
বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনাল খেলবেন গত বারের চ্যাম্পিয়ন ভারত। এই নিয়ে পর পর তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি দু'দল। শক্তিশালী প্রতিপক্ষ ইংল্যান্ড, ম্যাচের আগে স্বীকার করে নিলেন ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল।
ওদের উপরেই চাপ থাকবে
ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক জানিয়ে দিলেন, তাঁরা ভারতের বিরুদ্ধেই খেলতে চেয়েছিলেন। তিনি বলেন, 'আমরা তৈরি। শুনছি দলের অনেকেই বলছে, ওরা ভারতের বিরুদ্ধে খেলতে চাইছিল। সেমিফাইনালে ভারতকেই চাইছিলাম আমরা। দারুণ একটা ম্যাচ হবে। দু'দলের উপরেই প্রচণ্ড চাপ থাকবে।'
ইংল্যান্ডকে সমীহ ভারতেরও
ইংল্যান্ডকে সমীহ করে মর্কেল বলেছেন, 'ইংল্যান্ড বেশ ভাল দল। ভয়ডরহীন হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলে ওরা। মনে হয় ভাল লড়াই হবে। চতুর ক্রিকেট খেলে। দারুণ সব ক্রিকেটার রয়েছে। ওদের ব্যাটিং গভীরতা ভাল, যা একটা দলকে বিপজ্জনক করে তোলে। উইকেট নেওয়ার মতো বোলারও রয়েছে ইংল্যান্ডের।' পাশাপাশি নিজেদের নিয়েও আত্মবিশ্বাসী তিনি। মর্কেল যোগ করেছেন, 'আমাদের দলও কিন্তু বেশ ভাল। বেশ কয়েক জন দুর্দান্ত ক্রিকেটার রয়েছে। যে কেউ দাঁড়িয়ে যেতে পারে। যে কেউ জেতাতে পারে। আশা করব, আগামী কাল সকলে সেমিফাইনালের প্রত্যাশিত পারফরম্যান্স করবে।'
অভিষেক শর্মার ফর্ম নিয়ে সমস্যায় ভারত
বিশ্বকাপে ভারতীয় দলের ওপেনার অভিষেক শর্মার ফর্ম নিয়ে আলোচনা ক্রমশ বাড়ছে। ভারতীয় দলের বোলিং কোচ মনি মর্কেল সঞ্জু স্যামসনের থেকে অভিষেককে শেখার পরামর্শ দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ জেতানো ৯৭ রানের নায়কোচিত ইনিংস খেলেছেন সঞ্জু। প্রথম একাদশে ব্রাত্যই সঞ্জুই জ্বলে উঠলেন গুরুত্বপূর্ণ ম্যাচে। মর্কেল বলেন 'খেলাটাকে অনেক সময় কঠিন এবং নিষ্ঠুর মনে হয়। সঞ্জু স্যামসনের উদাহরণ দেওয়া যায়। ওকে দেখে শিখতে পারে অভিষেক। তাতে উপকৃত হতে পারে। আমার মনে হয়, দু'-একটা শট ঠিক মতো খেলতে পারলেই আত্মবিশ্বাস ফিরে পাবে।' ২০২৪-এর পর ২০২৬-এও কাপ জিততে মরিয়া ভারতীয় দল। কারণ এর আগে কোনও দলই পরপর দুইবার টি২০ বিশ্বকাপ জিততে পারেনি।