
রাত পোহালেই মহারণে নামতে চলেছে ভারত ও পাকিস্তান। টি২০ বিশ্বকাপের গ্রুপ বপরবের এই ম্যাচ নিয়ে হওয়া নাটক আরও উত্তেজক করে দিয়েছে এই ম্যাচকে। তবে খাতায় কলমে তো বটেই, সৌরভ গঙ্গোপাধ্যায়ের চোখেও এগিয়ে থেকেই মাঠে নামবে ভারত। পাক অফস্পিনার উস্মান তারিককে নিয়ে কথা হলেও, ভারতের বিরুদ্ধে তিনি ফ্যাক্টর নন বলে মত সৌরভের।
উসমানের বোলিং অ্যাকশন নিয়ে অনেক কথা হলেও, কিছুকেই গুরুত্ব দিতে চাইছেন না সৌরভ। খেলোয়াড় জীবনে অফস্পিনের বিরুদ্ধে দারুণ আক্রমণ করতেন সৌরভ। সেই ভঙ্গিতেই প্রশ্নের উত্তর দিলেন। উসমান তারিকের বল নিয়ে প্রশ্ন ওঠায় সৌরভ বলেন, 'টি২০তে ভারত ভাল দল ওদের হারান সহজ হবে না। না না কিছু হবে না। ও তো অফস্পিনার। একটু দাঁড়িয়ে বল করে আরকি। ও তো একজন অফস্পিনারই। ভারত ভাল খেলবে।'
প্রেমদাসায় স্পিন সহায়ক পিচ। দলে কি আরও একজন স্পিনার অর্থাৎ ওয়াশিংটন সুন্দরকে আনা উচিত? সৌরভ যদিও উইনিং কম্বিনেশন ভাঙার পক্ষে নন। তিনি বলেন, 'অক্ষর, বরুণ, বুমরা, অর্শদীপ এই চার জনই। মনে হয় না রিঙ্কুর জায়গায় কুলদীপ সুযোগ পাবে।' টপ অর্ডারে ভারতের স্পিন অপশন নেই সে কথা স্বীকার করলেও দলে বদল হবে না বলেই মনে করেন সৌরভ।
ভারতের ব্যাটিং নিয়ে সমস্যার কথা উঠে এসেছে আমেরিকা ও নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচের পর। যদিও তাকেও পাত্তা দিতে নারাজ সৌরভ। তিনি বলেন, 'টি২০ ক্রিকেটে এক দুইজনই যথেষ্ট দলকে জেতানোর জন্য। ভারত ভাল খেলবে শেষ ২৬টা টি২০ ম্যাচের মধ্যে ২৫টা জিতেছে।' দলে অভিষেক শর্মা জদি নাও থাকেন তা হলেও ভারতের জিততে সমস্যা হওয়ার কথা নয় বলে মত মহারাজের। তিনি বলেন, 'ভারতে প্রচুর ম্যাচ উইনার আছে। অভিষেক না থাকলেও সমস্যা নেই।'
পেটের সংক্রমণ ও জ্বরের জন্য নামিবিয়া ম্যাচের আগে ভারতের তারকা ওপেনারকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। সূত্রের খবর দুর্বলতা থাকলেও অভিষেককে নিয়ে সিদ্ধান্ত কাল নেওয়া হবে। তবে তিনি খেলতে পারেন বলেই মনে করা হচ্ছে।