
পরপর দুইবার ভারত টি২০ বিশ্বকাপ জিততে পারবে? দারুণ ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। তবে সমস্যার জায়গা বোলিং। অন্যদিকে নিউজিল্যান্ডও দুর্দান্ত ছন্দে। ফলে জমজমাট ম্যাচ আশা করছেন ফ্যানরা। তিন নম্বর ট্রফি জিততে পারলে রেকর্ড হবে ভারতের। আর সেটাই আশা সুনীল ছেত্রীর। ভারতীয় ফুটবলের তারকা মনে করেন, কাপ জিতবে ভারতই।
কী বললেন সুনীল?
আইএসএল-এ মহমেডান স্পোর্টিং-এর বিরুদ্ধে খেলতে কলকাতায় এসেছে বেঙ্গালুরু এফসি। সেই ম্যাচের পর সাংবাদিকদের সঙ্গে কথা বোলার সময় টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানালেন সুনীল। তাঁর সময়কার কোনও ক্রিকেটার নেই বলে আক্ষেপও শোনা গেল। সুনীল বলেন, 'ভারতীয় দল একেবারে নতুন দারুণ খেলছে। যাদের সঙ্গে আমার পরিচয় ছিল সবাই চলে গিয়েছে। ভারত ক্রিকেটে সুপার পাওয়ার। আমার ফাইনালের জন্য শুভেচ্ছা থাকবে।'
ভারতীয় দল চ্যাম্পিয়ন হবে বলে আশাবাদী সৌরভও
সৌরভ গঙ্গোপাধ্যায়ও মনে করেন ভারত ফাইনাল জিতে নেবে। 'বিগ বস'- এর অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৌরভকে বলতে শোনা যায়, 'ভারত বিশ্বকাপ জিতবে খুব ভাল দল। সবাই ছক্কা মারতে পারে। আর সেটাই করবে।
ঘরের মাঠে বিশ্বজয়ের খরা কাটাতে পারবে ভারত? মেগা ফাইনালের আগে ভারতীয় শিবিরে কাঁটা হয়ে বিঁধছে মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীর ফর্ম। সেমিফাইনালে ওয়াংখেড়েতে ইংরেজ ব্যাটারদের দাপটে দিশেহারা বরুণ কার্যত রানের বন্যা বইয়ে দিয়েছিলেন। ৪ ওভারে ৬৪ রান। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে তাঁর রাতের ঘুম কেড়ে নিতে কী যথেষ্ট। কিন্তু খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা সেই স্পিনারের হাতেই কি ফের বিষ তুলে দেবেন সূর্যকুমার যাদব? শনিবার আমদাবাদে দাঁড়িয়ে ভারত অধিনায়ক যে বার্তা দিলেন, তাতে কিন্তু স্পষ্ট এখনই বরুণকে ‘বাতিল’ করার বান্দা তিনি নন।
সাংবাদিক বৈঠকে চনমনে মেজাজে থাকা সূর্য জানান, “বরুণকে নিয়ে আমরা একেবারেই চিন্তিত নই। ও বিশ্বের এক নম্বর বোলার। ক্রিকেটে সবারই একটা খারাপ দিন যায়। কিন্তু তাই বলে ওর ওপর থেকে ভরসা উঠে যেতে পারে না।” সেমিফাইনালে বিশাল রান খরচ করলেও বরুণের ওপর দলের এই অটুট আস্থা কিউয়িদের বিরুদ্ধে রণকৌশলের অংশ বলেই মনে করা হচ্ছে। তবে তলে তলে একটা প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছেই। মোতেরার লাল মাটির পিচে কি বরুণই খেলবেন, নাকি তাঁর জায়গায় আনা হবে চায়নাম্যান কুলদীপ যাদবকে? প্রশ্নবাণ সামলে সূর্য শুধু একগাল হেসে বললেন, “টসের সময় সব জানতে পারবেন।” কোচ গৌতম গম্ভীরের প্রিয় ছাত্র বরুণ কি রবিবাসরীয় সন্ধ্যায় মিস্ট্রি স্পিন দিয়ে কিউয়ি দুর্গ চুরমার করতে পারবেন? উত্তরের অপেক্ষায় গোটা দেশ।