
মাত্র ১৫ বছর বয়সেই বিশ্বমঞ্চে বড় স্বীকৃতি। ভারতের তরুণ ক্রিকেট প্রতিভা বৈভব সূর্যবংশীর নাম জায়গা করে নিল TIME ম্যাগাজিনের TIME100 Next 2026 তালিকায়। ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলতে পারেন, এমন ১০০ জন উদীয়মান প্রতিভাকে নিয়ে তৈরি এই তালিকায় বৈভবই এ বছর সবচেয়ে কমবয়সি। শুধু তাই নয়, তালিকায় জায়গা পাওয়া একমাত্র ভারতীয় ক্রীড়াবিদও তিনি।
৩০ সেপ্টেম্বর TIME তাদের TIME100 Next 2026 তালিকা প্রকাশ করেছে। খেলাধুলা, বিনোদন, রাজনীতি এবং ব্যবসা-সহ বিভিন্ন ক্ষেত্রে আগামী দিনে যাঁরা বড় প্রভাব ফেলতে পারেন, তাঁদেরই এই তালিকায় রাখা হয়েছে। বৈভবের সঙ্গে তালিকায় জায়গা পেয়েছেন আরও ছয় ক্রীড়াবিদ। তাঁদের মধ্যে রয়েছেন আমেরিকান ফুটবল কোয়ার্টারব্যাক আর্চ ম্যানিং, NBA তারকা টাইরিজ ম্যাক্সি, ফুটবলার নাওমি গিরমা ও ফোলারিন বালোগুন, টেনিস খেলোয়াড় আলেক্সান্দ্রা এলা এবং বাস্কেটবল খেলোয়াড় অলিভিয়া মাইলস।
TIME-এর CEO জেসিকা সিবলি জানিয়েছেন, এ বছরের সম্মানিতরা নিজেদের ক্ষেত্রে সীমা ভাঙছেন, নতুন সম্ভাবনা তৈরি করছেন এবং বিশ্বজুড়ে নিজেদের ক্ষেত্র ও সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই তালিকায় ১৫ বছরের বৈভবের জায়গা পাওয়া যে তাঁর দ্রুত উত্থানেরই স্বীকৃতি, তা বলার অপেক্ষা রাখে না।
বৈভবের উত্থান শুরু হয় খুব অল্প বয়সেই। ২০২৪ সালে মাত্র ১৩ বছর বয়সে IPL নিলামে তাঁকে ১.১ কোটি টাকায় কিনেছিল রাজস্থান রয়্যালস। এর ফলে IPL নিলামে চুক্তিবদ্ধ হওয়া সর্বকনিষ্ঠ ক্রিকেটার হয়েছিলেন তিনি। পরের বছর IPL-এ অভিষেক করেন বৈভব।
এরপরই একের পর এক রেকর্ড। পুরুষদের T20 ক্রিকেটে শতরান করা সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে নজির গড়েন তিনি। তাঁর ব্যাটিং প্রতিভা এবং দ্রুত রান করার ক্ষমতা তাঁকে ভারতীয় ক্রিকেটের অন্যতম আলোচিত তরুণ প্রতিভায় পরিণত করে।
এরপর আন্তর্জাতিক ক্রিকেটেও ইতিহাস তৈরি করেন বৈভব। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারে ভারতের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় তাঁর। এর ফলে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের হয়ে খেলা সর্বকনিষ্ঠ ক্রিকেটার হয়ে ওঠেন বৈভব।
শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও দ্রুত বাড়ছে বৈভবের জনপ্রিয়তা। তাঁর সঙ্গে ইতিমধ্যেই একাধিক বড় ব্র্যান্ড চুক্তি করেছে। Zydus Wellness-এর Complan-এর নতুন ‘India ka Complan Boy’ হিসেবে দেখা যাচ্ছে তাঁকে। Google Pay-এর একটি বিজ্ঞাপনেও রয়েছেন তিনি, যেখানে কিশোর-কিশোরীদের নিরাপদে টাকা ব্যবহারের বিষয়ে সচেতন করা হচ্ছে। পাশাপাশি Red Bull-এরও ব্র্যান্ড অ্যাম্বাসাডর বৈভব।
ব্যাট প্রস্তুতকারী সংস্থা SS Bats বা Sareen Sports-এর সঙ্গেও বৈভবের চুক্তি রয়েছে। রিপোর্ট অনুযায়ী, এই চুক্তির মূল্য বছরে প্রায় ৫০ লক্ষ টাকা। তাঁর নামে সংস্থাটি ‘Vaibhav Sooryavanshi Edition’ ব্যাটও বাজারে এনেছে।
এর পাশাপাশি ঝাড়খণ্ড স্বাস্থ্য দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেও নিযুক্ত হয়েছেন বৈভব। সেখানে মূল লক্ষ্য, তরুণ প্রজন্মের মধ্যে ফিটনেস এবং সুস্থ জীবনযাপন সম্পর্কে সচেতনতা তৈরি করা।
বৈভবের জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাঁর বাণিজ্যিক মূল্যও। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, তাঁর একটি ব্র্যান্ড এনডোর্সমেন্টের পারিশ্রমিক এখন ১ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে। IPL-এর বেতন, ম্যাচ ফি, ঘরোয়া ক্রিকেটের আয় এবং একের পর এক ব্র্যান্ড চুক্তি মিলিয়ে তাঁর মোট সম্পত্তির পরিমাণ বর্তমানে আনুমানিক ৭ থেকে ১০ কোটি টাকার মধ্যে বলে রিপোর্টে দাবি করা হয়েছে।
মাত্র ১৫ বছর বয়সে TIME100 Next-এর মতো আন্তর্জাতিক তালিকায় জায়গা পাওয়া তাই বৈভবের জন্য আরও একটি বড় মাইলস্টোন। বিশ্বজুড়ে ক্রিকেটের বাইরে থাকা দর্শকদের কাছেও তাঁর পরিচিতি বাড়ছে। রান, শতরান বা রেকর্ডের পাশাপাশি তাঁর বাণিজ্যিক জনপ্রিয়তা এবং আন্তর্জাতিক পরিচিতিও যে দ্রুত বাড়ছে, TIME-এর এই স্বীকৃতি তারই ইঙ্গিত।
ভারতীয় ক্রিকেটে আগামী দিনের তারকা কারা হতে পারেন, সেই আলোচনায় বৈভব সূর্যবংশীর নাম ইতিমধ্যেই উঠে এসেছে। এবার TIME-এর আন্তর্জাতিক স্বীকৃতি সেই আলোচনাকে আরও বড় মঞ্চে পৌঁছে দিল।