
কলকাতা ডার্বি দিয়েই শুরু হচ্ছে এবারের ডুরান্ড কাপ। ২৫ জুলাই যুবভারতীতে বিকেল পাঁচটায় শুরু হবে এই উদ্বোধনী ম্যাচ। এবারের প্রতিযোগিতায় দুই প্রধানকেই গ্রুপ এ-তে রাখা হয়েছে। এছাড়াও এই গ্রুপে রয়েছে সাউথ ইউনাইটেড এফসি ও সিআইএসএফ। এখনও পর্যন্ত দুই প্রধানের সিনিয়র দল অনুশীলনে নামেনি। ঘোষণা হয়নি তাঁদের এই মরসুমে নতুন কোচের নাম। এমন পরিস্থিতিতে জানা গিয়েছে, ইস্টবেঙ্গলের তরফে ডার্বি পিছনোর আবেদন করে একটি চিঠি দিয়েছে আয়োজকদের।
মোহনবাগান এখনও পর্যন্ত চিঠি না দিলেও পরিস্থিতির উপর নজর রাখছে। এই গ্রুপের ডার্বি ছাড়াও অন্য ম্যাচে ৩১ জুলাই ইস্টবেঙ্গল মুখোমুখি হবে সিআইএসএফের। ৪ আগস্ট মোহনবাগান মুখোমুখি হবে সাউথ ইউনাইটেডের। ৭ আগস্ট ইস্টবেঙ্গল নামছে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে। ১০ আগস্ট মোহনবাগান নামবে সিআইএসএফের বিরুদ্ধে। এদিকে আনোয়ার ইস্যু ১৮ সেপ্টেম্বর ক্যাসে উঠতে চলেছে। দীর্ঘ আড়াই বছর ফেডারেশনের গড়িমসি দেখে মোহনবাগান দ্বারস্থ হয়েছিল ক্যাসের। আপাতত তাদের আবেদন মঞ্জুর করে হেয়ারিংয়ের দিন ধার্য করেছে সংস্থাটি।
একই গ্রুপে দুই প্রধান
একই গ্রুপে রয়েছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। তারা রয়েছে গ্রুপ এ-তে। সেই গ্রুপের বাকি দুটি দল হল সিআইএসএফ প্রোটেক্টরস এবং সাউথ ইউনাইটেড ফুটবল ক্লাব। ইতিমধ্যেই ডুরান্ডের সূচি সামনে চলে এসেছে। দেখা যাচ্ছে, টুর্নামেন্ট শুরুই হচ্ছে কলকাতা ডার্বি দিয়ে। হ্যাঁ, আসন্ন ডুরান্ড কাপ শুরু হতে চলেছে কলকাতা ডার্বির মধ্য দিয়ে।
এবারের টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশ নিচ্ছে। সবকটি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। তার মধ্যে গ্রুপ এ-তে রয়েছে দুই জায়েন্ট। তাই কলকাতার দুই প্রধানের মধ্যে হাইভোল্টেজ ম্যাচ দিয়েই শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট।
মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ম্যাচ কবে?
২৫ জুলাই, শনিবারঃ মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (যুবভারতী ক্রীড়াঙ্গন, বিকেল ৫টা)
৩১ জুলাই, শুক্রবারঃ ইস্টবেঙ্গল বনাম সিআইএসএফ প্রোটেক্টরস (কিশোর ভারতী ক্রীড়াঙ্গন, সন্ধ্যা ৭.৩০ মিনিট)
৪ অগাস্ট, মঙ্গলবারঃ মোহনবাগান বনাম সাউথ ইউনাইটেড ফুটবল ক্লাব (যুবভারতী ক্রীড়াঙ্গন, সন্ধ্যা ৭টা)
৭ অগাস্ট, শুক্রবারঃ ইস্টবেঙ্গল বনাম সাউথ ইউনাইটেড ফুটবল ক্লাব (যুবভারতী ক্রীড়াঙ্গন, সন্ধ্যা ৭টা)
১০ অগাস্ট, সোমবারঃ মোহনবাগান বনাম সিআইএসএফ প্রোটেক্টরস (কিশোর ভারতী ক্রীড়াঙ্গন, বিকেল চারটে)