
এবারের বিশ্বকাপের (World Cup 2026) শুরু থেকেই নানা বিতর্ক বারবার বিদ্ধ করেছে আর্জেন্টিনাকে (Argentina)। বিশেষ করে রেফারির বিরুদ্ধে বারবার পক্ষপাতের অভিযোগ উঠেছে। রবিবারের ফাইনালের আগে সেই প্রশ্নই ফের তুলে দিলেন তারকা ডিফেন্ডার এমেরিক লাপোর্তে (Aymeric Laporte)। তাঁর অভিযোগ, সম্প্রতি কয়েকটি ম্যাচে আর্জেন্তিনা একাধিক ফাউল করলেও রেফারিরা শাস্তি দেননি। এমন ঘটনা ফুটবলের জন্য ভালো নয় বলেও মন্তব্য করলেন তিনি।
কী অভিযোগ স্পেনের ডিফেন্ডারের?
Marca-কে দেওয়া এক সাক্ষাৎকারে লাপোর্তে বলেন, ‘ফুটবলে শারীরিক লড়াই বা আগ্রাসন নিয়ে আমার কোনও সমস্যা নেই। যদি রেফারি নিজের কাজ ঠিক ভাবে করেন এবং নিয়ম মেনে সব কিছু পরিচালনা করেন, তা হলে আমার কোনও আপত্তি নেই।’ এমন ঘটনা ফুটবলের জন্য একেবারেই ভালো নয় বলে জানালেন লাপোর্তে।
স্পেনের এই ডিফেন্ডার বলেন, ‘সম্প্রতি কয়েকটি ম্যাচে আমরা এমন কিছু ঘটনা দেখেছি, যা আমাদের সত্যিই অবাক করেছে। বিশেষ করে আর্জেন্তিনার ম্যাচে এমন অনেক ঘটনা ঘটেছে, যেগুলোর কোনও শাস্তিই হয়নি। আর্জেন্তিনা এমন একটি দল, যারা প্রতিপক্ষের উপরে প্রবল চাপ তৈরি করে। কিন্তু এই ধরনের ঘটনা ফুটবলে মেনে নেওয়া উচিত নয়, বিশেষ করে এত বড় প্রতিযোগিতায়। এতে প্রতিপক্ষের ছন্দ নষ্ট হয় এবং ফুটবলারদের মধ্যে হতাশা তৈরি হয়।’
তাঁর এই মন্তব্য নিয়ে জোর চর্চা চলছে ফুটবলপ্রেমীদের মধ্যে। ফাইনালের মতো মেগা ম্যাচের আগে লাপোর্তের এমন দাবি আরও বিতর্ক বাড়িয়েছে। এ দিক থেকে স্পেনের প্রশংসা করেছেন লাপোর্তে। তাঁর দাবি, পুরো টুর্নামেন্ট জুড়ে স্পেন কখনও ইচ্ছাকৃত ভাবে প্রতিপক্ষকে আঘাত করার বা বিপজ্জনক ট্যাকল করার চেষ্টা করেনি। তবে বললেন, ‘ফাইনালেও আমরা একই ভাবে খেলতে চাই। হবে। তবে অনেকটা নির্ভর করবে রেফারিংয়ের উপরে।’