
আর মাত্র কয়েক ঘন্টা পরেই বিশ্বকাপ (FIFA World Cup 2026) অভিযান শুরু করবে ব্রাজিল (Brazil)। কঠিন প্রতিপক্ষ মরক্কোর (Morocco) বিরুদ্ধে এই ম্যাচের আগে নিজেদের ফেভারিট বলে মানতে চাইছেন না দলেরই গোলকিপার। আলিসন বেকারের (Alison Becker) মন্তব্যে ঝড় উঠেছে ব্রাজিল সমর্থকদের মধ্যে। ফেভারিট হওয়ার কোনও সুবিধাও নেই বলে, মনে করেন ব্রাজিলের গোলকিপার।
ফেভারিট হলেও কোনও লাভ হয় না
নিউ জার্সিতে ব্রাজিলের টিম হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৩৩ বছর বয়সি আলিসন বলেন, ‘ফেভারিটের তালিকায় থাকলেও কারও জন্য শিরোপার কোনো নিশ্চয়তা নেই। এটি দলের ওপর বাড়তি চাপ তৈরি করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, প্রথম ম্যাচের আগে দলের অবস্থা কেমন আছে। আমরা পুরোপুরিভাবে প্রস্তুত।’
ডিফেন্স নিয়ে সমস্যা
দীর্ঘদিন ধরে রক্ষণভাগ ভোগাচ্ছে ব্রাজিলকে। বাছাই পর্বে ১৭ গোল হজম করেছে তারা। আলিসন জানান, ৬৭ বছর বয়সি আনসেলোত্তির দলের রক্ষণভাগ উন্নতির জন্য তীক্ষ্ম নজর দিচ্ছেন। আলিসন বলেন, ‘আমরা যা গোল হজম করেছি, এরমধ্যে বেশ কিছু গোল এড়ানো যেত। আনসেলোত্তির অধীনে আমরা সেটা নিয়ে কাজ করছি। দলে আক্রমণভাগে ভালো হওয়ায়, আমাদের গোল করার যথেষ্ট সুযোগ সবসময়ই থাকবে। কিন্তু যেখানে সমস্যা আছে, সেগুলো দূর করতে হবে।’
আনসেলোত্তি আগে এলে ভাক হত
বাছাই পর্বের শুরুটা খারাপ হলেও আনসেলোত্তি দায়িত্ব নেয়ার পর ব্রাজিলের সবকিছু ভালো হতে শুরু করেছে বলে মনে করেন আলিসন। তিনি বলেন, ‘বাছাই পর্বের চক্রটা বেশ কঠিন ছিল। আমরা সেটা গভীরভাবে অনুভব করেছি। কিন্তু আনসেলোত্তি আসার পর সবকিছু ভালো হতে শুরু করল। দলের মধ্যে তার বড় প্রভাব রয়েছে। শান্তভাবে কাজ করার সুযোগ তৈরি করে দেন তিনি।’
বিশ্বকাপের আগে বেশ কয়েকবার চোটের কবলে পড়েন আলিসন। তবে এখন নিজেকে শতভাগ ফিট বলে দাবি করন তিনি। নিজের তৃতীয় বিশ্বকাপ খেলতে নামার আগে আলিসন বলেন, ‘আমি খেলার জন্য ফিট আছি। সুযোগ আসলে দলের জন্য নিজেকে উজাড় করে দেব। আমাদের প্রধান লক্ষ্য শিরোপা জয় করা।’