
নাওরেম মহেশ সিং-এর চোট নিয়ে আশঙ্কার মধ্যেই ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সুখবর! সবকিছু ঠিকঠাক চললে অবশেষে বৃহস্পতিবার ভিসা হাতে পেতে পারেন লাল-হলুদের নতুন বিদেশি ইউসেফ এজেঞ্জারি। সেটা হলে শুক্রবারই সম্ভবত কলকাতায় চলে আসতে পারবেন এই বিদেশি ফরওয়ার্ড।
প্রসঙ্গত এর আগে কাগজের সমস্যার কারণে গত শুক্রবার ভিসা বাতিল হয় ইউসেদের। সেদিনই তিনি নতুন করে আবার ভিসার আবেদন করেন। শুক্রবারের মধ্যে তিনি চলে এলে, রবিবারের অনুশীলন ম্যাচেও সম্ভবত তাঁকে কিছুটা সময় দেখে নেবেন কোচ অস্কার ব্রুজো।
হোম ম্যাচ কিশোর ভারতীতে
সূত্র মারফত জানা যাচ্ছে, শুধুমাত্র কলকাতা ডার্বি ছাড়া নিজেদের বাকি সমস্ত হোম ম্যাচ কিশোর ভারতীতে খেলবে ইস্টবেঙ্গল। এছাড়া খসড়া সূচি অনুযায়ী মহমেডানের বিরুদ্ধে ম্যাচ ইস্টবেঙ্গলের জামশেদপুরে গিয়েই খেলার কথা। তবে সূত্র মারফত জানা যাচ্ছে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষের তরফ থেকে এই ব্যাপারে মহমেডানের সঙ্গে যোগাযোগ করা হবে। লাল-হলুদ ম্যানেজমেন্ট এই ম্যাচটি যুবভারতীতে খেলতে চাইছে।
কলকাতা ডার্বি কোথায় অনুষ্ঠিত হবে?
শুধু তাই নয়, এই মিনি ডার্বিতে যা খরচ হবে তাও তারাই বহন করবে। পাশাপাশি কলকাতা ডার্বি যাতে যৌথভাবে আয়োজন করা যায় সেই ব্যাপারে ইমামি কর্তৃপক্ষ বাগান ম্যানেজমেন্টের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছে। এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কী হয় এখন সেটাই দেখার বিষয়। অন্যদিকে এদিন ইস্টবেঙ্গল অনুশীলনে যোগ দিলেন নতুন ভারতীয় ফুটবলার জেরি মাউইয়া। তবে সূত্র মারফত জানা যাচ্ছে তাঁর ফিটনেস খুব একটা ভাল জায়গায় নেই। ফলে তাঁকে নিয়ে অনেকটা খাটতে হবে টিম ম্যানেজমেন্টকে। সময় কম, ফলে চাপ বাড়তে পারে দলের উপর। অস্কার ব্রুজো কীভাবে এই সমস্যা সমাধান করেন সেটাই দেখার।
এদিকে কলকাতার আরেক প্রধান মহমেডান স্পোর্টিংয়ের সঙ্গে আগামী রবিবার অনুশীলন ম্যাচের কথা থাকলেও এই ব্যাপারে কিছুটা ধীরে চলো নীতি নিয়ে চলছে ম্যানেজমেন্ট। আই লিগের দল গোকুলাম কেরালা রাজি হলে তাদের সাথেই রবিবার ক্লাবের মাঠে অনুশীলন ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল।