
ফের রেকর্ড বিরাট কোহলির। এবার তিনি ছুঁয়ে ফেললেন কিংবদন্তি ব্যাটার ভিভিয়ান রিচার্ডসকে। আজ বৃহস্পতিবার কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে দ্বিতীয় একদিনের ম্যাচে ৬৫ রান করেন। এই হাফ সেঞ্চুরির মাধ্যমে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে নিজের ১৪ তম ৫০ বা তার বেশি রানের ইনিংস খেললেন বিরাট।
আজকের এই হাফ সেঞ্চুরি করার ফলে ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডসের রেকর্ড স্পর্শ করলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে দু’জনেরই এখন ১৪টি করে ৫০ বা তার বেশি রানের ইনিংস রয়েছে। এই বিশেষ তালিকায় এখন বিরাট কোহলি ও ভিভ রিচার্ডসের সামনে রয়েছেন শুধু শ্রীলঙ্কান ব্যাটার কুমার সাঙ্গাকারা। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে সাঙ্গাকারা ১৫ বার ৫০ বা তার বেশি রান করেছেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলির ওয়ানডে রেকর্ড বরাবরই দুর্দান্ত। এই দলের বিপক্ষে তাঁর ১৪টি ৫০-প্লাস ইনিংসের মধ্যে ৩টি শতরানও রয়েছে। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স সবসময়ই বিশেষ গুরুত্ব পায়।
আজকের নিজের ইনিংসে তিনি ৮টি চার মারেন এবং শুরু থেকেই ইংল্যান্ডের বোলারদের ওপর চাপ সৃষ্টি করেন। তবে সেই ইনিংসকে শতরানে পরিণত করতে পারেননি। ৩২ তম ওভারের চতুর্থ বলে জোফরা আর্চার তাঁকে ফিরিয়ে দেন। আর্চারের ব্যাক-অফ-লেংথ বলটি লেগ সাইডে খেলতে গিয়ে কোহলির ব্যাটের উপরের ধার লাগে। বলটি থার্ড ম্যানের দিকে উড়ে যায়, যেখানে আদিল রাশিদ সামনে দৌড়ে এসে দুর্দান্ত ক্যাচ নেন। ৬৬ বলে ৬৫ রান করে আউট হন কোহলি।
বিরাট কোহলির সাম্প্রতিক ওয়ানডে ফর্মের দিকে নজর দিলে দেখা যায়, তিনি ধারাবাহিকভাবে রান করে চলেছেন। তাঁর শেষ নয়টি ওয়ানডে ইনিংস হল- ৭৪, ১৩৫, ১০২, ৬৫, ৯৩, ২৩, ১২৪, ৫ এবং ৬৫। এই পরিসংখ্যানই প্রমাণ করে, ৩৭ বছর বয়সী এই তারকা ব্যাটার বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছেন।