
মাত্র ১৫ বছর বয়সে ভারতীয় দলে সুযোগ পেয়ে ইতিহাস গড়ার পথে বৈভব সূর্যবংশী। কিছুদিন আগেই শেষ হওয়া আইপিএল-এ বিশ্বের তাবড় বোলারদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন। সিনিয়র দলে সুযোগ পাওয়ার পরেও, বৈভবের কাছে সবচেয়ে স্মরণীয় মুহূর্ত, আইপিএল ফাইনালের পর কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি যখন তাঁর কাঁধে হাত রেখে কথা বলেছিলেন।
রাজস্থান রয়্যালসের (RR) তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী জানিয়েছেন যে, আইপিএল ২০২৬ ফাইনালের পর বিরাট কোহলির সঙ্গে কথোপকথন তাঁর কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো ছিল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) টানা দ্বিতীয় আইপিএল (Indian Premier League) চ্যাম্পিয়ন হওয়ার পর দুই খেলোয়াড়ের কথোপকথ ক্যামেরায় ধরা পড়ে। সেই সময় সবাই জানতে চেয়েছিল, বিরাট কোহলি এই তরুণ প্রতিভাকে কী বলেছিলেন।
রাজস্থান রয়্যালসের ম্যানেজার রোমি ভিন্দরকে দেওয়া এক সাক্ষাৎকারে বৈভব সূর্যবংশী জানিয়েছেন যে তিনি ছোটবেলা থেকেই বিরাট কোহলির বড় ভক্ত এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে সমর্থন করতেন। বৈভব বলেন, 'আমি আগে থেকেই আরসিবি-র ভক্ত ছিলাম। সত্যি বলতে, আমি বিরাট ভাইয়ার অনেক বড় ভক্ত। যখন তিনি আমার কাঁধে হাত রেখে আমার সঙ্গে কথা বললেন, আমি বিশ্বাসই করতে পারছিলাম না। মনে হচ্ছিল যেন স্বপ্ন সত্যি হয়েছে।'
বৈভব সূর্যবংশী বলেছেন যে, তাঁকে সবচেয়ে বেশি অবাক করেছে এই বিষয়টি যে, বিরাট কোহলি তাঁর সঙ্গে একজন সুপারস্টারের মতো নয়, বরং বাড়ির বড় ভাইয়ের মতো কথা বলেছেন। তিনি বলেন, 'উনি যেভাবে কথা বলছিলেন, তাতে মনেই হচ্ছিল না যে আমি বিরাট কোহলির সঙ্গে কথা বলছি। তিনি আমাকে একজন বড় ভাইয়ের মতো করে বুঝিয়েছেন। এরপর কী করতে হবে, কীসের ওপর মনোযোগ দিতে হবে এবং কীভাবে নিজের খেলার উন্নতি করতে হবে, তা তিনি আমাকে বলেছেন।' এই তরুণ ব্যাটসম্যানের মতে, বিরাট তাঁকে সাফল্যের পরেও বাস্তববাদী থাকতে এবং বাইরের কোলাহল থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছেন।
আরসিবি-র শেয়ার করা একটি ভিডিওতে বৈভব সূর্যবংশীকে দেওয়া বিরাট কোহলির পরামর্শ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। কোহলি বলেন, 'তোমাকে এখান থেকে আরও উঁচুতে যেতে হবে। তুমি যা কিছু অর্জন করেছ, তা তোমার কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসের ফল। লোকে কী বলে বা কীভাবে বলে, তাতে কান দিও না। শুধু নিজের কাজটা করে যাও।' কথা শেষ করে বিরাট হেসে বলেন, 'একজন বিহারী সকলের চেয়ে শ্রেষ্ঠ।' এ কথা শুনে বৈভবও হাসেন।