
অবসর নিয়ে চলছিল জল্পনা। রটেছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক লর্ডসের মাঠেই শেষবার ব্যাট হাতে নামবেন। সেই সব জল্পনা উড়িয়েই দুর্দান্ত শতরান করে আরও একবার নিন্দুকদের মুখ বন্ধ করে দিয়েছেন তবে তাতেও রোহিত শর্মার অবসর জল্পনায় লাগাম টানা যাচ্ছে না ২০২৭ সালের একদিনের বিশ্বকাপে কি ভারতীয় দলে দেখা যাবে হিটম্যানকে? ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন আন্তর্জাতিক তারকা, সবার একটাই প্রশ্ন।
রোহিতের অধিনায়কত্বেই ঘরের মাঠে ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স করেছিল টিম ইন্ডিয়া। তা ছাড়া একদিনের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা এই ব্যাটারের দক্ষতা বা বর্তমান ফর্ম নিয়ে সংশয়ের কোনও জায়গা নেই। তবে বাধ সাধছে বয়স এবং ফিটনেস। ২০২৭ বিশ্বকাপে তাঁর বয়স গিয়ে ঠেকবে ৩৯-এ। আর ঠিক এই কারণেই গত কয়েক মাসে ভারতের ওয়ান ডে সিরিজ চলাকালীন বাইশ গজের লড়াইয়ের চেয়েও বেশি চর্চা হয়েছে রোহিতের অবসর ও ক্রিকেটীয় ভবিষ্যৎ নিয়ে।
ব্যাটে জবাব দিচ্ছেন হিটম্যান
পরিসংখ্যান কিন্তু একেবারেই অন্য কথা বলছে। অক্টোবর ২০২৫ থেকে হিসাব কষলে, শেষ ১৫টি একদিনের ম্যাচে ব্যাটেই জবাব দিয়েছেন রোহিত। এর মধ্যে রয়েছে ১২০-র বেশি রানের দুটি এবং চার-চারটি ৭০ ঊর্ধ্ব ইনিংস। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর ১৩৮ রানের ক্ল্যাসিক ইনিংসটি আলাদা মাত্রা যোগ করেছে।
অবসরের জল্পনা
ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচের আগেই অবশ্য ভারতের একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল,২০২৭ বিশ্বকাপের দল গঠনের জন্য তরুণদের দিকেই নজর দিতে চাইছে অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। ব্যাট হাতে সেই সমস্ত জল্পনা উড়িয়ে দিয়েছেন রোহিত।
কী বার্তা অজিঙ্ক রাহানের?
রোহিতের ভবিষ্যৎ নিয়ে যখন নানা কথা চলছে, ঠিক তখনই নির্বাচকদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিলেন ভারতীয় দলের প্রাক্তন সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে। তাঁর বক্তব্য, রোহিতের মতো মাপের এমন তারকার ফর্ম সিরিজ ধরে ধরে বিশ্লেষণ করাই উচিত নয়।
বিসিসিআই এবং নির্বাচকদের খোলামেলা আলোচনার পরামর্শ দিয়ে রাহানে বলেন,'বোর্ড বা নির্বাচক কমিটির উচিত রোহিতের সঙ্গে সরাসরি কথা বলা। আপনারা যদি চান রোহিত ২০২৭ সালের বিশ্বকাপ খেলুক,তবে আজই ওকে সেই আশ্বাস দিন। একজন ক্রিকেটারের মানসিক চাপ না থাকns মন শান্ত থাকে। তখন সে নিজের সেরাটা উজার করে দিতে পারে'।