
হ্যামস্টিংয়ে গুরুতর চোটের জন্য আগেই ছিটকে গিয়েছেন বিরাট কোহলি। তাই সমর্থকদের এখন চোখ রয়েছে রো-কো জুটির রোহিত শর্মার দিকে। 'হিটম্যান' কি আদৌ খেলতে পারবেন আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক (ওডিআই) সিরিজে? আর সেই উত্তরটা দিয়েছেন ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। তিনি রোহিত শর্মা এবং হার্দিক পাণ্ডেয়ার ফিটনেসের বিষয়ে লেটেস্টে আপডেট দিয়েছেন।
তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে ভারতের সাদা বলের স্কোয়াডে রোহিত ও হার্দিকের নাম রয়েছে। তবে তাঁরা খেলতে পারবেন কি না, সেটা মেডিক্যাল বিভাগের ছাড়পত্রের ওপর নির্ভর করবে।
মুলানপুরে একমাত্র টেস্টে ভারতের জয়ের পর সাংবাদিক বৈঠকে কোটাক বলেন, 'সত্যি বলতে আমি জানি না ওরা ছাড়পত্র পেয়েছে কি না। তবে আমার বিশ্বাস ওরা থাকবে। যতটুকু শুনেছি, ওরা ভালো আছে। তবে নিয়ম অনুযায়ী ওদের ফিটনেস টেস্ট দিতে হবে।'
রোহিত শর্মা কি ফিট?
একে বিরাট নেই। তার উপর প্রাক্তন অধিনায়ক রোহিতের খেলা নিয়েও সংশয় তৈরি হয়েছে। হ্যামস্ট্রিং সমস্যার কারণে তিনি আইপিএল-এর ম্যাচ মিস করেছেন। টুর্নামেন্টের শেষ দিকে মূলত ‘ইমপ্যাক্ট সাবস্টিটিউট’ হিসেবে খেলেছেন। আর ৮ জুন তিনি বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষা ও রিহ্যাবিলিটেশনের জন্য যোগ দেন। ওডিআই ক্রিকেটে ফেরার আগে তাঁকে হাই-স্পিড রানিং ও ফিল্ডিং সংক্রান্ত কঠোর ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবে। টিম ম্যানেজমেন্ট আশাবাদী হলেও, বেঙ্গালুরুর মেডিক্যাল টিম সবুজ সংকেত না দেওয়া পর্যন্ত নির্বাচকরা রোহিতকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছেন না।
হার্দিক পাণ্ডেয়া ফিট
যদিও একটা ভাল খবর রয়েছে। তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডেয়া নাকি ইতিমধ্যেই রিহ্যাবিলিটেশন সম্পন্ন করেছেন। তাঁকে বিসিসিআই মেডিক্যাল টিম ছাড়পত্র দিয়েছে। পিঠের খিঁচুনি ও অসুস্থতার কারণে তিনি কয়েকটি ঘরোয়া ম্যাচে খেলতে পারেননি। তবে এখন তিনি পুরোপুরি সুস্থ হয়ে সিরিজে খেলতে প্রস্তুত বলে জানা যাচ্ছে।
অন্যদিকে, বিরাটের চোট অবশ্যই ভারতীয় ক্রিকেট দলের জন্য বড় ধাক্কা। মেডিক্যাল স্ক্যানে তাঁর হ্যামস্ট্রিংয়ে ‘ডিস্টাল সেমিমেমব্রানোসাস টেন্ডন টিয়ার’ ধরা পড়েছে। মে মাসের শেষ দিকে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ পর্বে এই চোট পান। যার ফলে তাঁকে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হতে পারে।
প্রসঙ্গত, ধর্মশালা, লখনউ ও চেন্নাইয়ে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। এই সিরিজে দলের অধিনায়ক শুভমন গিল।