
মুলানপুরে ভারত ও আফগানিস্তানের মধ্যে প্রথম ম্যাচে দাপট দেখিয়েছেন ব্য়াটাররা। ভারতীয় ক্যাপ্টেন শুভমান গিল ও কেএল রাহুলের দুর্দান্ত সেঞ্চুরির সুবাদে ভারত ৫৬৪/৮ রানে নিজেদের ইনিংস ডিক্লেয়ার করে। কিন্তু এই ব্যাটিং ঝড়ের মাঝেও দুর্দান্ত পারফর্ম করে নজর কাড়লেন এক আফগান ফাস্ট বোলার।
কে এই মহম্মদ সেলিম সাফি?
২৩ বছর বয়সী মহম্মদ সেলিম সাফি দুর্দান্ত বোলিং নৈপুণ্যে ১৪০ রানে ৬ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন। তিনি টেস্ট ক্রিকেটে ভারতের বিপক্ষে পাঁচ উইকেট নেওয়া প্রথম আফগান বোলার। এর আগে সেলিম একটিই টেস্ট ম্যাচ খেলেছিলেন, কিন্তু সেই ম্যাচে কোনও উইকেট পাননি সাফি। তবে ভারতের বিপক্ষে নিজের দ্বিতীয় টেস্ট ম্যাচেই একটি দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন আফগান বোলার।
ভারতের ব্যাটসম্যানরা গতকাল থেকেই আফগানিস্তানের বোলারদের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করছিল। কেএল রাহুল সেঞ্চুরি তো করলেনই, অপরদিকে গিলও একটি সেঞ্চুরি করেন। এছাড়াও, ঋষভ পন্থ ও অন্য ব্যাটসম্যানরাও দ্রুত রান তুলে আফগানিস্তানের জন্য ম্যাচটিকে ক্রমশ কঠিন করে তোলে। তবে, এই কঠিন পরিস্থিতিতেও মহম্মদ সেলিম সাফি নিজের কাজ করে গিয়েছেন। নিয়ন্ত্রিত বোলিং করে ভারতীয় ব্যাটসম্যানদের সমস্যায় ফেলেছেন একমাত্র এই বোলারই। ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইন-আপের বিপক্ষে ছয়টি উইকেট নেওয়া যে কোনও তরুণ বোলারের জন্য একটি বড় অর্জন, আর সেই কারণেই সেলিমের বোলিং নিয়ে আলোচনা শুরু হয়েছে।
সেলিম সাফির পরিচয় জানুন
২০০২ সালের ৯ সেপ্টেম্বর আফগানিস্তানের বাঘলানে জন্মগ্রহণ করেন সেলিম। এই তরুণ পেসার নিজের গতি, নতুন বলে সুইং করানোর ক্ষমতা এবং লম্বা স্পেল করার দক্ষতার জন্য যথেষ্ট নাম কুড়িয়েছেন। ২০১৯ সালে কুন্দুজ প্রদেশের হয়ে প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় তাঁর। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পর তিনি লিস্ট এ এবং টি-টোয়েন্টি ক্রিকেটেও নিজেকে প্রতিষ্ঠিত করেন। আমো রিজিয়ন এবং বুস্ট ডিফেন্ডার্সের মতো দলের হয়ে খেলে তিনি নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করেন।
অল্প বয়সেই দেশের হয়ে তিনটি ফরম্যাটেই খেলা অল্প কয়েকজন আফগান খেলোয়াড়ের মধ্যে সেলিম সাফি একজন। ২০২৩-এ জুলাই মাসে বাংলাদেশের বিপক্ষে তাঁর ওডিআই অভিষেক হয়। এরপর ২০২৪ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলেন এবং একই বছরের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর টেস্ট অভিষেক হয়। যদিও তার টেস্ট অভিষেক তেমন স্মরণীয় ছিল না। কারণ সেই ম্যাচে তিনি কোনও উইকেট পাননি। তবে ভারতের বিপক্ষে এসে বদলে গেল সেই সমীকরণ।
সেলিম সাফির স্কোরবোর্ড দেখুন
ডানহাতি ফাস্ট বোলার মোহাম্মদ সেলিম সাফি আফগানিস্তানের হয়ে দুটি টেস্ট, দুটি ওডিআই এবং একটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এই সময়ে তিনি টেস্টে ছয়টি উইকেট নিয়েছেন। তবে ওডিআই এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে এখনও কোনও উইকেট পাননি।