
সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে জয় সত্বেও আত্মতুষ্ট নন কোচ লিওনেল স্কালোনি ও অধিনায়ক লিওনেল মেসি। দু'জনেই মনে করছেন, বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে হলে আরও উন্নতি করতে হবে এবং প্রতিটি ম্যাচে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে।
জানতাম লড়াই কঠিন হবে
ম্যাচ শেষে স্কালোনি বলেন, 'আমরা জানতাম কষ্ট করতে হবে। লড়াই আমাদের রক্তে, আমাদের ডিএনএর অংশ। কঠিন সময়ে শক্ত থাকতে পারাটাই এখন আমাদের সবচেয়ে বড় শক্তি।' তিনি জানান, ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা দলকে আরও পরিণত করেছে। তবে বাস্তব মেনে নিয়ে তিনি স্বীকার করেন, 'আমাদের উন্নতির জায়গা রয়েছে। সেমিফাইনালের আগে পারফরম্যান্স বিশ্লেষণ করে ভুল শুধরে নিতে হবে। সুইজারল্যান্ডের প্রশংসা করে স্কালোনি বলেন, 'প্রতিপক্ষ একের বিরুদ্ধে এক লড়াইয়ে আর্জেন্টিনাকে ভুগিয়েছে এবং টানা কয়েকটি পাস খেলাও কঠিন হয়ে উঠেছিল।
তবু বেঞ্চের ফুটবলারদের অবদানই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়।' তিনি বিশেষভাবে প্রশংসা করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার-এর। অতিরিক্ত সময়ে আলভারেজ ও লাউতারো মার্টিনেজের গোলে জয় নিশ্চিত হয়।
অন্যদিকে মেসি বলেন, 'এই দলটা কখনও বিশ্বাস হারায় না।, কেপ ভার্দে, মিশর এবং সুইজারল্যান্ড প্রতিটি ম্যাচেই কষ্ট করতে হয়েছে, কিন্তু আমরা লড়াই করে জিতেছি। আমরা আবার বিশ্বের সেরা চার দলের মধ্যে।' বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরও দলের ক্ষিদের প্রশংসা করে তিনি বলেন, 'সবকিছু জেতার পরও আমরা প্রতিদিন নতুন করে লড়াই করছি।'
সেমিফাইনালে ইংল্যান্ডকে সামনে রেখে মেসির মন্তব্য, 'ইংল্যান্ড ফুটবলের মহাশক্তি। তাদের বিরুদ্ধে প্রথমবার খেলব। প্রতিপক্ষকে নয়, নিজেদের খেলাতেই মন দিচ্ছি।' একই সুর স্কালোনির কণ্ঠেও। তাঁর বার্তা, 'এটাও আর একটি ফুটবল ম্যাচ। শরীরের শেষ ঘামের বিন্দু পর্যন্ত লড়ব। জয় এলে দারুণ, না এলেও লড়াইয়ে কোনও খামতি থাকবে না।'
বিশ্রামে মেসিরা
সেমিফাইনালের আগে হাতে খুব বেশি সময় নেই আর্জেন্টিনার। এর মধ্যেই ফুটবলারদের রিকভারি করে নতুনভাবে প্রস্তুত হতে হবে ইংল্যান্ডের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য। আর তাই অনুশীলনে নামলেন না সুইজারল্যান্ড ম্যাচে খেলা আর্জেন্টাইন ফুটবলাররা, জিম সেশনে গা ঘামালেন মেসি-আলভারেজরা।