Advertisement

Cristiano Ronaldo: এবার নতুন ভূমিকায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ফুটবল নিয়ে সিরিজ তৈরি করছেন CR7

২০২৫ সালের এপ্রিল মাসে রোনাল্ডো এবং ম্যাথিউ ভন যৌথভাবে URMARV Studios নামে একটি প্রযোজনা সংস্থা তৈরি করেন। Day 1s এই সংস্থার প্রথম দিকের বড় প্রকল্পগুলির মধ্যে অন্যতম। 'Kick-Ass' এবং 'Kingsman'-এর মতো জনপ্রিয় ছবির পরিচালক ম্যাথিউ ভনের সঙ্গে হাত মিলিয়ে এবার সিনেমা ও টেলিভিশনের জন্য বিভিন্ন প্রকল্প তৈরি করছেন প্রাক্তন পর্তুগাল অধিনায়ক।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (ছবি: রয়টার্স)ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (ছবি: রয়টার্স)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Nov 2026,
  • अपडेटेड 9:24 AM IST
  • ২০২৫ সালের এপ্রিল মাসে রোনাল্ডো এবং ম্যাথিউ ভন যৌথভাবে URMARV Studios নামে একটি প্রযোজনা সংস্থা তৈরি করেন
  • Day 1s এই সংস্থার প্রথম দিকের বড় প্রকল্পগুলির মধ্যে অন্যতম
  • 'Kick-Ass' এবং 'Kingsman'-এর মতো জনপ্রিয় ছবির পরিচালক ম্যাথিউ ভনের সঙ্গে হাত মিলিয়ে এবার সিনেমা ও টেলিভিশনের জন্য বিভিন্ন প্রকল্প তৈরি করছেন প্রাক্তন পর্তুগাল অধিনায়ক

এক সময় ফুটবল মাঠের তিনিই ছিলেন রাজা। তবে বর্তমানে সেই রাজত্ব কিছুটা ম্লান হয়েছে। তাই ফুটবল মাঠের বাইরেও নতুন ইনিংস শুরু করতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার টেলিভিশন সিরিজ প্রযোজনায় হাত দিলেন পর্তুগিজ মহাতারকা। তাঁর প্রথম টিভি সিরিজের শুটিং শুরু হয়ে গিয়েছে। Day 1s নামের এই ফুটবল নিয়ে ড্রামা সিরিজটি তৈরি হচ্ছে ব্রিটিশ ফিল্ম ডিরেক্টর ম্যাথিউ ভনের সঙ্গে যৌথ উদ্যোগে।

বৃহস্পতিবার ৪১ বছর বয়সী রোনাল্ডো নিজেই এই খবর জানিয়েছেন। এই সিরিজের এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে দায়িত্ব সামলাবেন তিনি। পাশাপাশি কয়েকটি পর্বে তাঁকে নিজের চরিত্রেই দেখা যেতে পারে।

ইনস্টাগ্রামে রোনাল্ডো লিখেছেন, 'দারুণ খবর! আমার প্রথম টিভি শো Day 1s-এর প্রোডাকশনের কাজ শুরু হয়েছে। আরও খবর আসছে!'

২০২৫ সালের এপ্রিল মাসে রোনাল্ডো এবং ম্যাথিউ ভন যৌথভাবে URMARV Studios নামে একটি প্রযোজনা সংস্থা তৈরি করেন। Day 1s এই সংস্থার প্রথম দিকের বড় প্রকল্পগুলির মধ্যে অন্যতম। 'Kick-Ass' এবং 'Kingsman'-এর মতো জনপ্রিয় ছবির পরিচালক ম্যাথিউ ভনের সঙ্গে হাত মিলিয়ে এবার সিনেমা ও টেলিভিশনের জন্য বিভিন্ন প্রকল্প তৈরি করছেন প্রাক্তন পর্তুগাল অধিনায়ক।

ফুটবলের অন্দরমহলের গল্প তুলে ধরবে Day 1s
এই সিরিজে ফুটবলের ব্যবসায়িক দিকটি তুলে ধরা হবে। গল্পের কেন্দ্রে রয়েছে স্ট্যানলি ডালটন নামে এক ব্রিটিশ ফুটবল এজেন্টের চরিত্র। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ড্যামিয়ান লুইস। ফুটবলের ট্রান্সফার মার্কেটের নানা চাপ, খেলোয়াড়দের দলবদল, দর কষাকষি এবং বাণিজ্যিক স্বার্থের টানাপোড়েন সামলাতে হবে তাঁকে। মাঠের বাইরে ফুটবল দুনিয়ার যে বিশাল ব্যবসা চলে, সিরিজে মূলত সেই দিকটিই ফুটিয়ে তোলা হবে।

এই সিরিজে দেখা যাবে আর্সেনাল ও ফ্রান্সের প্রাক্তন মিডফিল্ডার থিয়েরি অঁরিকেও। নিজের চরিত্রেই অভিনয় করবেন তিনি। পাশাপাশি ব্রিটিশ র‍্যাপার ডেভও এই সিরিজের কাস্টে রয়েছেন। শো-টির মূল ভাবনা এসেছে থিয়েরি অঁরির এজেন্ট ড্যারেন ডেইনের কাছ থেকে।

Advertisement

প্রযোজক হিসেবে রোনাল্ডোর যুক্ত থাকার বিষয়টি নিশ্চিত হলেও সিরিজে তাঁর অভিনয়ের ভূমিকা কতটা থাকবে, তা এখনও স্পষ্ট নয়। কবে সিরিজটি মুক্তি পাবে, সেই বিষয়েও কিছু জানানো হয়নি।

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর নতুন ইনিংস
রোনাল্ডোর কেরিয়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে এই নতুন প্রকল্পের ঘোষণা এলো। সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করেছেন তিনি। এর ফলে পর্তুগালের জার্সিতে তাঁর ২৩ বছরের যাত্রার অবসান ঘটেছে। দেশের হয়ে ২৩৪টি ম্যাচ খেলে রেকর্ড ১৪৬টি গোল করেছেন তিনি। খেলেছেন ছ'টি FIFA World Cup।

২০১৬ সালে রোনাল্ডোর নেতৃত্বেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতে পর্তুগাল। ২০১৯ সালে প্রথমবার আয়োজিত UEFA Nations League-ও জেতে তারা। জাতীয় দলের হয়ে তাঁর শেষ ম্যাচ ছিল ২৪ সেপ্টেম্বর ওয়েলসের বিরুদ্ধে। সেই ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছিল পর্তুগাল।

তবে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ালেও ক্লাব ফুটবল চালিয়ে যাবেন রোনাল্ডো। সৌদি আরবের ক্লাব আল নাসেরের হয়ে খেলছেন তিনি। এখনও পর্যন্ত কেরিয়ারে ৯৮৫টি গোল করেছেন পর্তুগিজ মহাতারকা। এবার তাঁর লক্ষ্য ১০০০ গোলের ঐতিহাসিক মাইলস্টোন স্পর্শ করা।

এদিকে, URMARV Studios-এর ঝুলিতে শুধু Day 1s নয়, আরও একটি বড় প্রকল্প রয়েছে। Stuntnuts নামে একটি ছবি সামনে আনতে চলেছে সংস্থাটি। সেই ছবিতে অভিনয় করার কথা হলিউড তারকা ম্যাট ডেমন এবং ক্রিস হেমসওয়ার্থের।

 

Read more!
Advertisement
Advertisement