
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে পরপর চোট পেলেন বিরাট ও রোহিত। প্রথম ইনিংসে ব্যাট করলেও, ফিল্ডিং করতে আর মাঠে নামেননি বিরাট। আর ব্যাট করতে করতেই সাজঘরে ফিরতে হল রোহিত শর্মাকে।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বিরাট কোহলিকে দেখা গেল অন্য রূপে। প্রথম ইনিংসে ব্যাট করলেও, ফিল্ডিং করতে আর মাঠে নামেননি বিরাট। যা সাধারণত নজিরবিহীন। কোহলি ম্যাচ খেলছেন, অথচ ফিল্ডিংয়ে নামছেন না- এমন দৃশ্য সাধারণত দেখা যায় না। ফলে ডাগ আউটে কোহলিকে জ্যাকেট পরে বসে থাকতেই আশঙ্কা ছড়ায় ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তবে কি চোট পেয়েছেন বিরাট কোহলি? পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে এসে বিরাট কোহলির চোট নিয়ে লেটেস্ট আপডেট দেন RCB-র ক্যাপ্টেন রজত পাতিদার।
আসলে গতকাল কোহলি হাফ-সেঞ্চুরি করলেও আগের ইনিংসের আগ্রাসী বিরাটকে এদিন মিস করেছেন দর্শকেরা। চলতি সিজনের শুরু থেকেই মারকুটে বিরাটকে দেখতে অভ্যস্ত রয়েছেন বিরাটপ্রেমীরা। কিন্তু এদিন আগ্রাসী ছন্দ থেকে বাইরে ৩৮ বলে ৫০ রান করেন কোহলি। যেখানে স্ট্রাইক রেট ছিল মাত্র ১৩১.৫৮। কিন্তু গত তিনটি ইনিংসেই কোহলির স্ট্রাইক রেট ১৫০-র বেশি ছিল। ফলে মুম্বইয়ের বিরুদ্ধে কিছুটা যেন ফিকে লেগেছে কিং কোহলিকে। যদিও একটি ম্যাচ দিয়েই কোনও কিছু বিচার করা উচিত নয় বলেই মানছেন দর্শকেরাও।
৫০ রানে আউট হওয়ার পর দৃশ্যতই নিজের উপর বিরক্ত দেখিয়েছে কোহলিকে। বাউন্ডারি পেরিয়ে ক্ষোভে নিজের গ্লাভস, হেলমেট ছুঁড়ে ফেলে দেন বিরাট। এরপর আর ফিল্ডিংয়ে নামেননি কিং কোহলি।
জানা গিয়েছে বিরাটের গোড়ালিতে সমস্যা রয়েছে। সেই কারণেই তিনি মাঠে নামেননি। যদিও তারপর ১৮ রানে জয়লাভ করে পাতিদার ব্রিগেড। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে পাতিদার জানান, কোহলির চোটের মাত্রা স্পষ্ট নয়। সতর্কতা হিসেবেই বিরাটকে ফিল্ডিংয়ে নামানো হয়নি। RCB ক্যাপ্টেন বলেন, "আমি এখনও বিষয়টা তেমন ভাবে জানিনা। তবে আমি করছি, বিরাট ঠিক আছে।"
RCB অন ফায়ার!
বিরাটকে গতকাল কিছুটা নিষ্প্রভ দেখিয়েছে এটি সত্যি। কিন্তু তারপরেও RCB-কে কিন্তু থামানো যায়নি। ফিল সল্টের হাফ সেঞ্চুরি ও পাতিদারের ধামাকাদার ইনিংসের জেরে ২৪০ রান করে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জবাবে ২২২ রানে থেমে যায় হার্দিকের ব্রিগেড।
চোট পান রোহিত শর্মাও!
২৪০ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে অস্বস্তিতে পড়েন প্রাক্তন ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা। তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট লাগে। ৬ ওভার শুরুর ঠিক আগে একবার ফিজিও-কে ডেকে তিনি চিকিৎসাও নেন। কিন্তু তাতে লাভ হয়নি। কয়েক বল পরেই হ্যামস্ট্রিংয়ে চোট নিয়েই মাঠ ছাড়েন রোহিত। তখন তাঁর রান ১৩ বলে ১৯। পরে ১৮ রানে ম্যাচ হারে মুম্বই। ওয়াংখেড়েতে শেষ হাসি হাসেন রজত পাতিদার। MI ফ্যানেরা আক্ষেপ করছেন, রোহিত থাকলে হয়তো ঘুরে যেত খেলাটাই।