Advertisement

Vinod Kambli: কাম্বলির ব্রেন স্ট্রোক হতে পারে যে কোনও মুহূর্তে? সাহায্যে সচিনরা টাকা তুলছেন

ফের অসুস্থ বিনোদ কাম্বলি। দুই বছর আগে মস্তিস্কে রক্ত জমাট বাধায় তাঁকে হাসপাতালে ভরতি হতে হয়। ৫৪ বছর বয়সী এই প্রাক্তন তারকার মস্তিস্কে এখনও রক্ত জমাট বেঁধে রয়েছে বলে জানা যাচ্ছে। আর সে কারণেই উদ্বেগ বাড়ছে। স্মৃতিশক্তি অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর ব্রেন স্ট্রোকের ঝুঁকি রয়েছে। 

Aajtak Bangla
  • মুম্বই,
  • 16 Apr 2026,
  • अपडेटेड 4:08 PM IST

ফের অসুস্থ বিনোদ কাম্বলি। দুই বছর আগে মস্তিস্কে রক্ত জমাট বাধায় তাঁকে হাসপাতালে ভরতি হতে হয়। ৫৪ বছর বয়সী এই প্রাক্তন তারকার মস্তিস্কে এখনও রক্ত জমাট বেঁধে রয়েছে বলে জানা যাচ্ছে। আর সে কারণেই উদ্বেগ বাড়ছে। স্মৃতিশক্তি অনেকটাই দুর্বল হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর ব্রেন স্ট্রোকের ঝুঁকি রয়েছে। 

তাঁর এক ঘনিষ্ঠ বন্ধু মার্কাস কুটো জানিয়েছেন, কাম্বলির মস্তিষ্কে রক্ত জমাট (ক্লট) রয়েছে। যা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। তিনি বলেন, 'আমরা ওর বন্ধুদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছি। মূলত প্রাক্তন ক্রিকেটাররাই সেখানে রয়েছেন। কেউ নাম প্রকাশ না করে নিয়মিত আর্থিক সাহায্য করছেন। ওর স্মৃতিশক্তি খুব একটা ভালো অবস্থায় নেই। তবে স্বস্তির বিষয়, গত ছ’মাসে তার আর অবনতি হয়নি। কখনও কখনও ওর কিছু মনে পড়ে। কিন্তু বেশিরভাগ সময়ই সমস্যা হয়। বিনোদের মস্তিষ্কে একটি ক্লট রয়েছে। যা প্রাথমিক পর্যায়ে যথাযথ সতর্কতা না নেওয়ায় এখন আর অপসারণ করা সম্ভব নয়। চিকিৎসকেরা বলছেন, ওর ব্রেন স্ট্রোক হওয়ার ঝুঁকি রয়েছে।'

তিনি আরও জানান, 'খ্যাতনামা এক নিউরোসার্জন জানিয়েছেন, বিনোদের ক্ষেত্রে পরবর্তী পর্যায়ে ব্রেন স্ট্রোকের আশঙ্কা রয়েছে। যদিও এখন ও মদ্যপান ছেড়ে দিয়েছে। তবুও মাঝেমধ্যে সিগারেট চায়। পথচলতি মানুষ ওকে চিনে সাহায্য করলেও, এতে তাঁর যে ক্ষতি হচ্ছে তা অনেকেই বুঝতে পারেন না। বর্তমানে তাঁর সমস্যা হৃদ্‌যন্ত্র, লিভার বা কিডনিতে নয়, মূল সমস্যা তাঁর মস্তিষ্কে। যার প্রভাবেই শরীরের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে।'

বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন কাম্বলি। তাঁর লড়াই এখন জীবনের জন্য। আর সেই লড়াইয়ে তাঁর পাশে রয়েছেন সতীর্থ, বন্ধু এবং অনুরাগীরা। এর আগে ২০১৩ সালে দু’বার অস্ত্রোপচার হয় কাম্বলির। তখন চিকিৎসার ব্যয়ভার বহন করেছিলেন শৈশবের বন্ধু সচিন তেণ্ডুলকর। প্রসঙ্গত, দেশের হয়ে ১০৪টি ওয়ানডে ও ১৭টি টেস্ট খেলেছেন তিনি। কেরিয়ারের শুরুতে অনেক মাইলফলকই অর্জন করেছিলেন। পরপর দু’টি দ্বিশতরানের রেকর্ডও তাঁর নামে। কিন্তু খুব দ্রুতই হারিয়ে যান ক্রিকেট থেকে। উল্লেখ্য, সম্প্রতি একটি আইসক্রিম সংস্থার বিজ্ঞাপনের শুটিংয়েও অংশ নিয়েছেন কাম্বলি। তবে এখনও তাঁর শারীরিক অবস্থার উন্নতি সেভাবে হয়নি।

Advertisement

Read more!
Advertisement
Advertisement