
হ্যারি কেনরা উঠে গিয়েছেন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপ ঘরে তুলতে মরিয়া ইংল্যান্ড দল। 'ইটস কামিং হোম' গানে মুখরিত গোটা ইংল্যান্ড। ৬০ বছরের প্রতীক্ষার অবসান হবে, দেশবাসীর পাশাপাশি, আশায় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও। আর সেই কারণেই বিশেষ নির্দেশ দিয়েছে সরকার। পাব বা বারগুলোকে সারা রাত খোলা রাখতে বলা হয়েছে। ভোর পাঁচটা অবধি খোলা থাকবে বার বা পাবগুলো।
২ জুলাই মেক্সিকোর বিরুদ্ধে খেলতে নামবে ইংল্যান্ড। আপাতত এই ম্যাচের জন্যই পাব বা বারগুলোকে এই নির্দেশ দেওয়া হয়েছে। ইংল্যান্ডের সময় রাত ১টায় শুরু হচ্ছে এই ম্যাচ। ফলে আশা করা হচ্ছে, প্রচুর মানুষ আসবেন বার বা পাবগুলিতে ম্যাচ দেখতে। স্টারমার এক বিবৃতিতে বলেন, 'ফুটবল হয়তো ঘরে ফিরছে, কিন্তু আমরা নিশ্চিত করছি যেন ভক্তদের ঘরে ফিরতে না হয়। শেষ বাঁশি পর্যন্ত পাবগুলো খোলা থাকাটা সমর্থকদের জন্য যেমন সুখবর, তেমনি সেইসব পাব ও ভেন্যুগুলোর জন্যও সুখবর যা আমাদের সম্প্রদায়কে একত্রিত করে। পুরো দেশ দলকে সমর্থন করবে। এগিয়ে যাও ইংল্যান্ড!'
পাব এবং বারগুলোকে তাদের স্বাভাবিক লাইসেন্সিং সময়ের বাইরে অ্যালকোহল পরিবেশন করার জন্য আর বিশেষ অনুমতির আবেদন করতে হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী এমন আইনগত ক্ষমতা প্রয়োগ করেছেন যা এই সুযোগ এনে দিয়েছে ফুটবলপ্রেমীদের সামনে। বলা হয়েছে, 'অসাধারণ আন্তর্জাতিক, জাতীয় বা স্থানীয় তাৎপর্যপূর্ণ' বলে বিবেচিত ক্ষেত্রে লাইসেন্সিংয়ের সময়সীমা বাড়ানোর অনুমতি দেয়। ইংল্যান্ডের বিশ্বকাপের আগের ম্যাচগুলোর জন্যও একই ধরনের শিথিলতা আনা হয়েছিল, যেগুলো রাত ১০টার (স্থানীয় সময়) আগে শুরু হয়েছিল।
এর ফলে, ইংল্যান্ডের হসপিটালিটি খাতে গতি আসবে বলে আশা করা হচ্ছে। কারণ পাবগুলো টুর্নামেন্টের প্রথম নকআউট ম্যাচ উপলক্ষে গ্রাহক সংখ্যায় ব্যাপক বৃদ্ধির প্রত্যাশা করছে। ব্রিটিশ বিয়ার অ্যান্ড পাব অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী এমা ম্যাকক্লারকিন বলেন, 'এই সিদ্ধান্তে পাব এবং ভক্তরা অত্যন্ত আনন্দিত হবে, কারণ আমরা সবাই জানি ম্যাচ দেখার সেরা জায়গা হলো স্থানীয় পাব।'