
ইস্টবেঙ্গলের (East Bengal) কোচ হিসেবে চুড়ান্ত হতেই দলগঠনের কাজে লেগে পড়লেন আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)। বিশেষত বিদেশি ব্রিগেডকে শক্তিশালী করতে একাধিক ফুটবলারের নাম ম্যানেজমেন্টকে দিয়েছেন হাবাস। যার মধ্যে রয়েছেন ২৮ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড এঞ্জো লোপেজ।
প্রায় ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতার এই স্ট্রাইকার শেষ খেলেছেন রোমানিয়ার প্রথম ডিভিশনের ক্লাব 'এফসি বোতোসানি'-র হয়ে। মূলত ডান পায়ের খেলোয়াড় হলেও, বক্সের ভেতরে তিনি অত্যন্ত ভয়ংকর। আর্জেন্টিনার স্পোর্তিভো উরকুইজা এবং প্যাট্রোনাটোর ইয়ুথ সিস্টেম থেকে উঠে আসা এই ফরোয়ার্ডের রক্তেই রয়েছে লাতিন আমেরিকার সেই চেনা ফুটবল আগ্রাসন।
যদিও বর্তমানে এই ফরোয়ার্ড ফ্রি এজেন্ট হিসেবে রয়েছেন। তবে বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেই খবর। আরও বিদেশিদের প্রোফাইল দেখে কথা বলার কাজ সারছেন রিক্রুটাররা। এছাড়া কেরালার ফরোয়ার্ড জেসিন টিকের সঙ্গে ২ বছরের চুক্তি বাড়াল ইস্টবেঙ্গল।
এদিকে যা খবর, আগামী ১১ জুলাই সম্ভবত কলকাতায় ফিরছেন হাবাস। সেক্ষেত্রে ১২ জুলাই থেকে হয়ত ইস্টবেঙ্গলের ডুরান্ড কাপের অনুশীলনে যোগ দিতে পারেন স্প্যানিশ কোচ। সেক্ষেত্রে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ নাগাদ ডুরান্ড কাপের প্রস্তুতি শুরু করবে লাল-হলুদ ব্রিগেড।
ইস্টবেঙ্গল খেতাব ধরে রাখার পাশাপাশি এএফসি কাপে খেলতে নামবে। ফলে শক্তিশালী দল গঠন করা খুব জরুরী। বিশেষ করে এএফসি কাপের জন্য। অনেক শক্তিশালী দল, লাল-হলুদের বিরুদ্ধে খেলতে নামবে। এর উপর ভারতের দায়িত্ব থাকবে লাল-হলুদের ফুটবলারদের উপর।
এর মধ্যেই ইস্টবেঙ্গল ক্লাব আর্কাইভের নতুন দুটো ঘর বৃস্পতিবার ২ জুলাই ২০২৬ উদ্বোধন হলো I উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ডা: ইন্দ্রনীল খাঁ I ক্লাব তাঁবুতে ক্রীড়ামন্ত্রীকে স্বাগত জানালো ইস্টবেঙ্গল স্কুল অফ এক্সসিলেন্সের ক্ষুদে শিক্ষার্থীরা I ক্লাব থেকে ক্রীড়ামন্ত্রীকে পুস্পস্তবক, শাল, ক্লাব স্মারক, মিষ্টির হাঁড়ি দিয়ে সম্মানিত করা হল I উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট মুরারি লাল লোহিয়া, সহ সভাপতি কল্যাণ মজুমদার, ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি, দেবব্রত সরকার, আটলেটিক্স কর্তা দীপঙ্কর চক্রবর্তী I