
আজ অর্থাত্ সোমবার কলকাতা ডার্বি। ডুরান্ড কাপের ফাইনালের শোধ তোলার সুযোগ মোহনবাগান সুপার জায়ান্টের সামনে। বিকেল ৫টায় বারাসত স্টেডিয়ামে মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। কলকাতা লিগের এই ডার্বি ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে।
দুই দলই মূলত রিজার্ভ বেঞ্চকেই নামাচ্ছে
কলকাতা ফুটবল লিগ (CFL)-এ মোহনবাগান ও ইস্টবেঙ্গল, দুই দলই মূলত রিজার্ভ বেঞ্চকেই নামাচ্ছে। তবে মোহনবাগান অবশ্য কয়েকটি ম্যাচে মনবীর সিং, সাহাল আবদুল সামাদ ও লিস্টন কোলাসোর মতো প্লেয়ারদের মাঠে নামিয়েছে। দু’সপ্তাহ আগে ডুরান্ড কাপের ফাইনালে ৪-১ গোলে হারের পর মোহনবাগানের সামনে নিজেদের প্রমাণ করার একটা বাড়তি তাগিদ রয়েছে। সেই কারণেই আজকের ম্যাচে মনবীর, সাহাল, লিস্টন কোলাসো এবং লালেংমাওইয়া আপুইয়া রালতেকে খেলতে দেখা যেতে পারে।
দারুণ ফর্মে রয়েছেন আকাশ হেমব্রম
রবিবার মোহনবাগানের প্র্যাক্টিসের পরে সমর্থকদের দেখা গেল, 'প্রতিশোধ, প্রতিশোধ' চিত্কার করছেন। অন্যদিকে ইস্টবেঙ্গল লিগের ম্যাচগুলিতে নিয়মিত খেলা প্লেয়ারদের উপরই আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে। দলের হয়ে দারুণ ফর্মে রয়েছেন আকাশ হেমব্রম। ইতিমধ্যেই তাঁর ঝুলিতে রয়েছে সাতটি গোল। এর মধ্যে একটি হ্যাটট্রিক এবং একটি জোড়া গোলও রয়েছে। প্রথম দলের ভারতীয় ফুটবলারদের এই ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। কারণ আগামী সপ্তাহের মাঝামাঝি শুরু হতে চলা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর অভিযানের দিকেই তাঁর মূল লক্ষ্য।
কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের শেষবার ম্যাচ হয়েছিল ২০২৫ সালে। সেই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মোহনবাগানকে ৩-২ গোলে হারিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ডেভিড লালহ্লানসাঙ্গা। তাঁর করা গোলেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেছিল ইস্টবেঙ্গল।
ম্যাচ শুরু হবে বিকেল ৫টায়
দুই দলই কলাতা লিগের সুপার সিক্সে পৌঁছে গিয়েছে। আজ ম্যাচ শুরু হবে বিকেল ৫টায় বারাসত স্টেডিয়ামে। টিকিট মিলছে জোম্যাটোতে। ন্যূনতম টিকিটের দাম রাখা হয়েছে দেড়শো টাকা। এছাড়া যাঁরা মোবাইলে ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে চান, তাঁদের জন্য No.10 Sports-এ ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে।