
কাতারে প্রথম ম্যাচ হেরে বিশ্বকাপ জয় আর্জেন্টিনার প্রতি প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে আয়োজিত আসন্ন বিশ্বকাপে তাই আবার জয়ের ধারা বজায় রাখতে মরিয়া লিওনেল মেসির দল। এটা তাঁর শেষ বিশ্বকাপ। ফলে কেরিয়ার দারুণভাবে শেষ করতে চাইবেন আর্জেন্টাইন সুপারস্টার। এর মধ্যেই স্কালোনি ঘোষণা করে দিলেন দল।
মেসিকে ঘিরে অবশ্য শঙ্কাও আছে। টুর্নামেন্টের দুই সপ্তাহ আগে ইন্টার মায়ামির ম্যাচে বাঁ হ্যামস্ট্রিংয়ে পেশি ক্লান্তির কারণে তিনি মাঠ ছাড়েন, তবে স্কালোনি তাঁকে দলেই রেখেছেন। অভিজ্ঞতার শেষ আলোটুকু জ্বালিয়ে রাখার বাজি।
স্কোয়াডে কারা
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, হেরোনিমো রুলি, হুয়ান মুসো।
ডিফেন্ডার: লিওনার্দো বালের্দি, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নাহুয়েল মলিনা।
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, ভ্যালেন্তিন বারকো, জিওভানি লো সেলসো, এক্সেকিয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ।
ফরোয়ার্ড: হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, নিকো পাজ, হোসে ম্যানুয়েল লোপেজ, লাউতারো মার্তিনেজ।
পুরনো স্তম্ভ, নতুন মুখ
২০২২-এর নায়ক মার্তিনেজ-রোমেরো-ডি পল-এনজো ফার্নান্দেজ দলে আছেন। তাদের সঙ্গে যোগ হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদে ঝলক দেখানো থিয়াগো আলমাদা, কোমোতে ব্রেকআউট করা ২০ বছর বয়সী নিকো পাজ এবং দিয়েগো সিমিওনের ছেলে জিউলিয়ানো সিমিওনে গতি আর প্রেসিংয়ে নতুন মাত্রা। পাওলো দিবালা ও আনহেল দি মারিয়াকে বাদ দেওয়া হয়েছে। স্কালোনি স্পষ্ট বার্তা দিয়েছেন, ফর্ম ও ফিটনেসই শেষ কথা।
কোন কৌশলে খেলতে পারে আর্জেন্টিনা
আর্জেন্টিনা মূলত ৪-৩-৩ খেলবে — দিবু মার্তিনেজের সামনে রোমেরো-ওতামেন্দি জুটি, দুই ফুলব্যাক মলিনা ও তাগলিয়াফিকো। মাঝে ম্যাক অ্যালিস্টার-এনজো-ডি পল ত্রয়ী বল ধরে রাখা ও ট্রানজিশনে মূল ভরসা। সামনে মেসি ডান থেকে ভেতরে ঢুকবেন, বাঁয়ে আলমাদা বা গঞ্জালেস, সেন্টারে আলভারেজ-লাউতারো পালাবদল।
কাদের বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা?
আলবিসেলেস্তে পড়েছে গ্রুপ J-তে প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। প্রথম ম্যাচ ১৭ জুন ক্যানসাস সিটিতে আলজেরিয়ার বিরুদ্ধে। ফলে কার্যত সহজ প্রতিপক্ষই পেয়েছে আর্জেন্টিনা। রাউন্ড অফ ৩২টে যেতে খুব বেশি বেগ পেতে হবে না লিওনেল মেসিদের।