
১৩৫তম ডুরান্ড কাপ শুরু হতে আর বেশি দেরি নেই। তবে দুর্নীতির অভিযোগের জেরে গতবারের রানার-আপ টিএমসি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার এফসি ডুরান্ড কাপ থেকে বাদ পড়ল।
অভিষেক বন্দ্যোাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবার এফসিকে ভারতের অন্যতম প্রধান ফুটবল টুর্নামেন্ট, এই বছরের ইন্ডিয়ানঅয়েল ডুরান্ড কাপ থেকে বাদ দেওয়া হয়েছে। গত বছর নর্থইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে যৌথভাবে রানার-আপ হওয়া সত্ত্বেও, ডিএইচএফসি (DHFC) ১৩৫তম আসরের জন্য কোনও আমন্ত্রণ পায়নি। ডুরান্ড কাপ আয়োজক কমিটি জানিয়েছে, ক্লাবটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বর্তমানে তদন্ত চলছে। নতুন দলসহ মোট ২৪টি দল এই টুর্নামেন্টে অংশ নেবে, কিন্তু অভিষেকের ক্লাবকে ছাড়াই এটি অনুষ্ঠিত হবে।
১৩৫তম ডুরান্ড কাপ ২৫ জুলাই কলকাতায় শুরু হবে এবং চার সপ্তাহ ধরে কলকাতা, রাঁচি, ইম্ফল, গুয়াহাটি ও শিলং—এই পাঁচটি শহরে আয়োজিত হবে। অগাস্টের ২৩ তারিখে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ফাইনাল অনুষ্ঠিত হবে।
মোট ২৪টি দল নিয়ে হবে ডুরান্ড কাপ। ছ'টি গ্রুপে দলগুলোকে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপে চারটি দল রয়েছে। একই গ্রুপে রয়েছে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। গ্রুপ এ-তে দুই প্রধানের সঙ্গে আছে সিআইএসএফ ফুটবল দল এবং সাউথ ইউনাইটেড এফসি। বেশ কয়েক বছর ধরে একই গ্রুপে রাখা হচ্ছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে। ফলে গ্রুপ পর্বেই ডার্বি। তবে এখনও বড় ম্যাচের তারিখ জানানো হয়নি। অগাস্টের দ্বিতীয় সপ্তাহে হতে পারে মরশুমের প্রথম ডার্বি। মহমেডান স্পোর্টিং রয়েছে গ্রুপ বি-তে। তাঁদের গ্রুপে রয়েছে ইন্ডিয়ান আর্মি, বাগপট এফসি এবং সমলেশ্বরি স্পোর্টিং। আইএসএলের ক্লাবগুলোর মধ্যে খেলবে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহমেডান স্পোর্টিং, জামশেদপুর এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি এবং স্পোর্টিং ক্লাব দিল্লি।
পাঁচটি শহরে ডুরান্ড কাপের ম্যাচগুলো হবে। এই তালিকায় রয়েছে কলকাতা, রাঁচি, ইম্ফল, শিলং এবং গুয়াহাটি। তারমধ্যে নকআউট পর্ব হবে তিনটে শহরে। ২৩ অগাস্ট কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড ফাইনাল। ২৫ জুলাই কলকাতায় টুর্নামেন্ট শুরু হবে। উদ্বোধনী ম্যাচ ছাড়াও দুটো গ্রুপের খেলা হবে কলকাতায়। এছাড়াও হবে দুটো কোয়ার্টার ফাইনাল এবং একটি সেমিফাইনাল। সব ম্যাচ যুবভারতী এবং কিশোর ভারতীতে হবে। বাকি দুটো কোয়ার্টার ফাইনাল হবে রাঁচি এবং শিলংয়ে। কলকাতা ছাড়া আরেকটি সেমিফাইনাল হবে শিলংয়ে। সাতটি নতুন দল এবারের ডুরান্ড কাপে অভিষেক করতে চলেছে। তারমধ্যে রয়েছে শ্রীলঙ্কার সশস্ত্রবাহিনীর দল ডিফেন্ডারর্স এফসি এবং মেঘালয়ের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন নংকসে এসএস এবং সিসি।