
লিওনেল মেসিকে হারিয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নতুন B.O.A.T. (Ballon d’Or of All Time) ফ্যান ভোটে লিওনেল মেসিকে হারিয়ে শীর্ষস্থান দখল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এক্ষেত্রে ২০০৮ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে রোনাল্ডোর পারফরম্যান্স থাকল ১ নম্বরে। আর্জেন্টাইন মহাতারকা মেসির রেকর্ড গড়া ২০১২ সালের মরসুম রইল ঠিক তার পিছনে।
ম্যাঞ্চেস্টারের ওই সেরা সিজনের জন্য ভোটে প্রথম স্থান অর্জন করেছেন রোনাল্ডো। সেই মরশুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২টি গোল করেছিলেন তিনি। তাঁর দুরন্ত পারফরম্যান্সের জন্য প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ, দু'টি ট্রফিই জিতেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এই ভোটে ঠিক তাঁর পিছনে দ্বিতীয় স্থানে রয়েছেন মেসি। তাঁর ২০১২ সালের পারফরম্যান্সের জন্য তিনি সেকেন্ডে রয়েছেন। তৃতীয় স্থানে জায়গা পেয়েছে রোনাল্ডোর ২০১৭ সালের মরসুম।
এই তালিকায় আধিপত্য ছিল দীর্ঘদিনের দুই প্রতিদ্বন্দ্বী রোনাল্ডো ও মেসির। সেরা ১০টি স্থানই ভাগ করে নিয়েছেন তাঁরা। তালিকায় রোনাল্ডোর পাঁচটি মরসুম জায়গা পেয়েছে, ২০০৮, ২০১৭, ২০১৬, ২০১৪ এবং ২০১৩। অন্যদিকে, মেসির পাঁচটি মরশুম হল ২০১২, ২০২৩, ২০১৫, ২০১১ এবং ২০০৯।
বিশেষজ্ঞরা মনে করেন, রোনাল্ডোর কেরিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায় হল ২০০৮ সালের সেই মরসুম। প্রিমিয়ার লিগেই ৩১টি গোল করেছিলেন পর্তুগিজ তারকা। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। পাশাপাশি গোল্ডেন বুটও জিতেছিলেন তিনি।
চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন রোনাল্ডো। মস্কোয় চেলসির বিরুদ্ধে ফাইনালে গোল করেছিলেন। ট্রফি ঘরে তুলেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।
২০০৮ সালের এই দুরন্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই প্রথমবার ব্যালন ডি'অর জিতেছিলেন রোনাল্ডো। সেই শুরু। পরবর্তী সময়ে তাঁর ব্যালন ডি'অর জয়ের সংখ্যা বেড়ে দাঁড়ায় পাঁচ। ২০১৩, ২০১৪, ২০১৬ এবং ২০১৭ সালেও এই পুরস্কার জিতেছিলেন তিনি।
অন্যদিকে, মেসির ২০১২ সালের পারফরম্যান্সও ছিল অবিশ্বাস্য। সেই বছর ক্লাব ও দেশের হয়ে মোট ৯১টি গোল করেছিলেন বার্সেলোনার তারকা। ফুটবলের ইতিহাসে ব্যক্তিগত পারফরম্যান্সের অন্যতম সেরা নজির হিসেবে বিবেচিত হয় তাঁর এই কীর্তি। তবে B.O.A.T. ভোটে দ্বিতীয় স্থানেই সন্তুষ্ট থাকতে হয়েছে মেসিকে।
B.O.A.T.-এর সেরা ১০-এর সম্পূর্ণ তালিকা
চূড়ান্ত তালিকায় প্রতিটি স্থানেই রয়েছেন রোনাল্ডো অথবা মেসি। আসুন পুরো তালিকা দেখে নেওয়া যাক-
১. ক্রিশ্চিয়ানো রোনাল্ডো — ২০০৮
২. লিওনেল মেসি — ২০১২
৩. ক্রিশ্চিয়ানো রোনাল্ডো — ২০১৭
৪. লিওনেল মেসি — ২০২৩
৫. ক্রিশ্চিয়ানো রোনাল্ডো — ২০১৬
৬. ক্রিশ্চিয়ানো রোনাল্ডো — ২০১৪
৭. লিওনেল মেসি — ২০১৫
৮. ক্রিশ্চিয়ানো রোনাল্ডো — ২০১৩
৯. লিওনেল মেসি — ২০১১
১০. লিওনেল মেসি — ২০০৯
B.O.A.T. পুরস্কার কী?
ব্যালন ডি'অরের ৭০ বছর পূর্তি উপলক্ষে এই B.O.A.T. পুরস্কার শুরু হয়। ফুটবলপ্রেমীদের কাছে জানতে চাওয়া হয়েছিল, অন্তত দু'বার ব্যালন ডি'অর জেতা ১০ জন ফুটবলারের মধ্যে কার কোন সিজন সর্বকালের সেরা।
এই তালিকায় ছিলেন জোহান ক্রুইফ, মিশেল প্লাতিনি, মার্কো ভ্যান বাস্তেন, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, আলফ্রেডো দি স্তেফানো, কেভিন কিগান, কার্ল-হাইঞ্জ রুমেনিগে এবং রোনাল্ডো নাজারিওর মতো কিংবদন্তিরা।
তবে এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ। এই ভোটে ফুটবলপ্রেমীদের কাছে জানতে চাওয়া হয়নি, কেরিয়ারের নিরিখে সর্বকালের সেরা ফুটবলার কে। বরং প্রত্যেক ফুটবলারের নির্দিষ্ট একটি মরসুমের পারফরম্যান্স বিচার করেই ভোট দিয়েছেন তাঁরা।
তাই B.O.A.T. ভোটে রোনাল্ডোর জয় মূলত ২০০৮ সালের তাঁর পারফরম্যান্সের জনপ্রিয়তার স্বীকৃতি। মেসি না রোনাল্ডো, সর্বকালের সেরা ফুটবলার কে, সেই বিতর্কের কোনও ফলাফল মেলেনি।