
আইসিসি হল অফ ফেমে জায়গা করে নিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এ খবর জানালেন সৌরভ নিজেই। ধন্যবাদ জানালেন, আইসিসি প্রেসিডেন্ট জয় শাহকে। যদিও আইসিসি-র পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি এ ব্যাপারে।
তবে এর আগেই সৌরভ লেখেন, 'আমাকে আইসিসির হল অফ ফেমে জায়গা দেওয়ার জন্য আইসিসি ও চেয়ারম্যান জয় শাহকে ধন্যবাদ। এটা খুবই বড় সম্মান। হল অফ ফেমে ১০ পুরুষ ভারতীয় ক্রিকেটারের মধ্যে একজন হতে পারলাম। কত বড় বড় নামের পাশে জায়গা পেলাম।'
ক্রিকেটে অসাধারণ অবদানের জন্য এই সম্মান দিয়ে থাকে আইসিসি। ২০০৯ সালের জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে এই ‘হল অফ ফেম’। ভারতের প্রথম ক্রিকেটার হিসাবে এই তালিকায় জায়গা পেয়েছিলেন সুনীল গাওস্কর (২০০৯)। বাকিরা হলেন, বিষণ সিংহ বেদি (২০০৯), কপিল দেব (২০১০), অনিল কুম্বলে (২০১৫), রাহুল দ্রাবিড় (২০১৮), সচিন তেন্ডুলকর (২০১৯), বিনু মাঁকড় (২০২১), বীরেন্দ্র সহবাগ (২০২৩) ও মহেন্দ্র সিংহ ধোনি (২০২৫)। সেই তালিকায় ঢুকলেন সৌরভ (২০২৬)। তবে ১০ পুরুষ ক্রিকেটার ছাড়া দুই মহিলা ক্রিকেটারও এই জায়গা পেয়েছেন ‘হল অফ ফেম’-এ। তাঁরা হলেন ডায়ানা এডুলজি (২০২৩) ও নীতু ডেভিড (২০২৪)।
ভারতকে মোট ১৯৬টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সৌরভ। এর মধ্যেই জিতেছেন ৯৭টি ম্যাচ। ২০০১ সালে দেশের মাটিতে স্টিভ ওয়ার অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার বর্ডার গাভাস্কার ট্রফি ঘরে তুলেছিল ভারত। এরপর ২০০৪ সালে পাকিস্তানে গিয়ে ভারত প্রথমবার সিরিজ জিতে নেয়। চ্যাম্পিয়ন্স ট্রফি যৌথভাবে জিতেছে ভারত। সৌরভের নেতৃত্বে ন্যাটওয়েস্ট ট্রফিও জয় পেয়েছে সৌরভের ভারত। ২০০৩ সালে তাঁর নেতৃত্বে বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল ভারত।
ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর, প্রশাসনে এসেছেন সৌরভ। প্রথমে সিএবি সভাপতি হিসেবে কাজ করেছেন বাংলার মহারাজ। এরপর পেয়েছেন বিসিসিআই-এর সভাপতির দায়িত্ব। কোভিডের সময় আইপিএল করানো, মহিলা ক্রিকেটারদের বেতন কাঠামোর উন্নতি হয়েছে তাঁর আমলেই। তা ছাড়া আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট ও দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচের ভূমিকাতেও দেখা গিয়েছে তাঁকে।