
IPL 2027-এর দুই বড় আপডেট। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে ফিরতে পারেন রোহিত শর্মা। অন্যদিকে দিল্লি ক্যাপিটালসের কোচিং টিমে আসছেন যুবরাজ সিং। রোহিত শর্মার বিষয়টি এখনও আলোচনার পর্যায়েই রয়েছে। তবে যুবরাজ যে কোচ হিসেবে এন্ট্রি নিচ্ছেন, তা কনফার্মড। ইতিমধ্যেই তাদের অফিসিয়াল পেজ থেকে ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে এক ভিডিয়োয় যুবরাজের কোচ হিসেবে আসার বিষয়টি জানিয়েছেন। ফলে সব মিলিয়ে আগামী আইপিএল সিজনে দুই তারকাকে নিয়ে বেশ একটা তোলপাড় হতে চলেছে।
মুম্বইয়ের অধিনায়ক হতে পারেন রোহিত?
একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ২০২৭ সালের আইপিএলে রোহিতকে ফের অধিনায়ক করার কথা ভাবছে মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্ট। তবে ফ্র্যাঞ্চাইজির তরফে এখনও কোনও অফিসিয়াল ঘোষণা করা হয়নি। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০- এই পাঁচ বছরে রোহিতের নেতৃত্বেই IPL জিতেছিল মুম্বই। কিন্তু ২০২৪ সালের আগে তাঁকে সরিয়ে হার্দিক পাণ্ডিয়াকে ক্যাপ্টেন করা হয়।
হার্দিকের নেতৃত্বে প্রথম সিজনে খুব একটা ভাল পারফর্ম করেনি মুম্বই। পয়েন্ট টেবিলের একেবারে নিচে ঠাঁই হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের। ২০২৫ সালে প্লে-অফে উঠলেও শেষ পর্যন্ত তেমন পারফর্ম করতে পারেনি MI। ২০২০ সালের পর থেকে আর আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। ফলে ফের রোহিতের হাতেই দায়িত্ব তুলে দেওয়ার বিষয়ে আলোচনা করছে ম্যানেজমেন্ট। তবে আপাতত পুরোটাই আলোচনার পর্যায়ে রয়েছে। বাস্তবে এটা হলে যে দুরন্ত কামব্যাক হবে, তা বলাই যায়।
অন্যদিকে হার্দিকের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। আইপিএল-এ হার্দিক এরপর কোথায় যাবেন? মার্কেটে নানা জল্পনা ঘুরছে। কেউ কেউ বলছেন, কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের সঙ্গেও অনেকে তাঁর নাম জোড়েন। তবে কোনও দলবদল চূড়ান্ত হয়েছে বলে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি।
দিল্লির ব্যাটিং কোচ যুবরাজ
দিল্লি ক্যাপিটালসের সহকারী ও ব্যাটিং কোচ হয়েছেন যুবরাজ সিং। আইপিএল ২০২৭-এর আগে এই দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডারের এটাই প্রথম আনুষ্ঠানিক কোচিংয়ের দায়িত্ব। দিল্লির সঙ্গে অবশ্য তাঁর পুরনো সম্পর্ক রয়েছে। ২০১৫ সালে দিল্লি ডেয়ারডেভিলস যুবরাজকে ১৬ কোটি টাকায় কিনেছিল। তখন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছিলেন তিনি।