
আর মাত্র কয়েকদিন পরেই শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2026)। তবে ভারতে এই বিশ্বকাপ দেখা যাবে কিনা তা এখনও নিশ্চিত নয়। মূলত মধ্যরাত থেকে শুরু হবে ম্যাচগুলি। ফলে সেই ম্যাচ দেখানো নিয়ে সংশয়ে চ্যানেলগুলি। FIFA এখনও সম্প্রচার স্বত্ব কোনও চ্যানেলকেই বিক্রি করতে পারেনি। ফলে আশঙ্কা বাড়ছে।
কত টাকা দিলে স্বত্ব পাবে কোনও চ্যানেল বা ওটিটি প্ল্যাটফর্ম
ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, ২০২৬ ও ২০৩০ সালের বিশ্বকাপ ভারতে সম্প্রচারের স্বত্ব বিক্রির প্রক্রিয়া শুরু করেছিল FIFA। প্রথমে এই স্বত্বের দাম ধার্য করা হয় প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার। তবে কোনও সংস্থাই এই বিপুল টাকা দিয়ে বিশ্বকাপ দেখাতে আগ্রহ দেখায়নি। এর পর সেই অঙ্কটা অনেকটা কমিয়ে প্রায় ৩৫ মিলিয়ন ডলারে নামিয়ে আনে FIFA। তবে আশ্চর্যজনক বিষয় হলো, এখনও কোনও সম্প্রচার সংস্থা এই স্বত্ব কিনতে এগিয়ে আসেনি। যদিও JioHotstar তরফে ২৫ মিলিয়ন ডলারের একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে অতীতের তুলনায় এই মূল্য উল্লেখযোগ্যভাবে কম। অথচ ২০২২ সালের কাতার বিশ্বকাপের ডিজিটাল স্বত্বের জন্য প্রায় ৬২ মিলিয়ন ডলার খরচ করেছিল Viacom18, সেখানে এ বার টাকার অঙ্ক কমলেও কোনও সংস্থার তরফেই উৎসাহ দেখানো হচ্ছে না।
কেন এই সঙ্কট?
এ বছর ১২ জুন থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। ফলে খুব বেশি সময় বাকি নেই। এর আগের বিশ্বকাপ গুলিতে অনেক আগেই ঠিক হয়ে যেত সম্প্রচারকারী চ্যানেলের নাম। তবে এবার তা হল না। যা নিয়ে চিন্তায় গোটা দেশের ফুটবলপ্রেমীরা। মূলত বাজারের আর্থিক অবস্থা, সংস্থাগুলির আর্থিক সমস্যা ও বিজ্ঞাপন থেকে কম টাকা আয় হওয়ার আশঙ্কা থাকায় হয়েছে এই সমস্যা। পাশাপাশি এবারের বিশ্বকাপের আয়োজক তিন দেশ আমেরিকা, মেক্সিকো ও কানাডার সময় একেবারে ভারতের থেকে উল্টো। যা পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে, ভারতীয় সময় অনুসারে রাত ১২টা থেকে শুরু হবে ম্যাচগুলি। আর শেষ ম্যাচ হবে ভোর সাতটায়। সে কারণেই উৎসাহ হারাচ্ছে টেলিভিশন সংস্থা বা ওটিটি প্লাটফর্মগুলো।
আদৌ টিভি বা ওটিটি প্ল্যাটফর্মে বিশ্বকাপ দেখা যাবে তো? চিন্তায় রয়েছেন ফুটবলপ্রেমীরা।