Advertisement

Rohit Sharma: মুম্বইয়ের দায়িত্ব নিতে প্রথমে রাজি ছিলেন না রোহিত, কেন? নিজেই জানালেন

মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি সাক্ষাৎকারে রোহিত বলেন, 'আমি বিষয়টি নিয়ে স্ত্রীর সঙ্গে কথা বলছিলাম। আকাশ আমাকে ফোন করে। আমরা দেখা করি। দলকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা নিয়ে আলোচনা হয়েছিল। অনেক পরিকল্পনা এবং ভাবনা উঠে এসেছিল।'

রোহিত শর্মা (ছবি: Screengrab from X/@mipaltan)রোহিত শর্মা (ছবি: Screengrab from X/@mipaltan)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Nov 2026,
  • अपडेटेड 12:09 PM IST
  • আমি বিষয়টি নিয়ে স্ত্রীর সঙ্গে কথা বলছিলাম
  • আকাশ আমাকে ফোন করে
  • অনেক পরিকল্পনা এবং ভাবনা উঠে এসেছিল

২০২৭ সালের আইপিএলে ফের মুম্বই ইন্ডিয়ান্সের দায়িত্বে রোহিত শর্মা। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের হাতেই ক্যাপ্টেন্সির ভার দিল এমআই। তবে অধিনায়কত্বে ফেরার প্রস্তাব পেয়ে প্রথমেই তিনি সম্মতি দেননি। বরং সিদ্ধান্ত নেওয়ার আগে বেশ কিছুটা সময় নিয়েছিলেন। সাম্প্রতিক মরসুমগুলিতে দলের খারাপ পারফরম্যান্স এবং নিজের মানসিক অবস্থা নিয়ে ভাবনাচিন্তা করেছেন। তারপরই শেষ পর্যন্ত দায়িত্ব নিতে রাজি হন ৩৯ বছরের রোহিত।

শুক্রবার রোহিতকে আবার অধিনায়ক করার কথা ঘোষণা করে মুম্বই ইন্ডিয়ান্স। হার্দিক পান্ডিয়ার জায়গায় দায়িত্ব এলেন তিনি। ট্রেডের মাধ্যমে হার্দিক চলে গিয়েছেন পাঞ্জাব কিংসে। এই চুক্তিতে মুম্বইয়ে এসেছেন পেসার অর্শদীপ সিং।

কীভাবে আবার অধিনায়ক হলেন রোহিত?
মুম্বই ইন্ডিয়ান্সের কর্ণধার আকাশ আম্বানির সঙ্গে আলোচনার পরই বিষয়টি চূড়ান্ত হয়। দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে রোহিতের সঙ্গে দেখা করেছিলেন আকাশ। সেখানেই তাঁকে ফের নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।

মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি সাক্ষাৎকারে রোহিত বলেন, 'আমি বিষয়টি নিয়ে স্ত্রীর সঙ্গে কথা বলছিলাম। আকাশ আমাকে ফোন করে। আমরা দেখা করি। দলকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা নিয়ে আলোচনা হয়েছিল। অনেক পরিকল্পনা এবং ভাবনা উঠে এসেছিল।'

তবে অধিনায়কত্বের প্রস্তাব শুনে প্রথমে রাজি হননি রোহিত। তাঁর মনে হয়েছিল, সেই মুহূর্তে নতুন করে দায়িত্ব নেওয়ার মতো মানসিক প্রস্তুতি তাঁর নেই। গত কয়েকটি মরসুমে দলের খারাপ পারফরম্যান্সও তাঁকে ভাবিয়েছিল।

রোহিতের কথায়, 'সত্যি বলতে, প্রথমে আমার মনে হয়েছিল, এই মুহূর্তে আমি এখন প্রস্তুত নই। বিষয়টি নিয়ে আলাদা করে ভাবতে হয়েছিল আমায়। অনেক কিছু ঘটে গিয়েছে। আমি নিজেই নিশ্চিত ছিলাম না, অধিনায়কত্ব করার মতো মানসিক অবস্থায় রয়েছি কি না।'

ভেবেচিন্তে নিজের সিদ্ধান্ত বদলান রোহিত। তাঁর মনে হয়েছিল, ঘুরে দাঁড়াতে হলে মুম্বই ইন্ডিয়ান্সকে সঠিক দিশা দেখানো প্রয়োজন। তবে দলের নেতৃত্ব দেওয়ার জন্য যে তাঁকেই দরকার, এমনটা মনে করেন না তিনি।

Advertisement

রোহিত বলেন, 'মনের ভিতর থেকে একটা অনুভূতি হয়েছিল। আমি বলছি না, এই দলের নেতা হিসেবে আমাকে প্রয়োজন। আমার মনে হয়েছে, দলের সঠিক দিশা প্রয়োজন।'

শেষ পর্যন্ত পুরনো দায়িত্ব ফের গ্রহণ করেন রোহিত। ১০ বছর মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক ছিলেন তিনি। তাঁর নেতৃত্বেই পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। এবার আরও একবার সেই দায়িত্ব সামলাতে প্রস্তুত তিনি।

রোহিতের কথায়, 'আমি বুঝতে পেরেছিলাম, এই দলটাকে আমিই তৈরি করেছি। ১০ বছর এই দলের অধিনায়কত্ব করেছি। তাই মনে হয়েছিল, আরও একবার এই চ্যালেঞ্জ গ্রহণ করার সময় এসেছে।'

সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে চায় মুম্বই
প্রসঙ্গত, মুম্বই ইন্ডিয়ান্সের শেষ আইপিএল ট্রফি পেয়েছিল ২০২০ সালে। তারপর থেকে আর চ্যাম্পিয়ন হতে পারেনি তারা। ২০২১ সালে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে শেষ করে মুম্বই। ২০২২ সালে নেমে যায় একেবারে শেষ জায়গায়।

২০২৩ সালের আইপিএলের পর রোহিতের জায়গায় হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করে ফ্র্যাঞ্চাইজি। কিন্তু তাতেও ধারাবাহিক সাফল্য আসেনি। ২০২৪ সালে দশম স্থানে শেষ করে মুম্বই। ২০২৫ সালে কোয়ালিফায়ার ২ পর্যন্ত পৌঁছলেও ২০২৬ সালে আবার নবম স্থানে নেমে যায় তারা।

দলের এই পারফরম্যান্সে ক্রিকেটারদের মধ্যেও হতাশা তৈরি হয়েছিল। রোহিত বলেন, 'ক্রিকেটার হিসেবে আমরা যেভাবে খেলছিলাম, তাতে যথেষ্ট হতাশ ছিলাম। পেশাদার খেলোয়াড়দের জীবনে এমনটা হয়। আমি এক-দু'জন ক্রিকেটারের কথা বলছি না। গোটা দলের কথাই বলছি।'

ক্রিকেট উপভোগ করাই টার্গেট
অধিনায়ক হিসেবে ফিরেছেন রোহিত। এবার দলের মানসিকতায় বদল আনতে চান। নতুন মরসুমে এখনই ট্রফি জয়ের চাপ নিতে নারাজ তিনি। বরং প্রথমে ক্রিকেট উপভোগ করার উপর জোর দিতে চান।

 

Read more!
Advertisement
Advertisement