককালামের চার বছরের মেয়াদের অবসান ঘটেছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, আগামী বছরের অ্যাশেজের আগে 'পরিবর্তন আনার এটাই সঠিক সময়', যদিও ম্যাককালাম ইংল্যান্ডের ওডিআই এবং টি-টোয়েন্টি দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।
দ্রাবিড় জোরাল দাবিদার
প্রতিবেদনে দ্রাবিড়কে অনেকটাই এগিয়ে রাখা হয়েছে, কারণ তাঁর সূক্ষ্ম কোচিং স্কিল এবং বিভিন্ন ফরম্যাটে ব্যাপক অভিজ্ঞতা। ৫৩ বছর বয়সী এই কোচ ভারতের সাম্প্রতিককালের অন্যতম সফল। দলকে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা ও ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে দিয়েছেন। খেলোয়াড়দের উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য ভারতের সিনিয়র দল ও বয়সভিত্তিক দলগুলোর সঙ্গে তাঁর কাজ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
তবে, প্রতিবেদনে আরও বলা হয়েছে যে দ্রাবিড় ফুল টাইম কোচ হওয়ার জন্য আগ্রহী নন। 'দ্রাবিড়ের ফুল টাইম কোচিং করার কোনো ইচ্ছা নেই, কিন্তু ইংল্যান্ড টেস্ট দলের কোচের দায়িত্ব পেলে এ দেশে দীর্ঘ সময় কাটানোর সুযোগ পাবেন দ্রাবিড়। ইংল্যান্ডের অন্ততপক্ষে তার আগ্রহ যাচাই করে দেখা উচিত।' ডেইলি টেলিগ্রাফ তাদের প্রতিবেদনে এমনই মত দিয়েছে।
লড়াইয়ে আর কারা আছেন?
জিম্বাবোয়ের প্রাক্তন ক্যাপ্টেন অ্যান্ডি ফ্লাওয়ার এই পদের অন্যতম প্রধান দাবিদার। ফ্লাওয়ার আধুনিক যুগে ইংল্যান্ডের সবচেয়ে সফল কোচ হিসেবে নিজের ছাপ রেখেছেন। তিনটি অ্যাশেজ সিরিজ জয় এবং টেস্টে এক নম্বর র্যাঙ্কিং এনে দিয়েছেন ইংল্যান্ডকে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তিনি দারুণ রেকর্ড গড়েছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে টানা দুটি আইপিএল শিরোপাও জিতেছেন।
কাউন্টি ক্রিকেটে কৌশলগতভাবে বিচক্ষণ কোচ হিসেবে খ্যাতি অর্জন করার পর, বর্তমানে গ্ল্যামারগানের প্রধান কোচ রিচার্ড ডসনও এই দৌড়ে রয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, গুরুত্বপূর্ণ অ্যাশেজ পর্বের আগে ইংল্যান্ড যখন নতুন টেস্ট কোচের সন্ধান শুরু করেছে, তখন শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারা, ইংল্যান্ড লায়ন্স কোচ অ্যান্ড্রু ফ্লিনটফ, পাকিস্তানের হেড কোচ মাইক হেসন এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন কোচ জাস্টিন ল্যাঙ্গারকেও বিবেচনা করা হচ্ছে।