
রঞ্জি ট্রফিতে ইতিহাস গড়ার পথে জম্মু ও কাশ্মীর। ক্যাপ্টেন পরশ ডোগরার নেতৃত্বে প্রথমবার ট্রফি জয়ের কাছাকাছি তাঁরা। জম্মু-কাশ্মীরের সাফল্যে উচ্ছ্বসিত সৌরভ। বিশেষ করে পেসার আকিব নবিকে নিয়ে আশা দেখছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পাশাপাশি সাংবাদিকদের সামনেও প্রশংসা করলেন মহারাজ। আসন্ন ইংল্যান্ড সফরে টেস্ট দলে আকিবকে জায়গা দেওয়ার পক্ষে সয়াল তাঁর।
এই মরসুমে এখনও পর্যন্ত ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়েছেন। চলতি ম্যাচে কর্ণাটকের প্রথম ইনিংসে ৫৪ রান খরচ করে ৫ উইকেট তুলে নিয়েছিলেন। প্রতিপক্ষ কর্নাটক দলের কেএল রাহুল, ময়ঙ্ক আগরওয়াল ও করুণ নায়ার শিকারের তালিকায় রয়েছেন আকিব নবির। ধারাবাহিকভাবে ভাল পারফর্ম করা আকিব ভাল পারফরম্যান্স করে চলেছেন। দুরন্ত ফর্মে থাকা আকিব নবিকে তাই দ্রুত ভারতীয় দলে দেখতে চান সৌরভ। আসন্ন ইংল্যান্ড সফরেই ভারতীয় দলের জার্সিতে আকিবকে ২২ গজে দেখতে চান। গত আইপিএল এর নিলাম থেকে মোটা টাকায় দল পেয়েছেন ২৯ বছরের আকিব।
আগামী জুলাই মাসে শুভমন গিলের নেতৃত্বে ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজ খেলতে উড়ে যাবে ভারতীয় দল। নিজের এক্স হ্যান্ডেলে করা পোস্টের মাধ্যমে সৌরভ লিখেছেন, 'জম্মু কাশ্মীর গােটা বিশ্বকে দেখাচ্ছে যে কেমনভাবে ইচ্ছেশক্তি থাকলে এভাবে খেলা যায়। মরিয়া চেষ্টা করতে হয়। ওরা ওদের মানুষদের ও ওদের এলাকাকে আরও গর্বিত করে তুলেছে। কঠিন পরিস্থিতি ও পরিবেশ মানুষকে আরও শক্তি দেয়। আমার এমনটাও মনে হয় যে আকিব নবিকে বেশিদিন জাতীয় দল থেকে দূরে রাখা যাবে না। আগামী গ্রীষ্মে ইংল্যান্ড সফরের ভারতীয় দলে ওকে দেখা যেতে পারে।'
কর্ণাটকের বিরুদ্ধে জয় প্রায় সময়ের অপেক্ষা জম্মু ও কাশ্মীরের জন্য। প্রথম ইনিংসে ৫৮৪ রান করার পর কর্ণাটককে ২৯৩ রানে অল আউট করে জম্মু-কাশ্মীর। জবাবে ব্যাট করতে নেমে উইকেট আঁকড়ে পড়ে আছেন পরশ ডোগরারা। প্রায় ৬০০ রানের কাছাকাছি লিড। পঞ্চম দিনের খেলা চলছে। ফলে আউটরাইট জয় না হলেও, প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে চ্যাম্পিয়ন হবে জম্মু-কাশ্মীর।